আগামী ৫ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় মেগাস্টার শাকিব খান!

ফারহান তানভীর :

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আগামী পাঁচ বছরের জন্য বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রাখছেন। তাঁর প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস এই দায়িত্বে থাকবে। গেল মৌসুমে প্রথমবার দলটির মালিক হয়ে শাকিব ব্যাপক আলোচনায় ছিলেন। যদিও তখন দলটি শিরোপা জিততে পারেনি, কিন্তু মাঠে তাঁর উপস্থিতি, দলের গ্যালারি দখল করা সমর্থক, আর শাকিবের নেতৃত্বের ভাবমূর্তি সব মিলিয়ে বিপিএলের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে ঢাকা ক্যাপিটালস। সেই মৌসুমেই শাকিব বলেছিলেন, “পরের আসরে আরও শক্তিশালী দল নিয়ে ফিরব।” কথাটা যে তিনি নিছক আবেগে বলেননি, এবারের দীর্ঘমেয়াদি মালিকানা তারই প্রমাণ।

নিজ দলের সমর্থনে জার্সি গায়ে গ্যালারিতে শাকিব খান

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবারে দল সংখ্যা কমিয়ে সাত থেকে পাঁচ করা হয়েছে। খুলনা ও বরিশাল বাদ পড়েছে, আর নতুন করে জায়গা পেয়েছে শুধুই সবচেয়ে সক্ষম ও ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যেই শাকিবের ঢাকা ক্যাপিটালস আবারও কেন্দ্রবিন্দুতে। ১৭ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে ঢাকার দলে নতুন তারকা ক্রিকেটারদের দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গেল আসরে দলটি চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু শাকিবের ভাবনা ছিল আরও বড়-তিনি চান দলটিকে শুধু মাঠের জয়ে সীমাবদ্ধ না রেখে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে।

নিজ দলের সমর্থনে জার্সি গায়ে গ্যালারিতে শাকিব খান

শাকিব খান এই প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী তারকা। সিনেমার বাইরেও এখন তিনি বাংলাদেশের স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে এক সুতোয় বাঁধতে চাইছেন। অনেক বিশ্লেষক মনে করছেন, শাকিবের এই পদক্ষেপ শুধুই ব্যবসা নয়, বরং এক ধরনের ব্র্যান্ড এক্সটেনশন-যেখানে তিনি নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করছেন দেশের ক্রিকেট সংস্কৃতিকে আরও বাণিজ্যিক ও বিনোদনমুখী করে তুলতে। তাঁর কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস ভবিষ্যতে দলকে ঘিরে মার্চেন্ডাইজ, ডিজিটাল কনটেন্ট ও বড় আকারের ইভেন্ট আয়োজনের পরিকল্পনাও নিতে পারে বলে জানা গেছে।

নিজ দলের সমর্থনে জার্সি গায়ে গ্যালারিতে শাকিব খান

বিপিএলের ইতিহাসে এবারই প্রথম কোনো চলচ্চিত্র তারকা এত দীর্ঘ সময়ের জন্য একটি দলের মালিকানা ধরে রাখছেন। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া। তাঁরা বিশ্বাস করেন, এবার শুধু মাঠে নয়, ব্যবস্থাপনাতেও ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’ তাদের নামের মর্যাদা রাখবে। সিনেমার নায়ক হিসেবে যিনি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেন, এবার সেই শাকিব খান মাঠেও প্রমাণ করতে চান-চ্যাম্পিয়ন মানে শুধু খেতাব নয়, একটা মানসিকতা, যা জয়ী হতে জানে।