বাংলাদেশে কেন আসছেন গ্ল্যামারকন্যা হানিয়া আমির? তাঁকে নিয়ে কেন এত মাতামাতি!

ফারহান তানভীর :

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সোমবার (সংবাদ বিজ্ঞপ্তিতে) সানসিল্ক বাংলাদেশ জানায়, প্রথমবারের মতো এই তারকাকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। তবে তিনি কবে নাগাদ আসছেন, তা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জানা গেছে, ঢাকায় কয়েক দিন অবস্থান করবেন হানিয়া।

অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও তাঁর জনপ্রিয়তা আলাদা করে বলার মতো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। টিকটক আর ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আচরণ তাঁকে তরুণদের কাছে আরও কাছের করে তুলেছে।

হাস্যোজ্জ্বল হানিয়া

২০১৬ সালে ‘জনান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। এক দশকের ক্যারিয়ারে ছোট পর্দায় ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো সুপারহিট ধারাবাহিকে অভিনয় করে দুই দেশের দর্শকের মন জয় করেছেন। শুধু টিভিতেই নয়, বড় পর্দাতেও তাঁর সমান দাপট। সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ‘সরদারজি ৩’ ছবির মাধ্যমে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন তিনি। পাকিস্তানে ছবিটি বক্স অফিসে সফল হলেও এর মধ্য দিয়ে তিনি সীমান্ত পেরিয়ে নতুন ভুবনের দরজা খুলে নিয়েছেন।

সম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় ছবিটি

রোমান্টিক চরিত্র থেকে কমেডি, গ্ল্যামারাস লুক থেকে গম্ভীর চরিত্রাভিনয়-সব জায়গাতেই নিজেকে সফলভাবে প্রমাণ করেছেন হানিয়া। এজন্যই অনেকে তাঁকে পাকিস্তানি টিভি-সিনেমার “কমপ্লিট প্যাকেজ” বলে আখ্যা দেন।

আকর্ষণীয় লুকে হানিয়া আমির

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। এবার সেই সূত্রেই ঢাকার মঞ্চে দেখা যাবে তাঁকে। জানা গেছে, তাঁর সফরসূচিতে শুধু ব্র্যান্ড ইভেন্ট নয়, বিশেষ কিছু কার্যক্রমও রাখা হয়েছে, যেগুলো নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে জোর কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Comment