কে.এম. মোশাররফ হোসেন কেন হয়ে গেলেন মোশাররফ করিম?

ফারহান তানভীর :

কে.এম মোশাররফ হোসেন কেন হলেন মোশাররফ করিম?বাংলাদেশের নাট্যাঙ্গনে মোশাররফ করিম নামটি আজ এক অনন্য অবস্থান তৈরি করেছে। তবে এই পরিচিত নামটির পেছনে রয়েছে এক গভীর ব্যক্তিগত গল্প। অনেকেই জানেন না, তার আসল নাম ছিল কে.এম. মোশাররফ হোসেন।

অভিনেতা মোশাররফ করিম – ফেসবুক থেকে নেয়া

ক্যারিয়ারের শুরুর দিকে তিনি এই নামেই অভিনয় শুরু করেছিলেন এবং বিভিন্ন নাটকে এ নামেই ক্রেডিট দেওয়া হতো।পরবর্তীতে তিনি নিজের নামের সঙ্গে যুক্ত করেন ‘করিম’ নামটি। এই পরিবর্তনের পেছনে রয়েছে তার বাবার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। তার বাবার নাম ছিল খলিফা মোহাম্মদ আব্দুল করিম। বাবার নাম থেকেই ‘করিম’ অংশটি নিজের নামের সঙ্গে যুক্ত করেন তিনি। এতে করে শুধু একটি আলাদা পরিচয় তৈরি হয়নি, বরং নিজের নামের মধ্যেই বহন করতে শুরু করেন বাবার স্মৃতি ও ভালোবাসা। নিজের নামের সঙ্গে বাবার নাম যুক্ত করতে পেরে তিনি গর্ববোধ করেন বলেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।

অভিনেতা মোশাররফ করিম – ফেসবুক থেকে নেয়া

তবে পর্দার এই পরিচিত নামের বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে। তার এলাকার মানুষ, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের কাছে তিনি ‘শামীম’ নামেই পরিচিত। এমনকি একসময় যখন তিনি হক কোচিং সেন্টারে পড়াতেন, তখন তার ছাত্ররাও তাকে ‘শামীম স্যার’ বলেই ডাকত।

অভিনেতা মোশাররফ করিম – ফেসবুক থেকে নেয়া

অভিনয় জীবনে মোশাররফ করিম নিজেকে প্রমাণ করেছেন একাধিকবার। এখন পর্যন্ত তিনি ৪০০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এবং প্রতিটি কাজেই ভিন্নধর্মী চরিত্র উপস্থাপনের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো স্বাভাবিকতা ও চরিত্রে সম্পূর্ণভাবে মিশে যাওয়ার ক্ষমতা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।শুধু নাটকেই নয়, চলচ্চিত্র ও ওয়েব সিরিজেও তিনি সমানভাবে সফল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি-সব জায়গাতেই তার উপস্থিতি দর্শকদের মাঝে তৈরি করেছে আলাদা এক আগ্রহ। একেকটি চরিত্রে একেক রূপে নিজেকে তুলে ধরার এই ক্ষমতাই তাকে দেশের অন্যতম জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেতায় পরিণত করেছে।

অভিনেতা মোশাররফ করিম – ফেসবুক থেকে নেয়া

অর্থাৎ, একজন জনপ্রিয় অভিনেতার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে একেবারে সাধারণ, পরিচিত এক মানুষ-যিনি নিজের নামের মধ্যেই ধরে রাখতে চেয়েছেন তার বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। আর সেখান থেকেই কে.এম. মোশাররফ হোসেন হয়ে ওঠেন সবার প্রিয় মোশাররফ করিম।