ফারহান তানভীর :
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে শুরু থেকেই ছিল তুমুল আলোচনা, তবে মুক্তির পর প্রথম দিনের কালেকশন, হল রিপোর্ট এবং দর্শক প্রতিক্রিয়া মিলিয়ে এখন অনেকটাই পরিষ্কার-এই ঈদের আসল লড়াইটা স্টার পাওয়ারের নয়, কনটেন্টের।

প্রথম দিনের বক্স অফিস হিসাব বলছে, Prince: Once Upon a Time in Dhaka দর্শক কিংবা সমালোচকদের প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি। শাকিব খানের আগের সিনেমা তান্ডব যেখানে প্রথম দিনে ৪৭টি শো থেকে ৩৬.৭৪ লাখ টাকা আয় করেছিল, এবং বরবাদ ২৭টি শো থেকে ২৯.১৫ লাখ তুলেছিল, সেখানে ‘প্রিন্স’ ৩১টি শো পেয়েও তুলেছে মাত্র ১৬.১৯ লাখ টাকা। প্রতি শো আয় হিসাব করলে পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে-যেখানে আগের সিনেমাগুলোতে প্রতি শোতে প্রায় ১ লাখ টাকার কাছাকাছি আয় ছিল, সেখানে ‘প্রিন্স’ নেমে এসেছে প্রায় অর্ধেকে। যদিও হল রিপোর্টে দেখা গেছে ৩১টির মধ্যে ২৬টি শো হাউজফুল ছিল, তবুও দর্শকদের হল থেকে বের হওয়ার পরের প্রতিক্রিয়া ছিল বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক। অনেকেই মনে করছেন, শাকিব খানের সাম্প্রতিক সফল কাজগুলোর পর এই সিনেমাটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। গল্প বলার দুর্বলতা, ভিএফএক্স ও কালার গ্রেডিংয়ের নিম্নমান-এই বিষয়গুলো বারবার উঠে এসেছে দর্শকের মন্তব্যে। ফলে স্টার পাওয়ারে প্রাথমিক ভিড় তৈরি হলেও, দীর্ঘমেয়াদে এটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

অন্যদিকে, ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে রাক্ষস সিনেমার ক্ষেত্রে। মাত্র ১৪টি শো পেয়েও এটি প্রথম দিনে ১৩.৯৩ লাখ টাকা আয় করেছে, যার মধ্যে ১০টি শো ছিল হাউজফুল। প্রতি শো আয়ের দিক থেকে এটি প্রায় ১ লাখ টাকার কাছাকাছি, যা ইন্ডাস্ট্রির জন্য একটি শক্তিশালী ইঙ্গিত। দর্শকদের প্রতিক্রিয়াতেও এই সিনেমা এগিয়ে-পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং সিয়াম আহমেদের কাজ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। সীমিত শো নিয়েও এই পারফরম্যান্স দেখাচ্ছে, ভালো কনটেন্ট থাকলে দর্শক নিজে থেকেই হলে আসছে।

একইভাবে আফরান নিশোর দম-ও প্রথম দিনেই শক্ত অবস্থান তৈরি করেছে। ২৭টি শো থেকে ৩০.৩৯ লাখ টাকা আয় করে এটি প্রতি শো আয়ের হিসেবে তালিকার শীর্ষে উঠে এসেছে। আফরান নিশোর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।নিশোর আগের সিনেমা দাগি যেখানে ১৮.৭২ লাখে প্রথম দিনের লড়াই থেমে ছিল, সেখানে ‘দম’-এর এই লাফ প্রমাণ করে-শুধু জনপ্রিয়তা নয়, গল্প ও পারফরম্যান্সই এখন মূল চালিকা শক্তি।

মাল্টিপ্লেক্সে সবচেয়ে বড় চমক হয়ে এনেছে বনলতা এক্সপ্রেস । ২১টি শোর মধ্যে ১৭টি হাউজফুল এবং প্রায় সবগুলো শোতেই শক্ত উপস্থিতি নিয়ে এটি প্রথম দিনেই ২০.৪০ লাখ টাকা আয় করেছে। বছরের দ্বিতীয় সর্বোচ্চ মাল্টিপ্লেক্স ওপেনিং হিসেবে এটি ইতিমধ্যেই আলোচনায়। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর অভিনয় এবং ভিন্নধর্মী গল্প দর্শকদের টানছে। ইতিবাচক রিভিউ অব্যাহত থাকলে এই সিনেমাটি লং রানে আরও বড় সাফল্য পেতে পারে।

অন্যদিকে রায়হান রাফির প্রেশার কুকার দেরিতে শো পেলেও প্রথম দিনে ১৪টি শো থেকে ৬.১২ লাখ টাকা আয় করেছে। মাত্র একটি শো হাউজফুল হলেও, দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। ভিন্ন ঘরানার এই সিনেমা ধীরে ধীরে নিজের দর্শক তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবমিলিয়ে প্রথম দিন শেষে সব সিনেমা থেকেই মিশ্র রিভিউ এসেছে দর্শকদের থেকে।শেষ অব্দি এই লড়াইয়ে জিতবে কে তা নির্ভর করছে দর্শকদের উপরেই।তবে সবাই খুশি এটা ভেবে যে দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এবং প্রতিযোগিতাও ভালো হচ্ছে।