ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি নন,দাদাগিরি সঞ্চালয়নায় এবার অভিনেতা দেব… রাঙাবেন নাকি ভাসাবেন?

ফারহান তানভীর :

জি বাংলার বহুল জনপ্রিয় কুইজ রিয়েলিটি শো “দাদাগিরি” দীর্ঘদিন ধরেই বাঙালি দর্শকের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। দাদাগিরি যাত্রা শুরু করেছিল ২০০৯ সালে। শুরু থেকেই এই মঞ্চের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর সাবলীল উপস্থাপনা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং প্রতিযোগীদের সঙ্গে সহজ যোগাযোগ দাদাগিরিকে সবসময়ই দর্শকদের পছন্দের তালিকায় রাখতো। তবে এই ধারাবাহিকতায় একবার ছেদ পড়েছিল তৃতীয় সিজনে, যখন তাঁর পরিবর্তে উপস্থাপনার দায়িত্ব সামলিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । কিন্তু দর্শকদের চাহিদার ফলে পরবর্তী সিজন থেকেই সৌরভ আবার ফিরে আসেন।

দাদাগিরির মঞ্চ থেকে সৌরভ গাঙ্গুলি

সময়ের সঙ্গে সঙ্গে দাদাগিরি একের পর এক সফল সিজন উপহার দিয়েছে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখে এটি বাংলা টেলিভিশনের ইতিহাসে অন্যতম সফল রিয়েলিটি শো হিসেবে প্রতিষ্ঠিত হয়। দশটি সিজন সম্পন্ন হওয়ার পর ২০২৪ সালে শোটি হঠাৎ করেই থেমে গিয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে, পারিশ্রমিক সংক্রান্ত কিছু মতপার্থক্যের কারণেই নাকি সৌরভ এবং জি বাংলা-র মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে তিনি নতুনভাবে যুক্ত হন স্টার জলসা-র সঙ্গে। সেখানে নতুন রিয়েলিটি শো “ বিগ বস বাংলা” তে তাঁকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে।

অভিনেতা দেব

এদিকে প্রায় দুই বছরের বিরতির পর আবারও দাদাগিরিকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে জি বাংলা । শোনা যাচ্ছে, সৌরভের অনুপস্থিতিতে জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব -কে নতুন সঞ্চালক হিসেবে ভাবা হচ্ছে। অভিনয় জগৎ এবং রাজনীতির মঞ্চ-দুই জায়গাতেই তাঁর শক্ত অবস্থান থাকায় দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষমতা রয়েছে বলে মনে করছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, তাঁকে নিয়েই এগোচ্ছে পরিকল্পনা।এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সৌরভ নিজেও। তিনি মনে করেন, প্রত্যেক উপস্থাপকের নিজস্ব স্টাইল থাকে, এবং নতুন কেউ এলে সেই ভিন্নতা শো-কে নতুনভাবে উপস্থাপন করতে সাহায্য করবে। দেবকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন,নতুন কিছু দেখার অপেক্ষায় থাকলাম।

দাদাগিরির মঞ্চ থেকে সৌরভ গাঙ্গুলি

নতুন সিজনে শুধু সঞ্চালক নয়, শোর কাঠামোতেও কিছু পরিবর্তনের আভাস মিলছে। এবার প্রতিটি পর্বে একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে মেন্টর হিসেবে রাখার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। এই ভূমিকায় কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত না হলেও, প্রসেনজিৎ-সহ একাধিক পরিচিত নামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজ্ঞ নির্মাতা অভিজিৎ সেন, যিনি আগেও এই শোর সঙ্গে যুক্ত ছিলেন।

সবমিলিয়ে এখন দাদাগিরি ভক্তদের মনে প্রশ্ন একটাই। দাদার জায়গা কতটা নিতে পারবেন দেব? তারা যে বিনোদন দাদার মাধ্যমে পেতো দেব কি তার চেয়ে বেশি দিতে পারবে? নাকি শো দেখার আগ্রহই হারাতে হবে তাদের?