ফারহান তানভীর :
ঈদ মানেই আনন্দ, পরিবার আর বিনোদনের বাড়তি আয়োজন। আর সেই উৎসবকে ঘিরে দেশের টেলিভিশন চ্যানেলগুলোও সাজিয়েছে সিনেমার রঙিন আসর। এবারের ঈদে ছোট পর্দার দর্শকদের জন্য থাকছে অ্যাকশন, রোমান্স, থ্রিলার ও পারিবারিক গল্পের নানা চলচ্চিত্র। চার দিনের এই আয়োজনে সবচেয়ে বেশি দেখা যাবে শাকিব খানকে। পাশাপাশি থাকছেন আফরান নিশো, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান, জিৎ, মান্না ও আরও অনেক জনপ্রিয় তারকা।

ঈদের দিন সকাল থেকেই জমে উঠবে টিভির পর্দা। এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে শাকিব খানের ‘হিরো-দ্য সুপারস্টার’, আর দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ‘প্রিয়তমা’। চ্যানেল আই সকাল ১০টা ১৫ মিনিটে দেখাবে ‘নীল চক্র’। একই সময়ে এনটিভির পর্দায় থাকবে অনন্ত জলিলের ‘কিল হিম’ আর বিকাল ৪টা ২০ মিনিটে দেখা যাবে ‘পেয়ারার সুবাস’। আরটিভি ঈদের প্রথম দিনে রেখেছে শাকিব খানে ‘ক্যাপ্টেন খান’ ও জিতের ‘বাদশা-দ্য ডন’। বাংলাভিশনে সকাল ১০টা ১০ মিনিটে ‘দরদ’ এবং বিকালে দীঘির ‘৩৬-২৪-৩৬’ প্রচার হবে। বৈশাখী টেলিভিশনে দুপুরে থাকছে ‘অগ্নি-২’, আর মাছরাঙা টেলিভিশন দেখাবে রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। নাগরিক টিভি দিনজুড়ে রেখেছে ‘দহন’, ‘দরদ’, ‘ইনসাফ’ ও ‘অন্তরাত্মা’র মতো চারটি সিনেমা। অন্যদিকে দীপ্ত টিভির দর্শকরা দেখতে পারবেন শাকিবের ‘তুমি আমার মনের মানুষ’ ও ‘অগ্নি-২’।

ঈদের দ্বিতীয় দিনের সূচিতেও রয়েছে বড় তারকাদের ভিড়। এটিএন বাংলায় সকাল শুরু হবে ‘বিদ্রোহী’ দিয়ে, পরে প্রচার হবে ‘রাজকুমার’। চ্যানেল আই নিয়ে আসছে ‘প্রিন্স’। এনটিভি ও আরটিভি-দুই চ্যানেলই রেখেছে আলোচিত সিনেমা ‘তুফান’; তবে আরটিভিতে এর সঙ্গে থাকছে ‘জংলি’, আর এনটিভি দেখাবে ‘সর্দারবাড়ির খেলা’। বাংলাভিশনে প্রচার হবে ‘শুটার’, আর বৈশাখী টেলিভিশনে থাকছে ‘শিকারী’। মাছরাঙা টেলিভিশনের দর্শকরা দেখতে পাবেন ‘রাজকুমার’। নাগরিক টিভি দ্বিতীয় দিনে সাজিয়েছে বৈচিত্র্যময় লাইনআপ-‘রোমিও বনাম জুলিয়েট’, ‘দাগি’ ও ‘ওমর’। দীপ্ত টিভি দেখাবে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ এবং ‘তাণ্ডব’।

তৃতীয় দিনের আয়োজনে থাকছে পুরোনো জনপ্রিয়তা আর নতুন সময়ের সিনেমার মিশ্রণ। এটিএন বাংলায় প্রচার হবে ‘রাজা বাবু’ ও ‘নাম্বার ওয়ান শাকিব খান’। চ্যানেল আই দেখাবে ‘সাবা’। এনটিভি নিয়ে আসছে ‘জংলি’ ও ‘সুড়ঙ্গ’। আরটিভির পর্দায় দেখা যাবে ‘নবাব’ এবং মান্না অভিনীত ‘নায়ক’। বাংলাভিশনে থাকছে ‘দাগি’, বৈশাখী টেলিভিশনে ‘দুই বধূ এক স্বামী’ আর মাছরাঙা টেলিভিশনে ‘উৎসব’। নাগরিক টিভির তৃতীয় দিনের আয়োজনও বেশ বড়-‘মুখোশ’, ‘কঠিন প্রতিশোধ’, ‘নবাব’ ও ‘গলুই’। অন্যদিকে দীপ্ত টিভি দেখাবে ‘তুফান’ ও ‘দহন’।

ঈদের চতুর্থ দিনেও কমছে না সিনেমার আমেজ। এটিএন বাংলায় প্রচার হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ও ‘আরো ভালোবাসব তোমায়’। চ্যানেল আই রেখেছে ‘টগর’। এনটিভিতে দেখা যাবে ‘নোলক’ ও ‘রিভেঞ্জ’। আরটিভি দর্শকদের জন্য নিয়ে আসছে ‘রংবাজ’ ও ‘সাপলুডু’। বাংলাভিশনে থাকছে ‘পাংকু জামাই’, বৈশাখী টেলিভিশনে ‘শান’ এবং মাছরাঙা টেলিভিশনে ‘দাগি’। নাগরিক টিভি শেষ দিনের সূচিতে রেখেছে ‘পাষাণ’, ‘পোড়ামন’, ‘শান’ ও ‘দেয়ালের দেশ’। দীপ্ত টিভির পর্দায় থাকবে ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘পোড়ামন ২’।

সব মিলিয়ে এবারের ঈদে টেলিভিশনের পর্দা যেন হয়ে উঠতে যাচ্ছে ছোটখাটো চলচ্চিত্র উৎসব। যারা প্রেক্ষাগৃহে যাওয়ার সুযোগ পাবেন না কিংবা পরিবারের সঙ্গে ঘরে বসেই ঈদের বিনোদন উপভোগ করতে চান, তাঁদের জন্য এই চার দিনের আয়োজন হতে পারে দারুণ উপভোগ্য।