ফারহান তানভীর :
ঢালিউডের সুপারস্টার শাকিব খান যেন আবারও প্রমাণ করলেন-তিনি যখন পর্দায় ফিরেন, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন। তাঁর নতুন ছবি ‘সোলজার’-এর শুটিং শুরু হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেটের কিছু অংশ মাঝেমধ্যে ফাঁস হয়ে যাচ্ছে, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে। কেউ বলছেন, “এই লুক একেবারে নতুন,” কেউ আবার মনে করছেন, “এ যেন পুরনো শাকিবেরই প্রত্যাবর্তন।

”গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, ঈদের পর অক্টোবরে নতুন ছবির মাধ্যমে ফিরবেন শাকিব খান। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। অক্টোবরের শুরুতেই জানা যায়, ছবির নাম ‘সোলজার’, আর শুটিংও শুরু হয়ে গেছে। এর মধ্যেই শাকিব নিজেই তাঁর ফেসবুক পেজে ছবিটির একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টারে দেখা যায় ঘর্মাক্ত মুখ, মোটা গোঁফ, গভীর চোখে তীক্ষ্ণ দৃষ্টি-একেবারে ভিন্ন এক শাকিব খান। এই চাহনিতেই যেন লুকিয়ে আছে এক রহস্য, এক অজানা গল্পের ইঙ্গিত।

তবে ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই শুরু হয় নতুন এক বিতর্ক। কেউ বলছেন, শাকিবের এই লুক নাকি রণবীর কাপুরের কোনো ছবির অনুকরণ, আবার কেউ তুলনা টানছেন ২২ বছর আগের শাকিবের ‘ওরা দালাল’ ছবির চরিত্রের সঙ্গে। সেই সিনেমায়ও শাকিবকে দেখা গিয়েছিল গোঁফওয়ালা, দেশপ্রেমিক এক সাংবাদিকের ভূমিকায়-যিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। তাই অনেকেই বলছেন, “এই কি সেই পুরনো সুলতানের নতুন রূপ?”
তবে পরিচালক সাকিব ফাহাদ এই তুলনাকে খুব একটা গুরুত্ব দিতে চান না। তাঁর ভাষায়, “দর্শকদের সিনেমা দেখেই সব ভুল ভাঙবে। আমরা চাই, ‘সোলজার’-এর মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হোক, নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করুক। এটা মূলত দেশপ্রেমের গল্প।”

এমন মন্তব্য থেকেই বোঝা যায়, ‘সোলজার’ কেবল একটি অ্যাকশন সিনেমা নয়-এটি দেশের সাধারণ মানুষের যন্ত্রণা, চিন্তা ও স্বপ্নের প্রতিচ্ছবি হতে যাচ্ছে। এখানে শাকিব খান হচ্ছেন এক প্রতীক, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন দেশের হয়ে, মানুষের হয়ে।
তবু সোশ্যাল মিডিয়ায় আলোচনা থেমে নেই। কেউ বলছেন, “লুকটা দারুণ, কিন্তু আগের মতো ইনোসেন্ট এক্সপ্রেশন নেই,” কেউ লিখছেন, “এই শাকিব আরও মেচিউর, আরও শক্তিশালী।” আবার কেউ মনে করিয়ে দিচ্ছেন, “গোঁফওয়ালা শাকিব কিন্তু নতুন নয়-‘রাজনীতি’ আর ‘নবাব এলএলবি’-তেও তিনি এমন লুকে ছিলেন।

”তুলনা, বিতর্ক, কিংবা লুক-সবকিছু ছাপিয়ে একটা বিষয় স্পষ্ট: ‘সোলজার’ নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। পাঁচ মাস ধরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই অপেক্ষার অবসান ঘটছে ধীরে ধীরে। শাকিব খানের ক্যারিয়ারে এটি হতে পারে নতুন এক মোড়, যেখানে তিনি শুধুই নায়ক নন-বরং এক ‘সোলজার’, যিনি দেশের মানুষের প্রতিনিধি হয়ে পর্দায় ফিরছেন।
বাংলা সিনেমার দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে-কেমন গল্প নিয়ে আসছেন তাঁদের প্রিয় তারকা। এক ভক্তের মন্তব্যই যেন সেই প্রত্যাশার সারাংশ, “গোঁফ এক হলেও গল্পটা এবার দেশকে নিয়ে। আর সেই গল্পে শাকিব মানেই এক আলাদা ম্যাজিক।”