প্রেশার কুকার ফাটবে,তাই হেডফোন জোগাড় করতে বললেন রায়হান রাফি!

ফারহান তানভীর :

সতর্কতা জারি করে যত দ্রুত সম্ভব হেডফোন জোগাড় করতে বললেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। নিজের নতুন সিনেমা প্রেশার কুকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই রহস্যময় বার্তা দিয়েছেন তিনি।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রাফি। সেখানে তিনি লিখেছেন,“সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যাদের হেডফোন আছে, কাছে রাখুন। আর যাদের নেই… এখনই জোগাড় করুন। কারণ প্রেশার কুকারে এবার সিটি শুধু বাজবে না… ফাটবে!”

পোস্টারটি ফেসবুক থেকে নেয়া

তার এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই ধারণা করছেন, সিনেমাটির নতুন কোনো আপডেট বা চমকের আভাস দিতেই এই পোস্ট দিয়েছেন তিনি। বিশেষ করে ‘সিটি শুধু বাজবে না, ফাটবে’-এই কথাটি ঘিরেই দর্শক মনে কৌতূহল বেড়েছে।তবে এর আগেও নিজের সিনেমার প্রচারণায় এমন রহস্যময় পোস্ট দিয়ে দর্শকদের আগ্রহ বাড়ানোর নজির রয়েছে রাফির। ফলে তার এই নতুন বার্তাটিও ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারণার অংশই বলা যায়।

নির্মাতা রায়হান রাফি – ইন্সটাগ্রাম থেকে

প্রেশার কুকার মূলত নগরজীবনের নানা চাপের গল্প নিয়ে নির্মিত একটি সিনেমা। বিশেষ করে বড় শহরে বসবাসকারী নারীদের জীবনের বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক চাপ এবং ব্যক্তিগত সংগ্রাম-এসব বিষয়কে কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনি। নির্মাতার ভাষায়, আধুনিক নগরজীবন অনেক সময় মানুষের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’-এর মতো হয়ে ওঠে, যেখানে চাপ জমতে জমতে একসময় বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। সেই বাস্তবতার প্রতিচ্ছবিই ফুটে উঠবে প্রেশার কুকারে।মূলত চারজন নারীর আলাদা আলাদা জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি ।

পোস্টারটি ফেসবুক থেকে নেয়া

ভিন্ন পটভূমি ও অভিজ্ঞতার এই চরিত্রগুলোর জীবন একসময় এসে এক বিন্দুতে মিলবে। গল্প বলার এই ভিন্নধর্মী কাঠামোই ছবিটির অন্যতম আকর্ষণ বলে জানা গেছে।সিনেমাটিতে অভিনয় করছেন শবনম বুবুলী,নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী এবং মারিয়া মেহনাজ। চার অভিনেত্রীই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেবেন।নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, এই সিনেমাটি তিনি উৎসর্গ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে। বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদানের প্রতি সম্মান জানাতেই এই ট্রিবিউট।

নির্মাতা রাইহান রাফি – ফেসবুক থেকে

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘প্রেশার কুকার’। এরই মধ্যে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।রাফির সাম্প্রতিক এই ফেসবুক পোস্ট সেই কৌতূহলকে আরও উসকেই দিয়েছে বলা যায়। এখন দেখার বিষয়, বড় পর্দায় মুক্তির পর ‘প্রেশার কুকার’ সত্যিই কতটা ‘ফাটতে’ পারে দর্শকদের মধ্যে।