ফারহান তানভীর :
আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশীয় চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়েছে গুঞ্জন-তিনি নাকি ফের মা হতে যাচ্ছেন। শুধু তাই নয়, নতুন করে আলোচনায় উঠে এসেছে সন্তানের বাবার পরিচয়ও। দাবি করা হচ্ছে, সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানই নাকি এই সন্তানের বাবা।

এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়া। সেখানে সরাসরি শিরোনাম করে বলা হয়েছে-‘বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বুবলী আবারও অন্তঃসত্ত্বা’। ভারতীয় গণমাধ্যমের এমন দাবির পর স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে দেশের ভক্তদের মধ্যেও।প্রসঙ্গত, শাকিব খানের দুই সাবেক স্ত্রী-চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলী। দুজনের ঘরেই রয়েছে একটি করে সন্তান, আর দুই সন্তানের বাবা শাকিব খান নিজেই। তবে দীর্ঘদিন ধরেই এই তিনজনকে ঘিরে সম্পর্কের টানাপোড়েন, পাল্টাপাল্টি বক্তব্য আর নীরব লড়াই চলছেই। শাকিব খানের অবস্থান স্পষ্ট-দুজনই তার প্রাক্তন স্ত্রী।

সম্প্রতি বিষয়টি নতুন করে আলোচনায় আসে শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে। দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী ও পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে তিনি সেখানে লম্বা সময় কাটিয়েছেন। সেই সফরের একান্ত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বুবলী নিজেই, যা ভক্তদের আবেগ আরও উসকে দেয়।এরই মধ্যে দেশের একটি অনুষ্ঠানে অংশ নেন বুবলী। মঞ্চে নৃত্য পরিবেশন করেন, পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানের পর দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর সেখান থেকেই নেটিজেনদের একাংশ দাবি তোলে-‘বুবলী অন্তঃসত্ত্বা’।
এই অনলাইন জল্পনাকেই পুঁজি করে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো।তবে এসব খবরে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন শবনম ইয়াসমিন বুবলী। তিনি জানান,‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের গুজব রটানো হয়। এবারের খবরটিও সম্পূর্ণ ভিত্তিহীন। এটি নিছক গুজব।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘরে জন্ম নেয় পুত্র শেহজাদ খান বীর। শুরুতে সন্তানের বাবা ও স্বামীর পরিচয় গোপন রাখলেও পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে শাকিব খানকেই স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন বুবলী।বিশেষজ্ঞদের মতে, প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যে রহস্য ও বিতর্ক তৈরি হয়েছিল, সেই অতীত অভিজ্ঞতার কারণেই এবারও এমন গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়েছে। সত্য-মিথ্যা যাই হোক, বুবলী-শাকিব অধ্যায় যে এখনও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু-তা আর বলার অপেক্ষা রাখে না।