ফারহান তানভীর:
সবুজ আহম্মদের লেখা একটি উপন্যাসের নাম হলো `ডিসেম্বরের শহর।’ প্রতি বছর ডিসেম্বর আসলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়,সবাই বিভিন্ন পোস্ট কিংবা রিলসের ক্যাপশনে লিখেন ভালোবাসা নিয়ে বিভিন্ন ক্যাপশন। আর সেখানে ডিসেম্বরের শহর কথাটাও উল্লেখ করেন। কিন্তু সিনেমাপ্রেমীদের জন্য ডিসেম্বর-২০২৬ ভালোবাসার মাস না হয়ে হয়তো হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি মাস। একদিকে মার্ভেলের বহু প্রতীক্ষিত Avengers: Doomsday, অন্যদিকে ডেনিস ভিলেনিউভের Dune: Part Three। একই সময়ে আসছে শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা King। আর এই আন্তর্জাতিক ঝড়ের মাঝেই বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হবে আফরান নিশো অভিনীত সুড়ঙ্গ-২। ফলে প্রশ্নটা এখন একটাই-এত বড় বড় প্রতিপক্ষের ভিড়ে সুড়ঙ্গ-২ কতটা ব্যবসা করতে পারবে?

প্রথমে যদি সুড়ঙ্গ-২ এর কথাই বলা হয়, তাহলে বলতে হবে এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটির সিক্যুয়েল। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুড়ঙ্গ শুধু বক্স অফিসেই সফল হয়নি, বরং আফরান নিশোকে বড়পর্দার তারকা হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল। রায়হান রাফির পরিচালনায় নির্মিত ছবিটিতে নিশোর সঙ্গে ছিলেন তমা মির্জা। ‘মাসুদ’ চরিত্রটি দর্শকদের মাঝে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে সিনেমা মুক্তির অনেকদিন পরও সামাজিক যোগাযোগমাধ্যমে এর আলোচনা চলেছে। ফলে দ্বিতীয় কিস্তির প্রতি দর্শকদের আগ্রহ থাকাটা স্বাভাবিক।
কিন্তু সমস্যা হচ্ছে, সুড়ঙ্গ-২ এমন এক সময়ে আসছে যখন মাল্টিপ্লেক্স বাজারে ভয়ংকর প্রতিযোগিতা থাকবে। বাংলাদেশের মাল্টিপ্লেক্স দর্শকদের বড় একটি অংশ হলিউড ব্লকবাস্টারের নিয়মিত দর্শক। আর সেই দর্শকদের টানতে ডিসেম্বরেই হাজির হচ্ছে Avengers: Doomsday। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এই ছবিটি নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, রবার্ট ডাউনি জুনিয়র এবার আর আয়রন ম্যান নন, বরং ভয়ংকর ভিলেন ডক্টর ডুম চরিত্রে দেখা দিতে পারেন। Avengers: Endgame ইতিহাসের অন্যতম সফল সিনেমা, যার আয় প্রায় ২.৮ বিলিয়ন ডলার। ফলে নতুন অ্যাভেঞ্জার্স সিনেমাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও বড় প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

শুধু মার্ভেলই নয়, একই সময়ে থাকছে Dune: Part Three। প্রথম দুই কিস্তি বিশ্বব্যাপী সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এবং বিজ্ঞান কল্পকাহিনি ঘরানার নতুন মানদণ্ডও তৈরি করেছিল। টিমোথি শ্যালামে, জেনডায়া, ফ্লোরেন্স পিউ, রেবেকা ফার্গুসনের মতো তারকাদের নিয়ে গড়া এই সিরিজের তৃতীয় পর্বকে অনেকেই নতুন প্রজন্মের Lord of the Rings ধরনের সিনেম্যাটিক অভিজ্ঞতা হিসেবে দেখছেন। বিশেষ করে মাল্টিপ্লেক্স দর্শকদের মধ্যে Dune এর জনপ্রিয়তা বাংলাদেশের সাধারণ হল দর্শকদের তুলনায় অনেক বেশি।
অন্যদিকে ভারতীয় সিনেমার বাজারেও রয়েছে বড় চ্যালেঞ্জ। শাহরুখ খান অভিনীত King ইতোমধ্যেই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। Pathaan, Jawan এবং Dunki এর পর শাহরুখের প্রতি দর্শকদের আগ্রহ নতুন উচ্চতায় পৌঁছেছে। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যেতে পারে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ আরও অনেক গুণী তারকাকে। বিভিন্ন সূত্র অনুযায়ী ছবিটির বাজেট ৩০০-৪০০ কোটিরও বেশি হতে পারে। বাংলাদেশের দর্শকদের মধ্যে শাহরুখ খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ফলে King মুক্তি পেলে সেটিও মাল্টিপ্লেক্সের বড় অংশের দর্শক টেনে নিতে পারে।

তবে সবকিছু মিলিয়ে দেখলে সুড়ঙ্গ-২ এর জন্য পরিস্থিতি পুরোপুরি নেতিবাচকও নয়। কারণ বাংলাদেশি দর্শকদের একটি বড় অংশ এখনও স্থানীয় কনটেন্টকেই অগ্রাধিকার দেয়। বিশেষ করে যদি সিনেমার গল্প, ট্রেলার এবং প্রচারণা শক্তিশালী হয়, তাহলে আন্তর্জাতিক সিনেমার ভিড়েও ভালো ব্যবসা করা সম্ভব। এর আগে পরাণ, সুড়ঙ্গ কিংবা তুফান প্রমাণ করেছে যে মানসম্মত দেশীয় সিনেমা দর্শক হলে গিয়ে দেখতেই চায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, Avengers, Dune কিংবা King মূলত শহরভিত্তিক মাল্টিপ্লেক্স দর্শকদের লক্ষ্য করে এগোবে। কিন্তু সুড়ঙ্গ-২ যদি মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও শক্ত অবস্থান তৈরি করতে পারে, তাহলে এর ব্যবসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কারণ আন্তর্জাতিক সিনেমাগুলোর দর্শক ও স্থানীয় বাণিজ্যিক সিনেমার দর্শকের মধ্যে এখনও কিছু পার্থক্য রয়েছে।
তাই ডিসেম্বরের এই সম্ভাব্য লড়াইয়ে সুড়ঙ্গ-২ হয়তো সবচেয়ে বড় বাজেটের সিনেমা নয়, সবচেয়ে আলোচিত বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজিও নয়। কিন্তু এটি এমন একটি ব্র্যান্ড, যার সঙ্গে বাংলাদেশের দর্শকদের আবেগ জড়িয়ে আছে। একদিকে মার্ভেলের ডক্টর ডুম, অন্যদিকে আরাকিসের মরুভূমি, আরেক পাশে শাহরুখ খানের King-এই সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে ‘মাসুদ’ কতটা শক্তভাবে নিজের জায়গা ধরে রাখতে পারে, সেটাই হয়তো ডিসেম্বর ২০২৬-এর সবচেয়ে আকর্ষণীয় বক্স অফিস গল্প হয়ে উঠতে পারে।