মুক্তি পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা রকস্টারের ফার্স্ট লুক পোস্টার! নতুন করে ফিরতে পারবেন তিনি?

ফারহান তানভীর :

ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে নিয়ে দর্শকের আগ্রহ নতুন কিছু নয়, তবে মাঝে মাঝে সেই আগ্রহ প্রত্যাশার চাপে পরিণত হয়-আর ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে শাকিব খানের আগামী সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর থেকেই একধরনের কৌতূহল আর আলোচনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। আজকে শাকিব খানের জন্মদিন উপলক্ষে পোস্টারটি প্রকাশ করা হয়েছে, যা হয়তোবা দর্শকদের বলতে চায়-আমি ফিরতে চাই নতুনভাবে।

রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার – অভিনেতার ফেসবুক পেজ থেকে

শাকিব খান যে তার প্রচলিত চরিত্রগুলো থেকে বের হওয়ার চেষ্টা করেছেন তা অবশ্য পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। রাস্তার মাঝখানে বসে থেকে কালো চশমা, চুলে ড্রেডলক, শরীরে ট্যাটু আর পুরো গেটআপে এক ধরনের স্টাইলিশ উপস্থিতি নিয়ে পুরো রকস্টারের মতোই হাজির হয়েছেন তিনি । এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা। গত ঈদে রায়হান রাফি পরিচালিত তান্ডব সিনেমাতেও শাকিব খানের বিপরীতে সাবিলা নূর ছিলেন এবং দর্শকমহলেও তাদের জুটি বেশ প্রশংসা কুড়িয়েছিল।এদিকে কিছুদিন আগে মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে তো বাংলাদেশের পক্ষে মিথিলা অভূতপূর্ব আলোরণ ফেলেছিলেন।এবার দেখা যাক,পর্দায় অভিনয় দিয়ে কতটা সাড়া জাগাতে পারেন তিনি।

বাম দিকে মডেল মিথিলা ও ডান দিকে অভিনেত্রী সাবিলা নূর -কোলাজ

গুঞ্জন শোনা যাচ্ছে ‘লং ডিস্টেন্স লাভ’ গানখ্যাত শিল্পী অংকন,শাকিব খানের এই সিনেমায় প্লেব্যাক করবেন। যদি গুঞ্জনটা সত্যি হয়, তাহলে মিউজিক্যাল দিক থেকে ‘রকস্টার’ আলাদা একটা এনার্জি পেতে পারে। কারণ রকস্টার চরিত্র মানেই শুধু রকস্টারের মতো লুক নয়, তার আত্মা থাকতে হয় মিউজিকে। আর সেই জায়গায় অংকনকে পেলে শক্তিশালী ভয়েস আর আলাদা সাউন্ড ডিজাইনে অনেকটাই এগিয়ে থাকবে রকস্টার।

প্রিন্স সিনেমা থেকে অভিনেতা শাকিব খান – আইএমডিবি

চলতি ঈদুল ফিতরে শাকিব খানের মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপওন এ টাইম ইন ঢাকা’ সিনেমাটি বেশিরভাগ দর্শকদের হতাশ করেছে। শুধু গল্প নয়, পরিচালনা, এডিটিং-সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকে সরাসরি বলেছে, গত দুই-তিন বছরে যে শাকিব খানকে তারা দেখেছে, তার সাথে এই সিনেমা একদম যায়না। আর স্বাভাবিকভাবেই এই ব্যর্থতা ‘রকস্টার’-এর ওপর বাড়তি চাপ তৈরি করেছে। তাই রকস্টার দিয়ে যদি শাকিব ব্যাক করতে না পারেন তাহলে তার ক্যারিয়ার আবার অনেকটাই পিছিয়ে যাবে।

পরিচালক আজমান রুশো – স্টার মিটআপ

আজমান রুশো যদি সত্যিই ভিন্ন কিছু ভাবতে পারেন আর শাকিব খান যদি তার সচারাচর চরিত্রগুলো থেকে বের হয়ে পুরোপুরি রকস্টার চরিত্রে ঢুকতে পারেন, তাহলে রকস্টার দিয়ে শুধু শাকিবের কামব্যাকই হবেনা,তা হবে ঢালিউডের জন্য একটা নতুন সম্ভাবনা।

এখন দেখা যাক,পর্দায় কতটা প্রতিফলন ঘটাতে পারেন পরিচালক রুশো এবং অভিনেতা শাকিব খান। রুপালি জগৎ পরিবারের পক্ষ থেকে শাকিব খানকে জানাই জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা এবং রকস্টারের জন্য শুভ কামনা।