ফারহান তানভীর :
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যু যেন আচমকাই এক অদ্ভুত শূন্যতা তৈরি করে দিয়েছে টলিউডে। মাত্র ৪২ বছর বয়সে একজন গুণী অভিনেতার এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যে কারোর জন্যই কঠিন।ভারতীয় আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রবিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে দিঘার তালসারিতে, যেখানে রাহুলের একটি ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিংয়ের প্রয়োজনে পানিতে নামতে হয়েছিল রাহুলকে।তখন হঠাৎ করেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এবং তাতে তিনি পানিতে তলিয়ে যান। উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাকে দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এই পুরো ঘটনাটি এতটাই আকস্মিকভাবে ঘটে যে, শুটিং ইউনিটের সদস্যরাও এখনও বিশ্বাস করতে পারছেন না কীভাবে মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। জ্ঞাতব্য, সে সময় শুটিংয়ে রাহুলের সাথে সহঅভিনেত্রী হিসেবে শ্বেতা মিশ্রও উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহন করেন রাহুল অরুণোদয় এবং খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে ফেলেন। সংক্ষিপ্ত এই জীবনে প্রায় ৪৫০টির মতো নাটকে অভিনয় করে তিনি ছোট পর্দায় নিজের শক্ত অবস্থানও তৈরি করেছিলেন।২০০৮ সালে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে, যা মুক্তির পর বক্স অফিসেও ব্যাপক সাফল্য পেয়েছিল। এই সিনেমাটি শুধু বক্স অফিসে হিটই হয়নি বরং নতুন এক নায়ক হিসেবে রাহুলকে এবং নায়িকা হিসেবে প্রিয়াঙ্কাকে দর্শকদের কাছে প্রতিষ্ঠিত করেছিল। সিনেমাটিতে জুবিন গার্গের গাওয়া ‘পিয়া রে’ গানটি এতোটা জনপ্রিয় যে, আজও অনেকের প্লেলিস্টে জায়গা করে আছে।

রাহুলের ক্যারিয়ার যে শুধু একটি সিনেমার মধ্যেই সীমাবদ্ধ ছিল,তা না। তিনি ধারাবাহিকভাবে বাণিজ্যিক এবং মূলধারার সিনেমায় অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’-এমন বেশ কিছু সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। রাহুলের ব্যক্তিগত জীবনও ছিল বৈচিত্র্যময় । ২০১০ সালে নিজের প্রথম সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। আর এই জুটিই একসময় টলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম ছিল। তবে ২০১৭ সাল থেকে তারা আলাদাভাবে থাকতে শুরু করেন এবং পরে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। সম্প্রতি তিনি নিজের সন্তান সহজের নামেই ‘সহজকথা’ নামক একটি পডকাস্ট শুরু করেন, যেখানে তিনি ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা এবং নানা বিষয় নিয়ে কথা বলতেন।

এদিকে রাহুলের এই মৃত্যুর ঘটনায় দর্শক এবং ভক্তকূল আরেকটি অদ্ভুত মিল খুঁজে বের করেছেন,যা সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে বেশ আলোচনায় এসেছে। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার সেই জনপ্রিয় গান ‘পিয়া রে’-এর গায়ক জুবিন গাৰ্গ গত বছর সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা গিয়েছিলেন বলে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেটির সঙ্গে রাহুলের এই মৃত্যুর ঘটনাকে অনেকেই এক ধরনের করুণ কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন।
যে ছেলেটি ‘চিরদিনই তুমি যে আমার’ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সে আজ সত্যিই “চিরদিনের” জন্য চলে গেল। রাহুলের কাজ, তার চরিত্র, তার কণ্ঠ-সবকিছুই থেকে যাবে কিন্তু মানুষটা আর ফিরবে না। মানুষের জীবনে এমন শূন্যতাই হয়তো সবচেয়ে বড় বাস্তবতা।