আসামীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান ভক্তদের মানববন্ধন…

মেহেদী হাসান :

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে এখনও শান্ত হয়নি ভক্তদের হৃদয়ের আগুন। সময় যতই গড়াক, তাঁদের দাবির আগুন যেন আরও জ্বলে উঠছে। এবার সেই ক্ষোভ আবারও ফুটে উঠল রাস্তায়।আজ শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে “সালমান শাহ স্মৃতি সংসদ” ও বিভিন্ন ভক্ত সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভক্তরা।ব্যানারে বড় করে লেখা-“সালমান শাহ হত্যার বিচার চাই”, “হত্যাকারীদের গ্রেপ্তার করো, বিচার দাও”-এই স্লোগানেই মুখর ছিল পুরো এলাকা।

দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এই মানববন্ধনে অংশ নেন শতাধিক ভক্ত। কেউ হাতে সালমানের ছবি, কেউবা কালো ব্যাজ পরে দাঁড়িয়েছিলেন-চোখে ছিল ক্ষোভ আর অশ্রু মিলিয়ে এক অদ্ভুত নীরব প্রতিবাদ।ভক্তদের অভিযোগ, সালমান শাহর মৃত্যুর ঘটনা আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। তাঁরা দাবি করেন, এত বছর পার হয়ে গেলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি, বরং ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বারবার। মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আর নীরব থাকব না। যাঁরা সালমান ভাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”অনেক ভক্তই মনে করেন, সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না-তিনি ছিলেন এক প্রজন্মের ভালোবাসা, স্বপ্ন আর সিনেমা-বিশ্বাসের প্রতীক। তাই এই আন্দোলন কেবল একজন তারকার জন্য নয়, ন্যায়বিচারের জন্যও।

এক নারী ভক্তের ভাষ্য, “আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু সালমান ভাইয়ের বিচার এখনো পাইনি। আল্লাহর কাছে দোয়া করি, জীবিত থাকতে যেন ন্যায়বিচার দেখি।”মানববন্ধনের শেষ পর্যায়ে ভক্তরা এক মিনিট নীরবতা পালন করেন এবং সরকারের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা ঘোষণা দেন, যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সারাদেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও মামলার নিষ্পত্তি হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু আরও প্রশ্ন, আরও ক্ষোভ, আরও বেদনার নাম হয়ে উঠেছে।আজও ভক্তদের চোখে ভাসে সেই তরুণ, যার হাসিতে প্রাণ ফিরত বাংলা সিনেমায়, আর যার চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রেখে গেছে এক অনন্ত শূন্যতা।