ফারহান তানভীর :
ঘোষণা এসেছিল কয়েক মাস আগেই। সেই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ খানের অগণিত অনুরাগী। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন বলিউডের কিং খান।

কালো স্যুট আর সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে হাজির হয়েছিলেন তিনি। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’–এর অভিনয়ের সুবাদে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি, আর প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, শাহরুখের স্ত্রী গৌরী খানের প্রযোজনা সংস্থা।

পুরস্কার হাতে নেওয়ার পর বলিউডের বহু শিল্পী শাহরুখকে অভিবাদন জানান। স্ত্রী গৌরী খানও সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি শাহরুখের পুরস্কার গ্রহণের ছবি শেয়ার করে লিখেছেন, “কী অসাধারণ এক যাত্রা। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। তুমিই যোগ্য…এটি তোমার বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিবেদনের ফল। এখন আমি এই পুরস্কারের জন্য বিশেষ এক মান্টল (শোকেস) ডিজাইন করছি।”এর আগে আগস্টে বিজয়ীদের নাম ঘোষণার পর এক ভিডিও বার্তায় শাহরুখ জানিয়েছিলেন, জাতীয় পুরস্কার কেবল অর্জন নয়, বরং এটি এক বড় দায়িত্বের প্রতীক। তাঁর ভাষায়, “এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি যা করি তা গুরুত্বপূর্ণ, এবং আমাকে আরও নিষ্ঠার সঙ্গে সিনেমার সেবা চালিয়ে যেতে হবে।”

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি (‘টুয়েলভথ ফেল’), আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে রানী মুখার্জির হাতে (‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’)।বর্তমানে শাহরুখ নতুন ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। মেয়ে সুহানা খানকে নিয়ে তিনি ছিলেন পোল্যান্ডে। তবে জীবনের এই বিশেষ সম্মান গ্রহণ করতে শুটিং বিরতি দিয়ে তিনি ছুটে আসেন দিল্লিতে।শাহরুখের ক্যারিয়ারের অসংখ্য অর্জনের সঙ্গে এবার যোগ হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার-যা শুধু তাঁর জন্য নয়, বরং কোটি ভক্তের কাছেও এক আবেগঘন মুহূর্ত।