মেহেদী হাসান :
ঢাকার বনানীতে মিনিসোর নতুন শো-রুম উদ্বোধনে মাত্র আধা ঘণ্টার জন্য হাজির হয়েছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছোট্ট ইভেন্ট হলেও সেদিন তৈরি হয় এমন এক মুহূর্ত, যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তার নেপথ্যে ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্যা ছোটভাই।দোকানের ভেতর ভক্ত আর ক্যামেরার ভিড়ের মাঝে রাফসানের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন শাকিব। ঠিক সেই সময়ই হেসে হেসে তিনি বলে ফেলেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সাথে, হানিয়া আমিরের সাথে।”

কথাটা বলা মাত্রই চারদিকে মাইক্রোফোন এগিয়ে আসে। কারণ রাফসানের সেই ভ্লগটা কয়েক দিন আগেই ভাইরাল হয়েছিল-যেখানে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, যিনি সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসে ফ্যানদের সঙ্গে মেতে উঠেছিলেন। শহর তখন তার উপস্থিতিতে সরগরম, আর রাফসানের সেই ভ্লগই এলগরিদমে আগুন লাগিয়ে দিয়েছিল।তাই শাকিবের মন্তব্যে সাংবাদিকদের প্রশ্ন আসবে-এটাই স্বাভাবিক। একজন রিপোর্টার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, “আপনি কি হানিয়া আমিরের সঙ্গে মুভি করছেন?” কোনো ঘুরপাক নয়-শাকিবের উত্তর সোজা, “হ্যাঁ, একটা মুভির কথা চলতেছে।”এক বাক্যে পুরো পরিবেশ জমে ওঠে।

মাত্র কয়েকদিন আগেই ঢাকায় হানিয়ার উপস্থিতি নিয়ে দেশে উত্তেজনা চলছিল, এবার শাকিবের মুখে তার নাম উচ্চারিত হওয়ায় কৌতূহল আরও বেড়ে যায়। বিশেষ করে হানিয়া যখন ঢাকার ইউথ-অডিয়েন্সের কাছে এখন এক নম্বর আলোচিত মুখ, আর শাকিব তার ক্যারিয়ারের এই সময়ে আন্তর্জাতিক কোলাবরেশন নিয়ে সিরিয়াস-তখন দুই তারকার নাম একই কথোপকথনে উঠে আসা মানেই নতুন ভবিষ্যৎ ইঙ্গিত।রাফসানের ভ্লগ যেন এখন এই পুরো নাটকের প্রথম অধ্যায়। হানিয়ার ঢাকায় আসা, ব্র্যান্ড ইভেন্টে তার উপস্থিতি, সেই ভিডিওর ভাইরাল রিচ-সবকিছু মিলেই শাকিবের ‘ফিউচার হিরোইন’ মন্তব্যটাকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে। যেন তিনি বুঝিয়ে দিলেন, আলোচনার বাইরে বিষয়টা আর নেই-এখন সেটা প্রজেক্টের দিকে এগোচ্ছে।

ইভেন্ট থেকে বের হওয়ার পরেই মুহূর্তটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় বয়ে যায়। কেউ বলছে-“ক্রস-বর্ডার স্টার পাওয়ার-এবার জমবে।” কেউ বলছে-“শাকিবের লাইনটাই পুরো গল্পের শুরু।” আবার অনেকে রাফসানের উপস্থিতিকেই ঘটনাটি ঘটানোর কৃতিত্ব দিচ্ছে-কারণ না থাকলে হয়তো কথোপকথন ধরা পড়তই না।৩০ মিনিটের উপস্থিতিতেই শো-রুম ইভেন্টকে দিনটির হট নিউজে পরিণত করলেন শাকিব।

এখন অপেক্ষা-এই ‘ফিউচার হিরোইন’ মন্তব্য কি সত্যিই বড়পর্দার দিকে যাচ্ছ, নাকি এটি কেবল আগাম উত্তেজনা তৈরি করার প্রথম স্ফুলিঙ্গ?কিন্তু আপাতত ঢাকার দুই আলোচিত মুখ-শাকিব খান এবং হানিয়া আমির-একই বাক্যে আসতেই ঢালিউডের আড্ডায় নতুন স্বপ্নের আঁচ পাওয়া যাচ্ছে।