তবে কি ছেলের জীবন ধ্বংসের কারণ ইমরান হাশমি নিজেই?

ফারহান তানভীর :

ইমরান হাশমি বলিউডে এমন এক নাম যাকে ঘিরে বরাবরই থাকে কৌতূহল, বিতর্ক আর কল্পনার জোয়ার। এক সময়ের ‘সিরিয়াল কিসার’ হিসেবে তাঁকে নিয়ে যত সমালোচনা হয়েছে, তার চেয়েও বেশি হয়েছে প্রশংসা-কারণ তিনি সাহস করে এমন চরিত্রে অভিনয় করেন, যা অন্যরা ভাবতেও ভয় পায়। কিন্তু এবার পরিস্থিতিটা একেবারে উল্টো। চরিত্রের সাহসী দিক নিয়ে এবার বিপাকে পড়েছেন স্বয়ং ইমরান নন বরং তাঁর ছোট ছেলে আয়ান!সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এর এক সাক্ষাৎকারে ইমরান হেসে হেসে বললেন, তাঁর ছেলে নাকি বাবার সাম্প্রতিক চরিত্র দেখে বেশ বিব্রত। “ও এখন স্কুলে গেলেই বন্ধুরা বলে-‘এই, ইনটিমেসি কোচের ছেলে!’-এমনই হাস্যরস মিশ্রিত স্বীকারোক্তি অভিনেতার।

অভিনেতা ইমরান হাশমি। ছবি – ইন্ডিয়া ফোরামস

ইমরান আরও যোগ করেন, “একদিন আয়ান এসে রাগে বলল-‘তুমি আমার পুরো স্কুলজীবন শেষ করে দিলে! প্লিজ, এই সব বন্ধ করো!’ আমি হেসে ওকে বললাম-বাবা, এটা তো কাজের অংশ, এতে লজ্জার কিছু নেই।”এ কথাগুলো এসেছে ইমরানের ব্যাডস অফ বলিউড–এর চরিত্রকে ঘিরে। এই ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছিলেন এক ইন্টিমেসি কোচের ভূমিকায়,যে মানুষ অভিনেতা-অভিনেত্রীদের শেখায় কিভাবে ক্যামেরার সামনে সংবেদনশীল দৃশ্যগুলো পেশাদারভাবে ফুটিয়ে তুলতে হয়। এই চরিত্রে ইমরানের উপস্থিতি দর্শকের চোখে যেমন অদ্ভুত মজার, তেমনি অনেকের কাছে চমকও। কারণ যে অভিনেতা এক সময় নিজেই স্ক্রিনে ‘ইন্টিমেট দৃশ্যের রাজা’ হিসেবে পরিচিত ছিলেন, তিনিই এবার শেখাচ্ছেন সেটার নিয়ম ও নৈতিকতা!

অভিনেতা ইমরান হাশমি ও ছেলে আয়ান। ছবি – বলিউড হাঙ্গামা

ইমরান বলেন, “যখন এই চরিত্রের অফার পাই, আমি প্রথমে নিজেই হাসতে শুরু করি। ভাবলাম-একটা সময় আমার নাম শুনলেই মানুষ কিসিং সিন কল্পনা করত, আর আজ আমি নাকি ‘ইন্টিমেসি কোচ’! কিন্তু গল্পটা এত স্মার্ট আর মজার ছিল যে, না বলার প্রশ্নই ওঠে না।”এই সিরিজ মুক্তি পাওয়ার পর দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে-কেউ মজা পেয়েছে, কেউ বা ঠাট্টা করেছে। কিন্তু সবচেয়ে মজার প্রতিক্রিয়া এসেছে ইমরানের নিজের ঘর থেকেই। ছেলে আয়ান,বাবার এই নতুন চরিত্র দেখে একেবারে অস্বস্তিতে পড়ে গেছে। বন্ধুরা মজা করে খোঁচা দেয়, ক্লাসে টিজ করে, এমনকি অনেকে সিরিয়াস মুখে বলে-“তোর বাবা তো এখন কোচ!”ইমরান বলেন, “ওর বয়স এখন এমন, যেখানে বন্ধুরা এসব নিয়ে হাসাহাসি করে। আমি বুঝি, ওর অবস্থাটা সহজ নয়। কিন্তু আমি চাই, ও বুঝুক-অভিনয় একটা পেশা, আর চরিত্র মানেই বাস্তব নয়। আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে, মানুষ হাসবে, ঠাট্টা করবে, কিন্তু নিজের কাজ ভালোভাবে করলে সেটাই শেষ পর্যন্ত সম্মান এনে দেয়।”

অভিনেতা ইমরান হাশমি। ছবি – বলি নিউজ

বস্তুত, ইমরান হাশমির ক্যারিয়ারটাই যেন বিতর্ক আর পুনর্জন্মের গল্প। প্রথম দিকে মার্ডার,জান্নাত,আশিক বানায়া আপনে–এর মতো ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয় হন। এরপর এক সময় দর্শক ক্লান্ত হয়ে পড়ে একই ধাঁচের চরিত্র দেখে। ইমরানও বুঝে ফেলেন, পরিবর্তন দরকার। তিনি নেন অভিনয় জীবনের নতুন দিশা- দ্যা ডার্টি পিকচার,সাঙ্ঘাই,টাইগার্স,চিট ইন্ডিয়া–এর মতো ছবিতে প্রমাণ করেন, তিনি শুধু রোমান্সের নয়, কনটেন্টেরও অভিনেতা।তবুও ইমরান জানেন, তাঁর নাম শুনলেই এখনো অনেকের মাথায় ভেসে ওঠে সেই পুরোনো ইমেজ। তাই হয়তো ব্যাডস অফ বলিউড –এ ‘ইন্টিমেসি কোচ’ চরিত্রে অভিনয়টা তাঁর কাছে ছিল একধরনের মেটা-কমেডি-যেখানে তিনি নিজের অতীত ইমেজ নিয়েই খেলা করেছেন।

অভিনেতা ইমরান হাশমি ও ছেলে আয়ান। ছবি – বলি নিউজ

এখন দর্শকরা যেমন এই সিরিজে তাঁকে নতুনভাবে দেখেছে, তেমনি পরিবারে এই চরিত্র নিয়ে চলছে হাস্যরস। তবে এই ঘটনাটাই প্রমাণ করে, ইমরান হাশমি এখনও দর্শকের কাছে প্রাসঙ্গিক, এখনও তাঁর কাজ নিয়ে আলোচনা হয়, এখনও তিনি ট্রেন্ডিংয়ে থাকেন।শেষে ইমরান বলেন, “আমি এখন আগের চেয়ে অনেক রিল্যাক্সড। কে কি বলল, সেটা নিয়ে ভাবি না। শুধু চাই, আমার ছেলে বুঝুক-তার বাবা এখনো নতুন কিছু করার সাহস রাখে।”আর দর্শক? তারা মনে মনে বলছে-‘ইন্টিমেসি কোচ’ হোক বা থ্রিলার স্পেশালিস্ট, ইমরান হাশমি মানেই এখনো চমকের গ্যারান্টি।