ফারহান তানভীর :
পর্দার আলোচিত জুটি থেকে বাস্তব জীবনের দম্পতি-ওমর সানী ও মৌসুমী। দীর্ঘদিন ধরেই তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা ঘুরে বেড়াচ্ছে। ওমর সানী দেশে থাকলেও মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে। এই দূরত্ব ঘিরেই কেউ কেউ প্রশ্ন তুলছেন, তাঁদের সম্পর্ক আদৌ ঠিক আছে কি না।তবে এসব গুঞ্জন নিয়ে মোটেও বিচলিত নন ওমর সানী। বরং এমন প্রশ্নে বেশ কড়া ভাষাতেই নিজের অবস্থান পরিষ্কার করছেন তিনি।

সম্প্রতি এক চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী বলেন, তাঁরা নাকি আলাদা হয়ে গেছেন-এমন কথা তিনি প্রায়ই শুনতে পান। কিন্তু এসব মন্তব্য করেন কিছু নেতিবাচক মানসিকতার মানুষ। তাঁর ভাষায়, “অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।”এর আগেও মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্টে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেতা। সেখানে তিনি জানান, অনেকেই নিজের মতো করে গল্প বানিয়ে ফেলেন। কেউ জ্যোতিষী সেজে ভবিষ্যদ্বাণী করেন, কেউ আবার ডিভোর্স লেটার দেখার দাবিও তুলেছেন। এসব নিয়ে আর মাথা ঘামাতে চান না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

এদিকে মৌসুমীর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পেছনেও রয়েছে পারিবারিক কারণ। জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রক্রিয়ায় আছেন। পাশাপাশি তাঁর মা দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকাই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন ওমর সানী। সেই সঙ্গে তাঁদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকায় পরিবারের দেখভালের দায়িত্ব মৌসুমীর ওপরই পড়েছে।পডকাস্টে এ প্রসঙ্গে ওমর সানী আরও বলেন, পরিবারের প্রয়োজনে ত্যাগ স্বীকার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৌসুমী প্রতিদিন তাঁর মায়ের জন্য যে কষ্ট করছেন, সেটার মূল্য তিনি ভালোভাবেই বোঝেন। দূরে থাকলেও নিয়মিত তাঁদের ফেসবুক গ্রুপে যোগাযোগ হয় এবং খুব শিগগিরই একে অপরের সঙ্গে দেখা হবে বলেও আশাবাদী তিনি।

প্রায় দুই বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর মধ্যে ওমর সানীরও সেখানে যাওয়ার কথা থাকলেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যেতে পারেননি। তবে নতুন করে ভিসার আবেদন করা হয়েছে।সব মিলিয়ে, গুঞ্জন যতই থাকুক-এই দম্পতির সম্পর্কে যে এখনো দৃঢ়তা আছে, সেটা ওমর সানীর বক্তব্যেই স্পষ্ট।