ফারহান তানভীর :
নব্বইয়ের দশকের দুই সাড়া জাগানো নায়িকা কাজল ও টুইংকেল খান্না এবার দেখা দেবেন একেবারেই নতুন রূপে। দুজন মিলে আসছেন টক শোর সঞ্চালক হয়ে।

নাম ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-যা শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে, নতুন পর্ব প্রচার হবে প্রতি বৃহস্পতিবার। মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে ট্রেলার উন্মোচনেই শুরু হলো তারকাদের আড্ডা।

ঝলকেই চোখে পড়েছে আমির খান, সালমান খান, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, কৃতি শ্যানন থেকে করণ জোহর-জাহ্নবী কাপুর পর্যন্ত। তবে এ কেবলই টিজার, পুরো শোতে থাকবে আরও চমক।সবচেয়ে বেশি দৃষ্টি কাড়েন কাজল-টুইংকেল নিজেরাই।

টুইংকেল মজার ছলে ঘোষণা দেন, “আমরা বন্ধু নই, আমরা বোন।” আর সেই আন্তরিক সম্পর্কেই জমে উঠবে তাঁদের প্রাণখোলা আড্ডা। প্রথমবার সঞ্চালক হয়ে কাজল জানালেন, “এখানে তারকারা শেয়ার করবেন তাঁদের আসল গল্প, থাকবে খোলামেলা মজা।”

শাহরুখ খানকে নিয়েও হাসির মুহূর্ত তৈরি হয়। আর অতিথিদের মধ্যে গোবিন্দাকে নিয়ে কাজল অকপটে বলেন, “গোবিন্দা বস গোবিন্দা!”ওটিটি থেকে বড় পর্দা-সব জায়গায় সমানভাবে সক্রিয় কাজল, আর লেখালিখিতে ব্যস্ত টুইংকেল। এবার একসঙ্গে তাঁদের এই ঝকঝকে শো ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে।