দর্শকের ভালোবাসায় নত শাকিব খান! কি ভাবেন তিনি ভক্তদের নিয়ে?

ফারহান তানভীর :

বর্তমান সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে শাকিব খান এখন শুধু একজন নায়কের নাম নন, তিনি পুরো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ব্র্যান্ড। সাম্প্রতিক বছরগুলোতে ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘দরদ’, ‘বরবাদ’-একের পর এক আলোচিত সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, দুই দশকের বেশি সময় ধরে শীর্ষে থাকার পরও নিজেকে নতুনভাবে উপস্থাপন করার ক্ষুধা তার কমেনি। বিশেষ করে ‘বরবাদ’ শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, বাংলাদেশের সিনেমার বক্স অফিসেও নতুন ইতিহাস গড়েছে। সিনেমাটি মধ্যরাতের বিশেষ শো চালু করা থেকে শুরু করে টানা কয়েক সপ্তাহ হাউজফুল প্রদর্শনের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের বাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

সাম্প্রতিককালে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘কেউ যদি বলে “আওয়ার মেগাস্টার শাকিব খান”, ভালো লাগে। কিং খান, সুপারস্টার-যে যে নামেই ডাকে, আমি এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ হই। দেশের-বিদেশের বাঙালিরা যখন বলে “আমাদের হিরো, আমাদের শাকিব খান”, তখন মনে হয় এটাই সবচেয়ে বড় সম্মান। অনেক সময় একা বসে এসব ভাবলে অজান্তেই চোখে পানি চলে আসে।’

শাকিবের এই অনুভূতির পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। কারণ একজন অভিনেতাকে ‘মেগাস্টার’ কোনো উপাধি বানায় না, বানায় দর্শক। আর সেই দর্শকের ভালোবাসাই আজও শাকিব খানকে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহ দিচ্ছে। গত কয়েক বছরে তিনি কেবল বাণিজ্যিক সিনেমার নায়ক হিসেবেই থাকেননি, নির্মাতা নির্বাচনেও এনেছেন বড় পরিবর্তন। নতুন প্রজন্মের নির্মাতাদের ওপর আস্থা রেখে তিনি ভিন্ন ধরনের গল্পে কাজ করছেন। মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে ‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও নতুন একটি সিনেমায় কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। গুঞ্জন অনুযায়ী তাদের সেই কাজের নাম হতে পারে `নিঃস্ব।’ একই সঙ্গে রায়হান রাফির সঙ্গেও নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, যা শাকিবকে নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

গত কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’-এ তাকে সম্পূর্ণ নতুন লুকে দেখা গেছে।এর আগে আমাদের দেশে সেভাবে কোনো মিউজিক্যাল স্টোরির ছবি দেখা যায়নি। অর্থাৎ তিনি এখন একই সঙ্গে অ্যাকশন, রোমান্স, পিরিয়ড ক্রাইম ও মিউজিক্যাল-বিভিন্ন ঘরানার সিনেমায় কাজ করে নিজের পরিসর আরও বিস্তৃত করছেন।এ কারণেই শাকিব খানের কাছে ‘মেগাস্টার’ শব্দটির চেয়েও বড় হয়ে উঠেছে ‘আমাদের শাকিব খান’ সম্বোধনটি। কারণ একটি পুরস্কার হয়তো একটি সময়ের অর্জন কিন্তু দর্শকের ভালোবাসা বছরের পর বছর ধরে অর্জন করতে হয়।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে থাকা বাঙালিরাও যখন তার নতুন সিনেমার অপেক্ষায় থাকেন, তখন একজন শিল্পীর কাছে সেটাই সবচেয়ে বড় স্বীকৃতি। তাই কোটি দর্শকের ভালোবাসার কথা মনে পড়লে তার চোখ ভিজে ওঠা অবাক করার মতো কিছু নয়; বরং সেটাই প্রমাণ করে, পর্দার সুপারস্টারের ভেতরেও একজন আবেগী মানুষ বাস করেন।