মেরিল প্রথম আলো পুরস্কার – ২০২৫ এ পুরস্কৃত হলেন যারা…

ফারহান তানভীর :

বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জমজমাট এবং মর্যাদাপূর্ণ আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’- এবারের আসর শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিলনা বরং তারকাদের মিলনমেলা, সাফল্যের উদযাপন আর দর্শক-ভালোবাসায় তা পৌঁছে গিয়েছিল এক অনন্য শিখরে। ২৪ এপ্রিল, শুক্রবার, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল এই বর্ণিল আসর, যেখানে আলো, ক্যামেরা আর করতালিতে মুখরিত ছিল পুরো সন্ধ্যা।

ছবিতে নিশো ও মেহজাবীন

২৭তম এই আয়োজনটি শুরু থেকেই ছিল প্রাণবন্ত। মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় দুই তারকা আফরান নিশো এবং মেহজাবীন , যাদের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটির স্বার্থকতার একটি বড় কারণ। তাদের বুদ্ধিদীপ্ত সংলাপ, হালকা রসিকতা এবং স্মার্ট উপস্থাপনা দর্শকদের মন খুব সহজেই জয় করে নিয়েছিল।এবারের আয়োজনে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি সমালোচক (ক্রিটিক) ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পেয়েছিলেন। দর্শকের ভোট এবং জুরিদের মূল্যায়নের সমন্বয়ে নির্ধারিত হয়েছে বিজয়ীদের নাম।

ছবিতে রুনা লায়লা,আলমগীর ও আঁখি আলমগীর

এবারের ‘সেরা চলচ্চিত্র অভিনেতা’ হিসেবে পুরস্কার জিতেছেন আফরান নিশো , যিনি গত বছর তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শক ও সমালোচক- দুই পক্ষেরই প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে ‘সেরা চলচ্চিত্র অভিনেত্রী’ হয়েছেন তমা মির্জা।সিনেমা জগতের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি ‘সেরা সিনেমা’ বিভাগে বিজয়ী হয়েছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’। সমালোচকদের বিচারে ‘সেরা সিনেমা (সমালোচক)’ নির্বাচিত হয়েছে ‘সাবা’।

গতকালের অনুষ্ঠানে

এবার পুরস্কার বিতরণীতে সংগীত অঙ্গনেও ছিল চমক। ‘সেরা গায়ক (পুরুষ)’ হয়েছেন ইমরান মাহমুদুল , যিনি এখনো ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন। অন্যদিকে ‘সেরা গায়িকা’ হিসেবে পুরস্কার পেয়েছেন জেফার রহমান।অভিনয় সমালোচক বিভাগে ‘সেরা অভিনেতা’ হয়েছেন উড়াল সিনেমার মুন্না ও শান্ত (যুগ্মভাবে)।সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবীন (সমালোচক) এবং জিম্মি ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান।

আলমগীরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রুনা লায়লা

বিশেষ সম্মাননা বিভাগে ‘বিশেষ সম্মাননা’ পেয়েছেন নগর বাউল জেমস, যার সংগীতজীবন বাংলাদেশের ব্যান্ডসংগীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আর আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা আলমগীর -কে, যিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অবদান রেখে গেছেন অনন্য উচ্চতায়।এছাড়াও ‘সেরা অভিনেতা (ওয়েব)’ হয়েছেন নাসিরুদ্দিন খান।