ফারহান তানভীর :
৫ ডিসেম্বর ২০২৫ মুক্তির আগেই ধুরন্ধর নিয়ে দর্শকমহলে উত্তেজনার পারদ ছিল একেবারে তুঙ্গে। শুরু থেকেই বাতাসে ঘুরছিলরনবীর সিং এবার এমন এক পারফরম্যান্স নিয়ে ফিরছে, যা তার ক্যারিয়ারকেও ছাড়িয়ে যাবে। অনেকেই ধরে নিয়েছিল-এটা হবে মাসল-পাওয়ার আর ইমোশনাল ইনটেনসিটির এক বিস্ফোরণ, আর বক্স অফিসে নিশ্চিত তান্ডব নামবে।

তবে মুক্তির পর দেখা গেল-ধারণার চেয়েও বেশি কিছু হচ্ছে। রনবীর সিং নিজের আগুনঝরা এনার্জি, ডেডিকেশন আর চরিত্রে ঢুকে যাওয়ার অসাধারণ ক্ষমতা দিয়ে পুরো পর্দা কব্জা করে ফেলেছে। কিন্তু বিস্ময়ের জায়গা হলো-তার থেকেও বেশি হইচই তুলেছে অক্ষয় খান্না, রেহমান ডাকাত চরিত্রে। এমন নিঃশব্দ অথচ ভয়ংকর এক স্ক্রিন-প্রেজেন্স সে দেখিয়েছে যে দর্শকরা হল থেকে বের হয়ে সবার আগে তার কথাই বলছে। ফলস্বরুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে রেহমান ডাকাতের এন্ট্রি সং এখন ট্রেন্ডিংয়ে চলছে।

রনবীর এবং অক্ষয়ের পাশাপাশি সাপোর্টিং দলে আছেন আর.মাধবন,সঞ্জয় দত্ত,অর্জুন রামপাল,সারা আঞ্জুম-যারা নিজেদের জায়গায় ছোট ছোট মুহূর্তেই গভীর ছাপ রেখে গেছেন। পুরো কাস্টিংয়ের মধ্যে কোনো খাপছাড়া ভাব নেই; বরং সবাই মিলে ছবিটাকে আরও পোক্ত করেছে।

একটি ছবির শেষ কথা বলে তার বক্স অফিস। এদিক থেকেও পিছিয়ে নেই ধুরন্ধর। মুক্তির পর প্রথম ছয় দিনের প্রত্যেকটাই একেকটা দারুণ দাপটের দিন।সব মিলিয়ে ভারতের বাজারে এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২২৪.৫২ কোটি টাকার মতো আর বিদেশ থেকে যোগ হয়েছে প্রায় ৪৪.০৮ কোটি টাকা। ফলে মোট বিশ্বব্যাপী কালেকশন ছুঁয়েছে ২৬৮ কোটি টাকার ওপরে। এই গতিতে এগোতে থাকলে সহজেই ৩০০ কোটির ঘর পেরিয়ে যেতে পারে-এমনটাই বলছে ট্রেড অ্যানালিস্টরা।

দর্শকের প্রত্যাশার মান এখন একেবারে নতুন স্তরে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু-রেহমান ডাকাত কি অক্ষয় খান্নার ক্যারিয়ারে নতুন মোড় তৈরি করবে? বলিউডে তো ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গেছে-সালমান খানের ‘কিক-২’-এ অক্ষয় খান্নাকে নাকি প্রধান ভিলেন হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি এটা সত্যি হয়, তাহলে ধুরন্ধর তার জন্য শুধু প্রত্যাবর্তন নয়-একপ্রকার রি-লঞ্চ হয়ে যাবে।

সব মিলিয়ে ধুরন্ধর শুধু হিট নয়-এটা হচ্ছে সেই ধরনের ছবি, যেটা বছরের শেষে এসে দর্শকদের কথোপকথন পাল্টে দেয়। গল্প, অভিনয়, হাইপ আর সংখ্যার এক গোল্ডেন কম্বিনেশন। আর সামনে এখনও লম্বা পথ বাকি। কারণ ঘোষণা হয়েই গেছে যে ১৯ মার্চ,২০২৬ এ আসবে ধুরন্ধর এর দ্বিতীয় পার্ট। দর্শক তাই এখন অপেক্ষা করছে-ধুরন্ধর আসলে কোথায় গিয়ে থামে!
সমস্ত ছবির উৎস : ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম