ফারহান তানভীর :
কোনো একজন মানুষ যে পেশার সাথে জড়িত থাকেন,হয়তো সেটাই তার কাছে ধীরে ধীরে নেশা হয়ে যায়। সেই কাজ বাদ দিলেও কাজ করতে চাওয়ার নেশাটা বাদ দিতে পারেন না।মাথায় সবসময় ওই কাজ নিয়েই চিন্তা ঘুরপাক খায়। অভিনয় জগতের মানুষগুলোও হয়তো তার ব্যতিক্রম নয়। এবার সেই ব্যাপারটাই পরিষ্কার করে দিয়েছেন অভিনেতা মোশাররফ করিম।

বাংলাদেশের অভিনয় জগতে মোশাররফ করিম শুধু একটি নামই নয়,পুরো একটি শিল্প। ছোট পর্দা দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা অনেক আগে থেকেই দেশ কিংবা দেশের বাহিরে বিভিন্ন বড় বড় কাজে হাজিরা দিয়ে আসছেন। বর্তমান প্রজন্ম কিংবা তার ঠিক আগের প্রজন্ম-উভয় প্রজন্মই এই বান্দাকে খুব ভালোভাবেই চেনে আর দুই পক্ষের কাছেই তিনি ব্যাপক জনপ্রিয়। এখন অব্দি মোশাররফ করিম প্রায় ৭০০ নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি তিনি অনেক সিনেমা,ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। মহানগর,মহানগর দুই,চক্র,চক্কর-৩০২,ইনসাফ,বনলতা এক্সপ্রেস, বোহেমিয়ান ঘোড়াসহ আরো অনেক হিট কাজে অভিনয় করার পর দর্শকরা চাইতেন তিনি আর সস্তা নাটকগুলোতে কাজ না করুক। অধিকাংশ দর্শকই বলতেন,মোশাররফ করিম যে অভিনয়ে সিদ্ধহস্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার রুচি ভালো না।এতো বড় একটা পর্যায়ে যাওয়ার পরেও কেন তাকে সস্তা নাটকগুলো করতে হবে?

এতোদিন এই ব্যাপারে মুখ না খুললেও,এবার মোশাররফ করিম নিজেই বলেছেন-“আমার কাছে ছোটপর্দা, বড়পর্দা-এগুলো ম্যাটার করে না। আমার কাজ অভিনয় করা। ধরুন সবকিছু বন্ধ হয়ে গেল। টিভি নেই, ওটিটি নেই, সিনেমা হল নেই। আমি তখন টেম্পুতে দাঁড়িয়ে অভিনয় করা শুরু করে দেব।গুলিস্তান থেকে ফার্মগেট যাব, যাত্রীদের অভিনয় দেখাতে দেখাতে। সবাই নেমে যাওয়ার সময় ভাড়ার সাথে এক্সট্টা পাঁচ টাকা করে দেবে আমাকে। অভিনয় ব্যাপারটাকে আমি এভাবেই নিজের মধ্যে ধারণ করি। আমি অভিনয়কে ভালোবাসি।”
তার এই বক্তব্যেই হয়তো প্রতিটা দর্শক তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যে মানুষটা অভিনয়কে ভালোবাসেন তার কাছে পর্দা কোনো ব্যাপার না। দর্শকদের যে অভিযোগ ছিল মোশাররফ করিম কে নিয়ে তা-ও অবশ্য অযৌক্তিক বলা যায়না।কেননা,আমাদের দেশ বলেন কিংবা প্বার্শবর্তী দেশ-দুই দেশেই যেসকল অভিনেতা-অভিনেত্রীরা আছেন তারা একবার উচ্চ পর্যায়ে গেলে নিজেদের আর নিচের দিকের কাজে জড়ায় না। নিজেদের অবস্থানটা বুঝানোর জন্য তারা খুবই বেছে বেছে আর সুবিধানুযায়ী কাজ করেন। আর সাধারণ দর্শকরা তো সেই ব্যাপারটাই দেখে দেখে অভ্যস্ত। তাই তাদের প্রিয় অভিনেতা মোশাররফ করিমও ওই একই ধারা অনুসরণ করুক,সেটাই তারা চাচ্ছিলেন।

কিন্তু তিনি তো মোশাররফ করিম,অভিনয়ই যার কাছে সব। অন্যান্য অভিনেতারা হয়তো টিভি,ওটিটি এসব বন্ধ হয়ে গেলে অন্য কোনো পেশায় জড়াবেন।কিন্তু মোশাররফ করিম নিজেই জানিয়েছেন,সব বন্ধ হয়ে গেলেও তিনি অভিনয় ছাড়বেন না। বাসে,টেম্পুতে অভিনয় করে মানুষকে বিনোদিত করবেন প্রয়োজন হলে। কাজের প্রতি ভালোবাসা হয়তো এমনই হওয়া উচিত। আর এই ভালোবাসাই হয়তো তাকে আজ সবার প্রিয় মোশাররফ করিম করে তুলেছেন।