রোশান,কৃষাণ ও রাজীব-শ্রাবন্তীর বিয়ে ও বিচ্ছেদের কাহিনী!

ফারহান তানভীর

ঢালিউড কিংবা বলিউডের মতো টলিউডেও সবসময়ই আলোচিত কিছু তারকা থাকেন। তাঁদের অভিনয়, কাজ, সিনেমার বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মাঝে থাকে তুমুল আগ্রহ। টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির জীবনও তেমনই আলোচনার কেন্দ্রবিন্দু।তাঁর বিয়ে,প্রেম,বিচ্ছেদ-এসব নিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছে বিনোদন দুনিয়ায়।

শ্রাবন্তীর জীবনের প্রথম অধ্যায় শুরু হয় খুব অল্প বয়সে। তাঁর প্রথম স্বামী ছিলেন পরিচালক রাজীব বিশ্বাস। ২০০৩ সালে তাঁদের বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করলেও, ধীরে ধীরে সম্পর্কে ভাঙন শুরু হয়। পারিবারিক দ্বন্দ্ব, মতের অমিল এবং নানা অভিযোগের কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায় সেই সম্পর্ক। এই দাম্পত্য জীবনে শ্রাবন্তীর একটি ছেলে রয়েছে-অভিনেতা অভিমন্যু চট্টোপাধ্যায়। তবে তিনি ঝিনুক নামেই বেশি পরিচিত। ২০১১ সালে রাজীব-শ্রাবন্তীর বিচ্ছেদ হয়।

মাঝে কিছু সময় বিরতি দিয়ে দুই বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন মডেল কৃষাণ ব্রজকে। শুরুতে বেশ সুন্দরভাবে সংসার চললেও অচিরেই দেখা দেয় মতভেদ। ২০১৯ সালের জানুয়ারিতে সেই সংসারও ভেঙে যায়। তবে এই বিচ্ছেদ শ্রাবন্তীকে নতুন করে ভাবতে শেখায় এবং ভক্তরাও বুঝতে পারেন যে ব্যক্তিগত জীবনে তিনি বারবার নতুনভাবে শুরু করার সাহস রাখেন। কৃষাণ ব্রজের সাথে বিচ্ছেদের বছরেই শ্রাবন্তীর সবচেয়ে আলোচিত বিয়ে হয় রোশান সিংয়ের সঙ্গে। রোশন ছিলেন একজন জিম ট্রেনার। শুরুতে এই সম্পর্কও মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পায়। দুজনকে একসঙ্গে ভ্রমণ,ইভেন্ট ও পার্টিতে দেখা যেতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কেও ভাঙন ধরে। শ্রাবন্তীর তৃতীয় বিয়েও টেকেনি। ২০২০ সালে আলাদা হয়ে যান শ্রাবন্তী-রোশান।

২০২২ সালে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপে ঘুরতে যাওয়া, হিরের আংটি উপহার দেওয়াসহ বেশ কিছু বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী। অবশ্য সে সময় শ্রাবন্তী জানিয়েছিলেন, অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না, বরং তাঁরা ‘বিশেষ বন্ধু’। অভিরূপ সব সময় তাঁর পাশে থাকেন বলেও জানিয়েছিলেন শ্রাবন্তী। এরপর শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে। শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের শুরু হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শ্রাবন্তী-শুভ্রজিৎ। যত দিন চলচ্চিত্র উৎসব চলেছে, তত দিনই তাঁরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। এটা নিয়েও মিডিয়ায় কম লেখালেখি হয়নি।

শ্রাবন্তী শুধু বিয়ের জন্যই আলোচিত নন, তাঁর প্রেমঘটিত বিষয়গুলোও মিডিয়ায় বারবার উঠে এসেছে। প্রতিবার নতুন করে প্রেমে পড়ার খবরে শোরগোল পড়ে যায়। কেউ কেউ তাঁকে সমালোচনা করেন, আবার অনেকে বলেন-একজন নারী হিসেবে তিনি নিজের সুখ খুঁজে নেয়ার অধিকার রাখেন।

তবে শ্রাবন্তী সবসময়ই ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়ে খোলাখুলি মন্তব্য করেন না। তিনি বরং অভিনয় ও ক্যারিয়ারকে সামনে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে যেমন সমালোচনা আছে তেমনি ভক্তদের সমর্থনও কম নয়। কেউ বলেন, তিনি স্থায়ী সম্পর্ক গড়তে পারেন না, আবার কেউ মনে করেন-তিনি শুধু নিজের ভালোবাসা ও সুখ খুঁজে পেতে চেষ্টা করছেন। আসলে, একজন তারকার ব্যক্তিগত জীবন সবসময়ই মানুষের কৌতূহলের কেন্দ্র হয় এবং শ্রাবন্তী সেই কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছেন তাঁর সিদ্ধান্তগুলোর মাধ্যমে। শ্রাবন্তী চ্যাটার্জির বিয়ে,প্রেম আর বিচ্ছেদের ঘটনাগুলো তাঁর জীবনকে যেমন আলোচনায় রেখেছে, তেমনি তাঁকে ভিন্ন এক ব্যক্তিত্বও গড়ে দিয়েছে। একজন নারী হিসেবে তিনি হয়তো বারবার নতুনভাবে জীবন শুরু করতে চেয়েছেন-কখনো সফল হয়েছেন,কখনো ব্যর্থ। কিন্তু তাঁর সাহস, সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা এবং নিজের ভালোবাসার প্রতি অনড় বিশ্বাস তাঁকে ভক্তদের কাছে সবসময়ই আলাদা করে রেখেছে।

Leave a Comment