ছোট্ট রাজকুমার জয় এখন ১০-এর ঘরে, শাকিব খানের আবেগঘেরা পোস্ট ভাইরাল!

মেহেদী হাসান :

ঢালিউডের আলোচিত তারকা সন্তান আব্রাহাম খান জয় আজ ১০ বছরে পদার্পণ করলো। জন্মের পর থেকেই তাকে ঘিরে ছিলো দর্শক ও ভক্তদের তুমুল আগ্রহ, কারণ সে দেশের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জয় পৃথিবীর আলো দেখেছিল, আর কয়েক মাস পরই প্রকাশ্যে আসে তার অস্তিত্ব। এরপর থেকে একের পর এক আলোচনার কেন্দ্রে থেকেছে সে। জয়কে ঘিরে কৌতূহল বরাবরের মতোই প্রবল, সামাজিক যোগাযোগমাধ্যমে তার যেকোনো ছবি বা ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে।এই বিশেষ দিনে বাবা–মা দুজনই ছেলেকে শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

ছবিতে শাকিব খান এবং আব্রাহাম

শাকিব খান যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে ঘোরাঘুরির একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে। মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি, যখনই তোমার প্রয়োজন। অনেক ভালোবাসা আমার বাচ্চাটা।” অন্যদিকে অপু বিশ্বাস ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা-সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।”

সেল্ফিতে বাবার সাথে বন্দি আব্রাহাম

শাকিব–অপুর সম্পর্কের কথা বলতে গেলে আলাদা একটি অধ্যায় খুলে যায়। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাঁরা গোপনে বিয়ে করেন এবং প্রায় আট বছর সংসার করেন লুকিয়ে। ২০১৭ সালের এপ্রিল মাসে অপু বিশ্বাস এক টেলিভিশন লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে প্রথমবারের মতো জানান তাদের বিয়ে ও সন্তানের কথা। এই খবর প্রকাশ্যে আসার পর ঢালিউড ইন্ডাস্ট্রিতে যেন ঝড় বয়ে যায়। এর কিছুদিন পরেই সম্পর্কের অবনতি ঘটে এবং শেষমেশ দুজন আলাদা হয়ে যান। বিচ্ছেদের পর জয় মায়ের কাছেই বড় হচ্ছে, তবে বিশেষ উপলক্ষে বাবার সঙ্গেও সময় কাটায়। এমন অনেক সময় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বাবার সঙ্গে দেখা করার মুহূর্তগুলো ছবি ও ভিডিও হয়ে ভাইরাল হয়েছে।শুধু পারিবারিক কারণে নয়, জয়কে ঘিরে সাধারণ ভক্তদেরও একটা আবেগ তৈরি হয়েছে।

বাবা এবং মায়ের সাথে ছেলে আব্রাহাম

বাংলাদেশের দর্শকদের কাছে জয় শুধু একজন তারকা সন্তানের নাম নয়, বরং এক রকম অনুভূতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন। অপু বিশ্বাস একাধিক সাক্ষাৎকারে বলেছেন, জয়কে ভালো শিক্ষা ও শৈশব দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রয়োজনে বিদেশে পড়াশোনার ব্যবস্থাও করবেন তিনি।

আজকের দিনে জয়কে ঘিরে বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। জন্মদিন যেন তার কাছে কেবল পারিবারিক আনন্দে সীমাবদ্ধ না থেকে ভক্তদের মাঝেও এক বিশেষ দিনে পরিণত হয়েছে। ১০ বছরে পা দেওয়া জয়কে নিয়ে সবাই প্রত্যাশা করছে, সে যেন সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন যাপন করে বড় হয়ে ওঠে। ঢালিউডের আলোচিত এই স্টার কিডের প্রতিটি পদক্ষেপ ভক্তদের কাছে কৌতূহলের জন্ম দেয়, আর তাই তার জন্মদিনও থেকে যায় আলোচনার কেন্দ্রে।

Leave a Comment