ফারহান তানভীর :
বলিউডের রাজকন্যা ক্যাটরিনা কাইফ আর পর্দার সেনা ভিকি কৌশলের জীবনে আজ এক অবিস্মরণীয় দিন। দুই তারকার ঘরে এসেছে তাঁদের প্রথম সন্তান-একটি পুত্রসন্তান। শুক্রবার সকালে মুম্বাইয়ের এক প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় এই নবজাতক আর মুহূর্তেই আনন্দে মাতে বলিউড থেকে ভক্তমহল।

একসময় তাঁদের প্রেম ছিল শহরের সবচেয়ে গোপন আবার সবচেয়ে আলোচিত গল্প। “ভিকক্যাট”-নামেই চেনা এই জুটি ভক্তদের কাছে। সেই প্রেম থেকেই শুরু হয় এক রাজকীয় বিয়ের আয়োজন, ২০২১ সালের ডিসেম্বরের রাজস্থানের ফোর্ট বর্মেরা বিলাসে। আজ সেই ভালোবাসার পরিণতি এক নতুন জীবনের সূচনা।

ভিকি ইনস্টাগ্রামে লিখেছেন, “Our bundle of joy has arrived. Mother and baby are both doing well. We are overwhelmed with love and gratitude.” ক্যাটরিনার মুখে হাসি, চোখে আলো-যেন সারা পৃথিবীর মমতা একত্র হয়েছে সেই মায়ের মুখে।অন্যদিকে বলিউডের তারকারা একে একে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন দম্পতির টাইমলাইন। কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, আরজুন কাপুর, পরিণীতি সবাই একসুরে জানিয়েছেন অভিনন্দন।

সোশ্যাল মিডিয়ায় চলছে JuniorKaushal হ্যাশট্যাগে-যেন ছোট্ট রাজপুতের আগমনেই নতুন প্রাণ পেয়েছে ভক্তদের দুনিয়া।ক্যাটরিনা বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে রাখতেন গোপনে, কিন্তু যেদিন থেকে ভিকির সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসে, সেদিন থেকেই মানুষ ওদের ভালোবেসেছে এক জুটি হিসেবে-যেন বাস্তবের রাজকন্যা আর সৈনিকের প্রেমকাহিনি। আজ সেই গল্পে যোগ হলো এক নতুন অধ্যায়-একটি প্রাণের স্পর্শ, একটুকরো ভালোবাসার স্থায়ী রূপ।

ভিকি এখন শুটিং থেকে বিরতি নিয়ে পরিবারে সময় দিচ্ছেন, আর জানা গেছে, ক্যাটরিনা কিছুদিনের জন্য সিনেমা থেকে দূরে থাকবেন। তাঁদের এই নতুন যাত্রার জন্য ভক্তদের শুভেচ্ছা থামছেই না।জীবনের এই পর্যায়ে এসে, ভিকি–ক্যাটরিনার সম্পর্ক যেন আরও একবার প্রমাণ করল-বলিউডের সবচেয়ে সুন্দর গল্পগুলো শুধু সিনেমায় নয়, বাস্তবেও লেখা হয় ভালোবাসার কালি দিয়ে।