শ্রীদেবী-শাহরুখ-কাজলদের সন্তানরা কে কি করছেন

রুপালি ডেস্ক: বলিউড নিয়ে শুধু ভারত নয় পৃথিবীর বহু দেশের ভক্তদের আগ্রহ রয়েছে। এ কারণে বলিউড স্টারদের লাইফস্টাইলের ছবি কিংবা ভিডিও মুহুর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বলিউড তারকাদের সন্তানদের নিয়েও রয়েছে ভক্তদের আগ্রহ। প্রায়শই দেখা যায়, বাবা-মায়ের পথ ধরে সন্তানরাও নেমে পড়েন অভিনয়ে। বলিউডে এর উদাহরণ রয়েছে অসংখ্য। তবে তারকাদের সন্তানরা কে কোথায় পড়াশোনা করেছেন এ বিষয়টা অনেকেই জানেন না। বলিউড তারকাদের সন্তানরা কে কোথায় পড়াশোনা করেছেন-হাতে সময় থাকলে জেনে নিতে পারেন।

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। লন্ডন এবং সাদার্ন ক্যালিফোর্নিয়ায় লেখাপড়া করেছেন। আরিয়ান স্নাতক পাস করেছেন চারুকলায়। সিনেম্যাটিক আর্টস এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে আরিয়ানের পড়াশোনা আছে। লেখক এবং ওয়েব সিরিজ নির্মাতা আরিয়ান বলিউডে আত্মপ্রকাশের পর সম্প্রতি ব্যবসা শুরু করেছেন। খুলেছেন ‘ডি’য়াভল’ নামে নিজস্ব ব্র্যান্ড।

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। এরইমাঝে তিনি বলিউডে নাম লিখিয়েছেন। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে লেখাপড়ার প্রাথমিক পাঠ নিয়েছেন জাহ্নবি কাপুর। লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের উপর একটি কোর্সও করেছেন।   বাবা বনি কাপুর বলিউডের প্রভাবশালী প্রযোজক। বলিউডে বাবা-মা’র কল্যাণে বিশেষ সুবিধা পাচ্ছেন কি না এমন প্রশ্ন হরহামেশাই শুনতে হয় জাহ্নবি কাপুরকে।

নবাব মুনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। পতৌদি-শর্মিলার ছেলে সাইফ আলী খান। সাইফের মেয়ে সারা আলী খান। মা অমৃতা সিং। সারা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন। এরইমাঝে বলিউডমুখি হয়েছে সাইফকন্যা।

বাংলাদেশের স্বামী কেন আসামী ছবিতে অভিনয় করেছিলেন চাঙ্কি পান্ডে। সেই চাঙ্কি পান্ডের মেয়ে অনন্য পান্ডে প্রাথমিক লেখাপড়া সেরেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। স্নাতক সম্পন্ন করেছেন লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ায়। অনন্যাকে বিজয় দেবরাকোন্ডারের বিপরীতে তেলেগু সিনেমা ‘লাইগার’-এ দেখা গিয়েছিল।

এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন লুকে হরহামেশাই হাজির হচ্ছেন শাহরুখকন্যা সুহানা খান। এরইমধ্যে তিনিও অভিনয়ে নাম লিখিয়েছেন। কিং খানের মেয়ে সুহানা ভারতে প্রাথমিক পাঠ শেষে ইংল্যান্ডের আর্ডিংলে কলেজে পড়েছেন। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে অভিনয়ের উপর একটি বিশেষ কোর্স করেছেন।

কাজল ও অজয়  দেবগন দম্পতির মেয়ে নায়সা দেবগন। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে নায়সা মাধ্যমিক পাস করেন। সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্নাতক শেষ করার পর উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছেন।

Leave a Comment