ওমর সানীর রেস্টুরেন্টে ধস্তাধস্তি!মূল ঘটনা ছিল কি?

ফারহান তানভীর :

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর মালিকানাধীন মানিকগঞ্জের অরঙ্গবাদ এলাকায় অবস্থিত ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্টে সহিংসতার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে এক ক্রেতা গুরুতর আহত হয়েছেন এবং আরও কয়েকজন মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।গত শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিকুর রহমান খানের চাচা খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ছবি : ভাইব নিউজ

মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।ওমর সানীর ভাষ্য অনুযায়ী, মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. ইমরান (২৪), মো. লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬)।

ছবি : ফেসবুক থেকে

মামলার এজাহার থেকে জানা যায়, আতিকুর রহমান কয়েকজন বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে কয়েকজন নারী অতিথির সঙ্গে কর্মচারীদের দুর্ব্যবহার ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে আতিকুর রহমান ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়।হামলার সময় আতিকুর রহমান পালানোর চেষ্টা করলে ইমরান নামে এক ব্যক্তি তার পিঠে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে লিখন নামের আরেক অভিযুক্ত লাঠি দিয়ে আঘাত করলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। এছাড়া হামলার সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে আতিকুর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি : ঢাকা ট্রিবিউন

মামলার বাদী খলিলুল রহমান খান বাদল অভিযোগ করেন, রেস্টুরেন্টে একটি সন্ত্রাসী চক্রকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ করায় তার ভাতিজার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এদিকে রেস্টুরেন্টের মালিক ওমর সানী বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি জানতে পারেন, কর্মচারী লিখন এক নারী ক্রেতার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে রেস্টুরেন্টের বাইরে চলে যায়, যেখানে পরবর্তীতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে তিনি জানান।ওমর সানী আরও বলেন, ঘটনার জন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।