শাহরুখের ছোঁয়ায় ক্রিকেট পেল নতুন ঠিকানা!

ফারহান তানভীর :

বলিউডের ‘কিং খান’ হিসেবে পরিচিত শাহরুখ খান বহু বছর ধরেই সিনেমার পাশাপাশি ক্রিকেট জগতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক হিসেবে যাত্রা শুরু করলেও এখন তার ‘নাইট রাইডার্স’ ব্র্যান্ড বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বিস্তৃত। সেই যাত্রায় এবার যোগ হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়। প্রথমবারের মতো নিজেদের দেশের বাইরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে নাইট রাইডার্স গ্রুপ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেজর লিগ ক্রিকেটের দুই দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেও। অনুষ্ঠানে তিনি বলেন, বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। তার মতে, বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলাকে লস অ্যাঞ্জেলেসের মতো একটি বৈশ্বিক শহরে প্রতিষ্ঠিত করতে পারা নাইট রাইডার্স পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও জানান, এই ভেন্যু কেবল ক্রিকেট খেলার মাঠ হিসেবে নয়, বরং এমন একটি পারিবারিক ও সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে যেখানে মানুষ খেলাধুলা, বিনোদন এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে। ভবিষ্যতে এখান থেকেই যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক মান অনুসরণ করে নির্মিত এই স্টেডিয়ামে মূল স্কয়ারে রয়েছে আটটি ম্যাচ উইকেট। মাঠের পরিমাপও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা অনুযায়ী তৈরি করা হয়েছে। রাতের ম্যাচ আয়োজনের জন্য স্থাপন করা হয়েছে প্রায় ১২০ ফুট উচ্চতার ছয়টি অত্যাধুনিক ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণের সময় ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এখানে আরও দর্শকসুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো এবং ক্রিকেট-সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোর এই প্রকল্পকে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ভিশনের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি কেবল একটি স্টেডিয়াম নয়, বরং বিশ্বব্যাপী ক্রিকেটের বিস্তারের প্রতীক। একটি বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে নিজস্ব আন্তর্জাতিক স্টেডিয়াম পরিচালনার মাধ্যমে নাইট রাইডার্স নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি মন্তব্য করেন।উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। ম্যাচে শেষ পর্যন্ত ওয়াশিংটন ফ্রিডম লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ছয় উইকেটে হারালেও ফলাফলের চেয়ে বেশি আলোচনায় ছিল নতুন ভেন্যুর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো টানা কয়েকদিন আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পোমোনার এই নতুন স্টেডিয়াম।বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে চারটি বড় ফ্র্যাঞ্চাইজি-আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স, সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০-র আবুধাবি নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এই চারটি দল মিলিয়ে এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে প্রতিষ্ঠানটি। শুধু দল পরিচালনাই নয়, এবার নিজস্ব আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে শাহরুখ খানের নেতৃত্বাধীন এই গ্রুপ প্রমাণ করে দিল, তারা ক্রিকেটকে বৈশ্বিক পরিসরে ছড়িয়ে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার আগে যুক্তরাষ্ট্রে ক্রিকেট অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সেই দৌড়ে নাইট রাইডার্স গ্রুপের এই উদ্যোগ শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং আমেরিকায় ক্রিকেটের ভবিষ্যতের জন্যও একটি বড় মাইলফলক হয়ে থাকবে।