সিয়াম আহমেদের নতুন সিনেমা “রাক্ষস” এর ফার্স্ট লুক প্রকাশ! কেমন সাড়া ফেললো দর্শকমহলে?

ফারহান তানভীর :

গতকাল প্রকাশ পেয়েছে অভিনেতা সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক ও অ্যানাউন্সমেন্ট টিজার। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সিনেমা-সংক্রান্ত গ্রুপে ছবিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রোডাকশন হাউজ হিসেবে রয়েছে রিয়াল এনার্জি প্রোডাকশন। ফলে টিজার মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল চোখে পড়ার মতো।

১ মিনিট ২৭ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় একটি রক্তাক্ত বাথটাব। পুরো টাব ভর্তি রক্ত, তার ভেতরে পড়ে আছে একটি মৃত বাঘ। বাঘটির মুখ যেদিকে, ঠিক সেই অংশে বাথটাবের ওপর একটি পা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিয়াম আহমেদকে। ঠোঁটে লাল গোলাপ, এক হাতে পিস্তল, অন্য হাতে কুঠার। লম্বা চুল ও দাড়ির লুকে সিয়ামের গায়ে ছিল সাদা রঙের একটি স্যুট, যা রক্তে ভিজে গেছে। পুরো দৃশ্যজুড়ে ছিল ডার্ক টোনের ব্যাকগ্রাউন্ড মিউজিক।টিজারের এক পর্যায়ে ভারী কণ্ঠে সিয়াম আহমেদকে একটি সংক্ষিপ্ত ডায়লগ বলতেও শোনা যায়-“খাইয়া দিমু।”এই ডায়লগ ও তার উপস্থাপনাও দর্শকদের মধ্যে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে।

টিজার প্রকাশের পর অনেক দর্শকই একে “দুর্দান্ত” ও “ইমপ্যাক্টফুল” বলে মন্তব্য করছেন। বিশেষ করে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা দেখা গেছে বিভিন্ন গ্রুপে। কেউ কেউ লিখেছেন, ‘বরবাদ’-এর নির্মাতারা আবারও বড় পরিসরের কিছু উপহার দিতে যাচ্ছেন-এমন প্রত্যাশা টিজার দেখেই তৈরি হচ্ছে।এদিকে ‘তাণ্ডব’-এ আরমান মনসুর চরিত্রে সিয়াম আহমেদের যে রূপ দর্শক দেখেছিল, তার সঙ্গে তুলনা টেনে অনেকে বলছেন, ‘রাক্ষস’-এর টিজারে তাকে আরও ভিন্ন ও আরও ভয়ংকর রূপে দেখা গেছে। ঈদের সিনেমার বাজারে ছবিটি ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বলেও মত দিয়েছেন অনেকেই।

টিজার ঘিরে আরেকটি আলোচিত বিষয় হলো ভায়োলেন্স ও ডার্ক টোন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘এনিমেল’ সিনেমার পর থেকে যেকোনো একশন বা ভায়োলেন্সধর্মী সিনেমার ক্ষেত্রেই “এনিমেলের নকল” মন্তব্যটি এখন প্রায় নিয়মিত শোনা যাচ্ছে। ‘রাক্ষস’-এর টিজার প্রকাশের পরও এমন মন্তব্য চোখে পড়েছে কিছু দর্শকের পোস্ট ও আলোচনায়।তবে একই সঙ্গে অনেকেই প্রশ্ন তুলছেন-ভায়োলেন্স বা A-রেটেড ঘরানা কি শুধুই সাম্প্রতিক কোনো ট্রেন্ড, নাকি এটি আগে থেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রচলিত ছিল?

এদিকে সিনেমাটি নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের একটি বক্তব্যও সামাজিক মাধ্যমে ঘুরছে। তিনি বলেছেন,“দর্শকদের মূল্যবান সময় আমরা বিন্দুমাত্র নষ্ট করব না। তারা যে এন্টারটেইনমেন্টের জন্য সিনেমাহলে আসেন, আমরা ঠিক সেটাই দেব-দায়িত্ব নিয়ে, সম্মান রেখে।”সব মিলিয়ে ‘রাক্ষস’-এর অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে প্রত্যাশা, প্রশংসা ও বিতর্ক-সবকিছুই একসঙ্গে চলছে। এখন দর্শকদের নজর ছবিটির পরবর্তী আপডেট ও মুক্তির দিকেই।

ছবির উৎস : ইউটিউব