ফারহান তানভীর :
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় মালাইকা অরোরা নামটি মানেই ঝলমলে উপস্থিতি, নিখুঁত নাচ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি। ‘ছাইয়া ছাইয়া’ থেকে শুরু করে ‘মুন্নি বদনাম হুই’-প্রতিটি গানে তাঁর পারফরম্যান্স যেন দর্শকদের মনে দাগ কেটে গেছে। সাম্প্রতিক সময়ে ‘পয়জন বেবি’ গানের মাধ্যমে আবারও আলোচনায় তিনি। তবে পর্দার এই নাচের রানির জীবনের সবচেয়ে বড় সমালোচক নাকি তাঁরই ছেলে, আরহান খান।

মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘পয়জন বেবি’ গানের প্রচার অনুষ্ঠানে মালাইকা হেসে জানান, তাঁর ছেলে আরহান দুর্দান্ত নাচে। “ও দারুণ নাচে, ঈশ্বরকে ধন্যবাদ, ও আমার নাচের জিন পেয়েছে,” বলেন অভিনেত্রী। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো-নাচের ক্ষেত্রে ছেলেই তাঁর সবচেয়ে বড় সমালোচক। “ও যখন নতুন কোনো স্টেপ শেখে, তখন আমাকে বলে, ‘মা, চলো একসাথে করি।’ তারপর সারাদিন আমার নাচ নিয়েই মজা করে। কখনও বলে, ‘প্লিজ, এমনভাবে নাচো না মা!”-হাসতে হাসতেই বলেন মালাইকা।অভিনেত্রীর মতে, এই ঠাট্টা তাঁকে কখনোই বিরক্ত করে না, বরং ভালো লাগে। “ওর চোখে আমি এখনো মা, বলিউড ডান্স ডিভা নই।” এই একটিমাত্র বাক্যে যেন প্রকাশ পায়, সাফল্যের শিখরে থেকেও মালাইকা কতটা মাটির মানুষ। ছেলের সঙ্গে এই সম্পর্কটাই তাঁকে প্রতিদিন নতুনভাবে অনুপ্রাণিত করে।

মালাইকার ছেলে আরহান খান হলেন তাঁর প্রাক্তন স্বামী অভিনেতা আরবাজ খানের সন্তান। দুজনের সম্পর্ক ভেঙে গেলেও, ছেলেকে কেন্দ্র করে তাঁদের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আজও বজায় আছে। আরহানের প্রিয় গানও নাকি তাঁর মায়েরই বিখ্যাত আইটেম নাম্বার ‘মুন্নি বদনাম হুই’। ছোটবেলা থেকেই সে নাচ ভালোবাসে এবং মাঝে মাঝেই মায়ের সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দেয়-এই বিষয়টি মালাইকার মুখে বলেই যেন আরও মধুর হয়ে ওঠে।

‘পয়জন বেবি’ নিয়ে মালাইকা বলেন, “অনেক দিন পর এমন পূর্ণাঙ্গ ডান্স নাম্বারে কাজ করলাম। গানটির কোরিওগ্রাফি ভীষণ এনার্জেটিক। এতে যেমন আবেগ আছে, তেমনি আছে একধরনের বিপজ্জনক আকর্ষণ। আমি চেয়েছিলাম, আমার নাচটা যেন একই সঙ্গে বেপরোয়া, সুন্দর ও আকর্ষণীয় লাগে।” সত্যিই, সেই লক্ষ্য যেন পুরোপুরি অর্জন করেছেন তিনি-‘পয়জন বেবি’ মুক্তির পর থেকেই দর্শকরা গানটির নাচ, মিউজিক ও তার পারফরম্যান্সে মুগ্ধ।এই গানে মালাইকার সঙ্গে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা। গানটি গেয়েছেন জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর ও দিব্যা কুমার। পরিচালনা করেছেন আদিত্য সারপোতদার, আর এটি থাকবে তাঁর নতুন সিনেমা ‘থামা’-তে। দীর্ঘদিন পর এমন এক ডান্স নাম্বারে ফিরে এসে মালাইকা যেন আবার প্রমাণ করলেন-বয়স কেবল সংখ্যা, আসল বিষয় হলো উচ্ছ্বাস, আত্মবিশ্বাস আর ছন্দের জাদু।

চলচ্চিত্রটি দেওয়ালি উপলক্ষে আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। গানের প্রচার ইতিমধ্যেই বলিউডজুড়ে উত্তেজনা তৈরি করেছে। আর দর্শকরা আবারও দেখতে পাবেন মালাইকা অরোরাকে তাঁর স্বরূপে-গ্ল্যামার, নাচ আর উচ্ছ্বাসের এক অবিচ্ছেদ্য প্রতীক হিসেবে। কিন্তু পর্দার বাইরে তিনি এখনো সেই মা, যার নাচের প্রথম দর্শক আর সবচেয়ে সৎ সমালোচক-তাঁর প্রিয় ছেলে আরহান খান।