ফারহান তানভীর :
বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় নাম কনকচাঁপা। এক সময় যার কণ্ঠে গাওয়া গান-‘আমার হৃদয় একটা আয়না’, ‘তোমায় দুনিয়া থেকে’-শ্রোতার হৃদয়ে গভীর দাগ কেটেছিল, সেই শিল্পী আজ আলোচনায় রাজনীতির ময়দানে। গান দিয়ে পরিচিত হলেও গত কয়েক বছর ধরে রাজনীতিতেও সরব কনকচাঁপা। তবে এবারের জাতীয় নির্বাচন সামনে রেখে তার রাজনৈতিক যাত্রায় তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন কনকচাঁপা। স্থানীয় পর্যায় থেকে শুরু করে দলীয় বিভিন্ন সূত্রেও তার নাম আলোচনায় ছিল। কিন্তু সোমবার বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে শুরু হয় নতুন করে আলোচনা। দলীয় সূত্র জানিয়েছে, ওই আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।মনোনয়ন না পাওয়ার খবরে কনকচাঁপার প্রতিক্রিয়া ছিল বেশ সংযত ও ব্যতিক্রমী। রাজনৈতিক অঙ্গনে যেখানে মনোনয়ন নিয়ে হতাশা বা ক্ষোভ প্রকাশ নতুন কিছু নয়, সেখানে কনকচাঁপা বেছে নিয়েছেন ভিন্ন পথ। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’

এই পোস্টে একদিকে যেমন তার ব্যক্তিগত বিশ্বাসের প্রতিফলন দেখা যায়, তেমনি রাজনীতির কঠিন বাস্তবতার মধ্যেও মানসিক স্থিরতার বার্তা ফুটে ওঠে।রাজনীতিতে কনকচাঁপার সম্পৃক্ততা নতুন নয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী, প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনি প্রচারণাকালে বিভিন্ন বাধার অভিযোগ তুলে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন, যা তখন জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দেয়।
বর্তমানে কনকচাঁপা বিএনপির সাংগঠনিক রাজনীতিতেও সক্রিয়। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য। পাশাপাশি দলটির অঙ্গসংগঠন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ, রাজনীতিতে তার অংশগ্রহণ কেবল নির্বাচনের সময়েই সীমাবদ্ধ নয়; বরং সংগঠনভিত্তিক কার্যক্রমেও তিনি যুক্ত।একজন জনপ্রিয় শিল্পীর রাজনীতিতে সক্রিয় হওয়া বাংলাদেশে নতুন ঘটনা নয়। তবে কনকচাঁপার ক্ষেত্রে বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে তার দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিচয় এবং সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের কারণে।

এবারের মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার বক্তব্যে স্পষ্ট-তিনি রাজনৈতিক সিদ্ধান্তের চেয়েও সময়, ধৈর্য ও বিশ্বাসকে বেশি গুরুত্ব দিচ্ছেন।সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণা নিয়ে দলীয় সিদ্ধান্ত কী হয়, সেটিই এখন দেখার বিষয়। সেই সঙ্গে নজর থাকবে-এই অনিশ্চয়তার পর রাজনীতিতে কনকচাঁপার পরবর্তী অবস্থান কোন দিকে গড়ায়।