ফারহান তানভীর :
বাংলা চলচ্চিত্রের একসময়ের আলোচিত দুই মুখ নাসরিন আক্তার নার্গিস ও মুনমুন। একটা সময় তাদের উপস্থিতিই পর্দা কাঁপিয়েছে।১৯৯২ সালে লাভ'সিনেমা দিয়ে নাসরিন এবং ১৯৯৬ সালে `মৌমাছি’ সিনেমা দিয়ে মুনমুন চলচিত্র জগতে আসেন। এখন পর্যন্ত মুনমুন প্রায় ৯০ টি এবং নাসরিন ৫০০ এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে দুজনেই অভিনয়ের বাহিরে থাকলেও আজ তারা আবার পত্রিকায় এসেছে।না, কোনো নতুন সিনেমা নয় বরং বহুদিন পর তাদের পুনর্মিলনের আবেগঘন এক ভিডিওর জন্যই তারা আজ আবার পত্রিকায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো একটি ভিডিওতেই ধরা পড়েছে বহুদিন পর এই দুই তারকার দেখা হওয়ার সেই মুহূর্ত।

ভিডিওটি পোস্ট করেছেন নাসরিন নিজেই আর ক্যাপশনে লিখেছেন-বগুড়ার চারমাথায় হঠাৎ করেই দেখা হয়ে গেল মুনমুনের সঙ্গে। প্রায় আট মিনিটের সেই ভিডিওতে শুরু থেকেই ছিল আবেগ, হাসি, আর স্মৃতিচারণের গল্প। দীর্ঘদিন পর দেখা, তাও আবার এমন অপ্রত্যাশিতভাবে-ঘটনাটা যে দুজনকেই ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে, সেটা তাদের কথাবার্তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিলো। ভিডিওতে তারা জানান, সর্বশেষ তাদের দেখা হয়েছিল ২০১৯ সালে এফডিসিতে। ভিডিওর শুরুর দিকেই নাসরিন একটি মজার স্মৃতি ভাগ করেছিলেন। তিনি বলেছিলেন, একসময় মুনমুনের ভাইকে তার ভালো লাগত, এমনকি মুনমুনকে সরাসরি বলেও ফেলেছিলেন-‘আমাকে তোমার ভাবি বানাও।’ তবে মুনমুন তখন হাসতে হাসতেই নাকি বলেছিলেন, ‘না না, তুমি অনেক বেশি সুইট।’ নাসরিন আবার নিজেই বলেন,আশ্চর্যের ব্যাপার হচ্ছে বর্তমানে মুনমুনের ভাইয়ের স্ত্রীর নামও নাসরিন! এরপর অবশ্য মুনমুনও বলেন, যদি সত্যিই নাসরিন তার ভাইয়ের স্ত্রী হতেন, তাহলে দুজনের সম্পর্ক আরও গভীর হতো-সব জায়গায় একসঙ্গে যাওয়া, একসঙ্গে সময় কাটানো-সবকিছুই হতো জোড়ায় জোড়ায়।

হাসি-ঠাট্টার অংশ পেরিয়ে এরপর তারা চলে যান ব্যক্তিগত জীবনের গল্পে। মুনমুন জানান, তার চার ছেলে এবং বর্তমানে তিনি ডিভোর্সি। অন্যদিকে নাসরিনের রয়েছে দুই সন্তান। মুনমুনের মুখ থেকেই অবশ্য শোনা গিয়েছিলে,নাসরিন কতটা সাংসারিক মানসিকতার।বর্তমানে মুনমুনের ছোট দুই ছেলের দেখাশোনা তার ভাই-ই করেন।স্মৃতিচারণ শুধু ভিডিওতেই থেমে থাকেনি। আলাদা করে দুজনেই নিজেদের ফেসবুক প্রোফাইলে ছবিও পোস্ট করেছেন। নাসরিন একটি সেলফির সঙ্গে লিখেছেন-‘জীবনের হিসাব মিলেনা।’হয়তোবা জীবনের নানারকম উত্থান-পতন বুঝাতেই এমন লিখেছেন তারা। অন্যদিকে মুনমুনও লিখেছেন-পথে দেখা হওয়া সেই মুহূর্তে কত কথা জমে ছিল, কত স্মৃতি একসাথে ফিরে এসেছে। সময়ের স্বল্পতায় সব বলা না হলেও, অনুভূতির গভীরতা স্পষ্ট হয়ে উঠেছে তার প্রতিটি লাইনে।

একসময় এই দুই তারকা `লন্ডভন্ড’, ‘খালাস’, ‘ঘাড়ত্যাড়া’, ‘ডান্ডা মেরে ঠান্ডা’-সহ একসাথে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। সেসব সিনেমার সেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের বন্ধুত্ব-সবকিছুই যেন এক মুহূর্তে ফিরে এসেছিল গত সাক্ষাতে।ভিডিওটি দর্শকদের মাঝে কতটা সাড়া ফেলেছে তা বোঝা যায় ভিউ দেখলেই।নাসরিনের অন্যান্য ভিডিওগুলোতে যেখানে গড়ে ১২-১৫ হাজার ভিউ হতো,সেখানে মাত্র ১৭ ঘন্টাতেই এই ভিডিও ছাড়িয়েছে ১.৫ মিলিয়ন ভিউস। দর্শকদের এই চাহিদাই হয়তো বলে দেয়,নিজেদের সময়ে তারা দুজন কতটা প্রভাবশালী অভিনেত্রী ছিলেন।