ফারহান তানভীর :
ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতে শুরু করেছে আর সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে ছবিটির তৃতীয় গান ‘বিলেত রাজা’। এর আগে প্রকাশিত ‘তুমি ছাড়া’ ও ‘শুদ্ধতার প্রেম’ গান দুটি দর্শকদের কাছে ভালো সাড়া পেলেও, শুরু থেকেই দর্শকদের ধারণা ছিল-এই তৃতীয় গানটিই হতে পারে সবচেয়ে বড় আকর্ষণ। মুক্তির পর সেই ধারণাই যেন আরও জোরালো হয়ে উঠেছে, কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা তুলনামূলকভাবে বেশি।

গানটির মূল আকর্ষণে রয়েছেন সিনেমাটির নায়ক সিয়াম এবং তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পোলিশ অভিনেত্রী ও মডেল নাটালিয়া জানোশেক। দেশীয় আইটেম গানের প্রেক্ষাপটে এটিকে একটি ব্যতিক্রমী কাস্টিং বলতেই হবে। কারণ, বাংলা সিনেমায় এর আগে এভাবে সরাসরি বিদেশি-তাও আবার ইউরোপীয় অভিনেত্রীকে আইটেম গানে কেন্দ্রীয়ভাবে উপস্থাপন করার নজির নেই। এই জায়গাটাই গানটির প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।নাটালিয়ার উপস্থিতি শুধু নতুনত্বের জন্য নয়, তার পূর্বের কাজের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন 365 days এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

সঙ্গীতের দিক থেকেও গানটি যথেষ্ট নজর কেড়েছে। গানটি গেয়েছেন জি. এম. আশরাফ এবং দোলা রহমান। দোলা এর আগেই গানটির মাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনায় এসেছিলেন, যেখানে তার কণ্ঠ আলাদা করে নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবারও তিনি নিজের উপস্থিতি ধরে রেখেছেন এবং তার কণ্ঠে সেই চেনা তেজটাই দেখা গেছে যা গানটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের দিক থেকেও ‘বিলেত রাজা’ নিঃসন্দেহে নির্মাতাদের একটি পরিকল্পিত প্রচেষ্টা। নাটালিয়াকে মেরুন রঙের চকচকে ব্লাউজ এবং একই রঙের শাড়িতে দেখা গেছে। হাতে একাধিক চুড়ি, কানে বড় দুল-সব মিলিয়ে দেশীয় সাজে আগুন ঝরানো লুকে হাজির করা হয়েছে নাটালিয়াকে।সিয়ামকেও দেখা গেছে বেশ এনার্জেটিক লুকে।

গানটির সেট ডিজাইনেও রয়েছে আলাদা চমক। পুরো পরিবেশটি একটি ইন্ডাস্ট্রিয়াল বা কারখানাভিত্তিক থিমে নির্মিত, যেখানে ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল স্পটলাইট, আগুনের আভা এবং ধোঁয়াটে আবহ একটি নাটকীয় পরিবেশ তৈরি করেছে। নাটালিয়া ও সিয়ামের লুক,তাদের কেমিস্ট্রি,ব্যাকগ্রাউন্ড, সাজগোজ মিলিয়ে একটা পার্টি সং হিসেবে দর্শকদের মনে বেশ ভালো জায়গাই আদায় করে নেবে বলে ধারণা করা যায়।

যেহেতু ঈদের বাকি মাত্র একদিন,তাই সিনেমাটির আর কোনো গান রিলিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।গান দিয়ে যতটা সম্ভব প্রমোশন তো হলো,এখন সিনেমাটির সাফল্য পুরোপুরি নির্ভর করছে গল্প আর দর্শকদের চাহিদার উপর।