রজনীকান্তের `জেলার-২’ থেকে সড়ে দাঁড়ালেন বলিউড বাদশাহ শাহরুখ খান…

ফারহান তানভীর :

ভারতীয় সিনেমার দুই মহাতারকা শাহরুখ খান ও রজনীকান্ত। বর্তমানে দুজনেই তাঁদের আসন্ন সিনেমা নিয়ে বেশ আলোচনায় আছেন। শাহরুখ একক একটি সিনেমা `কিং’-এ অভিনয় করলেও রজনীকান্ত আনছেন একটি সিক্যুয়েল সিনেমা `জেলার-২।’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা `জেলার’ ব্যাপক সাড়া পাওয়ার পর পরিচালক নেলসন দিলিপকুমার এবং নায়ক রজনীকান্ত সিদ্ধান্ত নিয়েছেন `জেলার-২’ নিয়ে আসার।সেই আবহেই শোনা গিয়েছিল একটি চমকপ্রদ সম্ভাবনার কথা-দক্ষিণী ব্লকবাস্টার এই সিক্যুয়েল জেলার-২ এ নাকি বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে বলিউডের ‘কিং খান’ তথা শাহরুখ খান-কে। খবরটি শাহরুখ ভক্তদের মাঝে যেমন উন্মাদনা সৃষ্টি করেছিল,তেমনই করেছিল রজনী ভক্তদের মাঝেও।কিন্তু এবার শোনা যাচ্ছে,বিশেষ সেই উপস্থিতি থেকে সড়ে দাঁড়িয়েছেন শাহরুখ খান।

বামে সুপারস্টার রজনীকান্ত এবং ডানে শাহরুখ খান

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, জেলার ছবির নির্মাতারা শাহরুখ খানের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্র পরিকল্পনা করেছিলেন একজন পুলিশ হিসেবে যার শুটিং সময় নির্ধারণ করা হয়েছিল প্রায় পাঁচ দিনের মতো। শুরুতে নাকি এই প্রস্তাবে সম্মতিও জানিয়েছিলেন শাহরুখ। কিন্তু পরে তিনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। শাহরুখ বরাবরই তাঁর প্রতিটি উপস্থিতিকে আলাদা মাত্রা দিতে চান আর সেই জায়গা থেকেই তিনি মনে করেছেন, সীমিত পরিসরের ক্যামিও হয়তো তাঁর বর্তমান অবস্থানের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। পাশাপাশি তাঁর ব্যস্ত শিডিউলও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা যায়।তবে এটাও জানা গেছে, শাহরুখ নিজেই রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ জেলারে তাঁকে না দেখা গেলেও ভবিষ্যতের কোনো বড় সহযোগিতায় দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা এখনও আছে।

কিং সিনেমার পোস্টার

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তাঁর বহুল প্রতীক্ষিত ছবি King-এর কাজে, যেটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে তাঁকে একেবারেই ভিন্ন এক লুকে দেখা যাবে বলে জানা গেছে। শাহরুখ চাননি, সেই নতুন লুক দর্শক আগেই অন্য কোনো ছবির মাধ্যমে দেখে ফেলুক। এমনকি তিনি নাকি অনুরোধও করেছিলেন, ‘জেলার ২’-এর মুক্তি যেন ‘কিং’-এর পরে করা হয়। কিন্তু নির্মাতারা আগস্টে মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যেখানে ‘কিং’ মুক্তি পাওয়ার কথা বছরের শেষ দিকে। এই সময়ের অমিলও তাঁর সরে দাঁড়ানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

কিং-সিনেমায় শাহরুখ

শাহরুখের সরে দাঁড়ানোর পর নির্মাতারা এখন ওই ক্যামিও চরিত্রের জন্য নতুন বিকল্প খুঁজছেন। ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে, বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশন। এতে রজনীকান্তের পাশাপাশি রামায়া কৃষ্ণান,যোগী বাবু এবং শিবারাজকুমার-এর ফেরার সম্ভাবনাও রয়েছে। নতুন সংযোজন হিসেবে বিজয় সেতুপতি,জতিন স্বর্ণা এবং সূর্য ভেনগারামোদু-এর নামও শোনা যাচ্ছে।

আল্লু অর্জুনের রাকা সিনেমার পোস্টার

অন্যদিকে ‘কিং’ ছবিকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। সেখানে শাহরুখ খানের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন,অভিষেক বচ্চন,জ্যাকি শ্রফ, এরশাদ ওয়ার্সি এবং রাঘব জুয়াল। সবচেয়ে বড় আকর্ষণ হলো-এই ছবির মাধ্যমেই বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খান-কে। তবে আরো একটি চমকপ্রদ এবং দীর্ঘ প্রত্যাশিত একটি জুটির খবরও ছড়িয়ে পড়েছে,যদিও অফিসিয়াল কোনো নিউজ এখনো শোনা যায়নি।জেলার-২ এদ ক্যামিও প্রত্যাখ্যান করলেও আল্লু অর্জুন ও অ্যাটলি সম্ভাব্য সিনেমা ‘RAAKA’-তে ক্যামিও দিতে পারেন শাহরুখ। সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৭ সালে। যদি তা সত্য হয় তাহলে হয়তোবা সিনেমাপ্রেমীরা নতুন ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে।