রুপালি ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। পর্দায় তাঁর হাসি, স্টাইল আর সহজাত অভিনয়েই তিনি জয় করেছেন লাখো ভক্তের মন। তবে এই সাফল্যের আড়ালে কী পরিমাণ লড়াই লুকিয়ে আছে, তা এবার খোলাখুলি জানালেন তিনি নিজেই।
কোয়েলের অকপট স্বীকারোক্তি,“নায়িকা হিসেবে এন্ট্রিটা আমি খুব সহজে পেয়েছি, এটা স্বীকার করতে আমার দ্বিধা নেই। অন্যরা যেখানে একের পর এক অডিশন দিয়ে, পায়ের জুতো ক্ষয়ে সুযোগ পেয়েছে, সেখানে আমি বাবার নামের জোরে ফার্স্ট চান্সটা পেয়েছি।”
শুধু এখানেই থামেননি তিনি। জানালেন আসল যুদ্ধ শুরু হয়েছিল সুযোগ পাওয়ার পর থেকেই, “এরপর আমাকে দুটো স্ট্রাগল করতে হয়েছে। এক- নিজেকে প্রমাণ করার স্ট্রাগল। দুই- রঞ্জিত মল্লিকের মেয়ের স্ট্যান্ডার্ড বজায় রাখার স্ট্রাগল। এই দুটো যুদ্ধ একসঙ্গে সামলানোটা খুব একটা সহজ ছিল না। হয়তো এই দুটো কাজ ঠিকঠাক করতে পেরেছি বলেই দর্শকের এত ভালোবাসা পেয়েছি।”

টলিপাড়ায় এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ বলছেন, অবশেষে এক তারকা-সন্তান সত্যিটা স্বীকার করলেন, আবার কারও মতে-এই সততাই প্রমাণ করে কেন কোয়েল আজও দর্শকের মনে জায়গা ধরে রেখেছেন।
২০০৩ সালে নাটের গুরু দিয়েই হইচই ফেলে দেন কোয়েল। দেব আর জিৎ এর সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক ব্লকবাস্টার দিয়েছেন। শুভদৃষ্টি, পাগলু, মন মানে না,বলো না তুমি আমার,বেশ করেছি প্রেম করেছি,সাত পাকে বাঁধা,বন্ধন-প্রতিটা ছবিই যেন দর্শকের জন্য ছিল একেকটা উৎসব। তাঁর অনস্ক্রিন উপস্থিতি টলিউডে এক সময় তৈরি করেছিল নতুন ট্রেন্ড।

তবে কেবল গ্ল্যামার নয়, কোয়েল নিজের ইমেজ নিয়েও সবসময় সতর্ক ছিলেন। কারণ, দর্শকের চোখে তিনি শুধু কোয়েল মল্লিক নন, তিনি কিংবদন্তি রঞ্জিত মল্লিকের কন্যা। তাই গ্ল্যামার জগতে পা রাখার মুহূর্ত থেকেই তাঁর কাঁধে ছিল অতিরিক্ত দায়িত্ব- ‘রঞ্জিত মল্লিকের মেয়ের মান রাখতে হবে।’ আর কোয়েল নিজেও বিশ্বাস করেন, সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করেছেন তিনি।
আজ এত বছর পরও কোয়েলের জনপ্রিয়তা প্রমাণ করে, তিনি শুধু বাবার নামের ভরসায় আসেননি, নিজের প্রতিভা আর পরিশ্রমেই জায়গাটা পাকা করেছেন। আর সেই কারণেই কোয়েল মল্লিক নামটা আজও টালিউডের দর্শকের কাছে এক অন্যরকম আবেগ।