প্রভু দেবা ও রাভিনাদের সঙ্গে আরিফিন শুভ, ভিন্ন লুকে মুগ্ধ দর্শক!

রুপালি ডেস্ক: অভিনেতা আরিফিন শুভ আবারও আলোচনায়। ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের প্রযোজনায় নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। আর এই সিরিজেই অভিনয় করছেন শুভ। গেল বছরের নভেম্বরে তিনি শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ভারতে। সম্প্রতি সনি লিভ তাদের এক ঝলক ভিডিও ক্লিপ প্রকাশ করেছে, যেখানে শুভকে দেখা গেছে বলিউড তারকা প্রভু দেবা ও রাভিনা ট্যান্ডনদের সঙ্গে।

‘স্টোরিজ দ্যাট লিভ অন’ শিরোনামে ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওর দৈর্ঘ্য ২ মিনিট ৩০ সেকেন্ড। এটি টিজার নাকি ট্রেলার-সেটা স্পষ্ট করা হয়নি। তবে ভিডিও প্রকাশের পরপরই ইউটিউবের মন্তব্য ঘরে শুভকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে। কেউ লিখেছেন, “জ্যাজ সিটির অপেক্ষায় রইলাম।” আবার কেউ বলেছেন, “সনি লিভের সিরিজে শুভকে দুর্দান্ত লাগছে।” অনেক দর্শক মনে করছেন, এই কাজটি শুভর এক অনন্য ফিরে আসা। ভক্তদের মতে, তিনি আন্তর্জাতিক মানের একজন অভিনেতা, যিনি বাংলাদেশকে গর্বের সঙ্গে উপস্থাপন করছেন।

সিরিজটি নির্মাণ করছেন আলোচিত পরিচালক সৌমিক সেন, যিনি জনপ্রিয় সিরিজ ‘জুবিলি’-এর সহস্রষ্টা। জানা গেছে, নতুন এই সিরিজেও থাকছে নানা চমক। শুভর বিপরীতে অভিনয় করছেন সৌরসেনী মৈত্র, এছাড়া টলিউড ও বলিউডের আরও বেশ কয়েকজন তারকা যুক্ত হয়েছেন প্রজেক্টে। গল্পে সত্তরের দশকের কলকাতার আবহ তুলে ধরা হবে। এক জ্যাজ ক্লাবকে কেন্দ্র করে এগোবে কাহিনি, যেখানে থাকবে ২০-২৫টি টেবিল আর ১০০-১৫০ অতিথির বসার ব্যবস্থা। শুটিং সেটে পরিচালক পুরোনো কলকাতার রূপটিই নিখুঁতভাবে ফিরিয়ে এনেছেন।

উল্লেখ্য, শুভর সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘নীলচক্র’। সামনে মুক্তির অপেক্ষায় আছে তাঁর দুটি ছবি-‘নূর’ এবং ‘ঠিকানা বাংলাদেশ’। নতুন এই আন্তর্জাতিক প্রজেক্টের মাধ্যমে ভক্তরা মনে করছেন, শুভর ক্যারিয়ার আরও উজ্জ্বল হবে।

Leave a Comment