ফারহান তানভীর :
ঈদুল আজহাকে সামনে রেখে ঢালিউডে জমে উঠছে সিনেমার লড়াই। সেই তালিকায় নতুন সংযোজন ‘মালিক’। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটির দুটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতারা। আজ মঙ্গলবার পর্যন্ত সিনেমাটির একটি ট্রেলার এবং “গুলগুলি পিঠা” নামের একটি আইটেম গানও মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন মিলা এবং প্রতীক হাসান।পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। এখন ট্রেলার দেখার পর সেই আগ্রহ কয়েকগুণ বেড়ে গেছে বলা যায়। আর দুটি পোস্টারও যেন সিনেমাটির দুই ভিন্ন জগতের আভাস দিচ্ছিল-একদিকে প্রতিশোধ আর ক্ষমতার উত্তাপ, অন্যদিকে ভালোবাসা ও আবেগের কোমলতা।

প্রকাশিত প্রথম পোস্টারে আরিফিন শুভকে দেখা গেছে একেবারে অ্যাকশনধর্মী রূপে। তার চোখেমুখে ছিল জমে থাকা ক্ষোভ, রাগ আর প্রতিশোধের আগুন। সেই লুক অনেকের কাছেই বলিউডের ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের তীব্র উপস্থিতির কথা মনে করিয়ে দিয়েছে। অন্যদিকে দ্বিতীয় পোস্টারে ছিল সম্পূর্ণ ভিন্ন আবহ। সেখানে শুভর পাশে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। দুজনকে রোমান্টিক মেজাজে তুলে ধরা হয়েছে, যেন গল্পের ভেতরে প্রেমও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। দুটি পোস্টারেই ব্যবহার করা হয়েছে ‘রিভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’ ট্যাগলাইন, যা স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে প্রতিশোধের গল্পের দিকে।নির্মাতা সাইফ চন্দনের ভাষ্য অনুযায়ী, দর্শকদের সামনে সিনেমার বহুমাত্রিকতা তুলে ধরতেই দুটি আলাদা আবহের পোস্টার প্রকাশ করা হয়েছে। তিনি জানিয়েছেন, সেন্সর কার্যক্রম শেষ হওয়ার পর সিনেমাটির গান এবং অ্যাকশনধর্মী ট্রেলারও প্রকাশ করা হবে। বর্তমানে কলকাতায় চলছে পোস্ট-প্রোডাকশনের শেষ মুহূর্তের কাজ। নির্মাতার প্রত্যাশা, ঈদের বড় পর্দায় দর্শকদের জন্য বাড়তি বিনোদনের প্যাকেজ হয়ে উঠবে ‘মালিক’।

তবে শুধু পোস্টার,ট্রেলার বা অ্যাকশন নয়, সিনেমাটির গল্প নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, ‘মালিক’ মূলত একটি অ্যাকশনধর্মী গল্প। এর কেন্দ্রে রয়েছে এক জেদি, একরোখা মানুষের জীবনসংগ্রাম। যে সাধারণ যুবক একসময় মায়ের সম্মান ও নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে নামেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষই অপরাধজগতের ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়। গল্পটি তাই শুধু মারপিট বা ক্ষমতার নয়; বরং অপমান, ক্ষোভ, সংগ্রাম আর পরিবর্তনেরও গল্প। মূল ভূমিকায় থাকা আরিফিন শুভকে এই যাত্রার মধ্য দিয়েই দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।আর এই গল্পে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন বিদ্যা সিনহা মিমও। দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে ‘মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। ফলে ‘মালিক’ মিমের জন্যও বিশেষ একটি প্রত্যাবর্তনের সিনেমা।নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে মিম জানিয়েছেন, সিনেমায় তাকে দেখা যাবে এক ভীষণ চঞ্চল মেয়ের চরিত্রে। যে সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে। ছেলে-বুড়ো সবার সঙ্গেই তার সহজ বন্ধুত্ব। তাস খেলা থেকে শুরু করে ক্রিকেট-সবকিছুতেই সে সমান পারদর্শী। জীবনকে প্রাণভরে উপভোগ করাই যেন তার স্বভাব। কিন্তু গল্পে হঠাৎ একটি ঘটনা ঘটে, যা বদলে দেয় মেয়েটির পুরো জীবন। চঞ্চলতা আর দুরন্তপনা হারিয়ে সে হয়ে ওঠে হিংস্র ও প্রতিশোধপরায়ণ।মিমের এই বক্তব্য থেকেই সিনেমার গল্প সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায়। হতে পারে, ‘মালিক’ শুধু একজন পুরুষের ক্ষমতায় ওঠার গল্প নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে আরেকটি মানসিক ও আবেগঘন যাত্রা। হয়তো কোনো ট্র্যাজেডি, বিশ্বাসঘাতকতা বা ভয়াবহ ঘটনার পর বদলে যায় দুই চরিত্রের জীবন। ফলে প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার সমান্তরাল সংঘাতই সিনেমার মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও ‘মালিক’ নিয়ে আশাবাদী মিম। তার মতে, নির্মাতা সাইফ চন্দন একজন ভালো পরিচালক। আগের ছবি ‘লোকাল’ দিয়েও তিনি আলোচনা তৈরি করেছিলেন। পাশাপাশি আরিফিন শুভ ও মিম জুটির ওপরও রয়েছে দর্শকদের আলাদা আস্থা। এর আগে ‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’ সিনেমায় তাদের রসায়ন দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে বিশ্বাস অভিনেত্রীর।এতো এতো ইতিবাচক দিকের পাশাপশি একটি সংশয়ের ব্যাপারও এখানে আছে। সিনেমাটির স্ক্রিপ্ট রাইটারের ভাষ্যমতে,তিনি তার সম্পূর্ণ পারিশ্রমিক পাননি। এজন্য তিনি সিনেমার পরিচালক প্রযোজকদের জানিয়েছিলেন,আপনারা ছবি মুক্তি দেন সমস্যা নাই।কিন্তু আমার নাম ব্যবহারের করবেন না।যেখানে আমি আমার কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন পাইনি সেখানে আমি আমার নাম ব্যবহার করতে দেবোনা।তবে তার কথা গ্রাহ্য না করে তাকে ক্রেডিট দেয়া হয়েছে এবং এতে তিনি মামলার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে।
ঈদের বাকি আর মাত্র দুইদিন।“মালিক” এর কপালে কি আছে কে জানে? তবে অনেকেই বলছেন,সিনেমাটি যদি মুক্তি পায় তাহলে তা শাকিব খানের রকস্টারের সাথে ভালো লড়তে পারে।ট্রেলার দেখে অনেকে তো মালিককেই এগিয়ে রেখেছেন রকস্টারের তুলনায়।দেখার বিষয় এখন দুইটি-মালিক কি নির্বিঘ্নে মুক্তি পাবে? মুক্তি পেলেও তা কি হারাতে পারবে রকস্টারকে?