মেহেদী হাসান :
দেওয়ালির উৎসবে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ম্যাড্ডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স। এবার তাদের নতুন সংযোজন ‘থামা’। আদিত্য সরপোতদারের পরিচালনায় ভূতের ভয় আর হাসির ঢেউয়ের মধ্যে মিশেছে মিষ্টি প্রেমের গল্প। ছবির কেন্দ্রীয় চরিত্রে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা-যাদের রসায়নই এখন সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।২১ অক্টোবর মুক্তির পর প্রথম চার দিনেই ছবিটি আয় করেছে ৬৫ কোটি রুপি। প্রথম দিনেই ২৫ কোটি রুপি আয় করে দুর্দান্ত শুরু করেছিল ‘থামা’। তবে পরের দিনগুলোতে সেই গতিতে কিছুটা ভাটা পড়ে, চতুর্থ দিনে আয় নেমে আসে ৯ দশমিক ৫৫ কোটিতে।

নির্মাণ ব্যয় ১৪৫ কোটি রুপি-এমন বাজেট ফেরত আনতে হলে এখনো বেশ লম্বা পথ পাড়ি দিতে হবে ছবিটিকে। না হলে ইউনিভার্সের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ছবি বাজেট ফেরত দিতে ব্যর্থ হতে পারে।তবে শুরুটা আশাব্যঞ্জক। আয়ুষ্মানের আগের ছবিগুলোর তুলনায় ‘থামা’ অনেকটাই এগিয়ে। প্রথম দিনেই এটি ছাড়িয়ে গেছে তাঁর ‘অ্যান অ্যাকশন হিরো’-এর মোট আয়কে। আর যদি দর্শক আগ্রহ ধরে রাখে, তবে পঞ্চম দিনের শেষে ‘ড্রিম গার্ল ২’-এর প্রথম সপ্তাহের আয় ছুঁয়ে ফেলতে পারে বলেই মনে করছেন ট্রেড বিশ্লেষকেরা।

‘থামা’কে ঘিরে দর্শকের কৌতূহল কিন্তু আকস্মিক কিছু নয়। ম্যাড্ডকের এই ইউনিভার্স শুরু হয়েছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ দিয়ে। রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুর অভিনীত সেই ছবিটি তখন যেন রাতারাতি বদলে দিয়েছিল বলিউডের কমেডি ঘরানার সংজ্ঞা। ভয়, রসিকতা আর গ্রামীণ কৌতুকের মিশেলে তৈরি ‘স্ত্রী’ দাপিয়ে বেড়িয়েছিল বক্স অফিসে-আয় করেছিল প্রায় ১৮০ কোটিরও বেশি।এরপর আসে ‘রুহি’। ছবিটি ততটা সাড়া না ফেললেও ইউনিভার্সের ধারাবাহিকতা রক্ষা করেছিল। তারপর ‘ভেড়িয়া’ এনে দিল নতুন মাত্রা-বরুণ ধাওয়ানের রূপান্তর, নর্থ-ইস্টের পটভূমি, আর ব্যতিক্রমী ভিএফএক্স তখন দর্শককে চমকে দিয়েছিল। তারপর গত বছর মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’ যেন ইউনিভার্সের উত্তেজনাকে আবারও তুঙ্গে তোলে। সেই ছবির সাফল্যের পর থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল পরের অধ্যায়ের জন্য আর সেই প্রতীক্ষার ফলই এখন ‘থামা’।

তবে এই মুহূর্তে ছবিটির ভাগ্য পুরোপুরি নির্ভর করছে মুখের প্রচারের উপর। গল্পে হাস্যরস থাকলেও ভয় পাওয়ার জায়গাগুলো তেমন গভীর হয়নি বলে মত সমালোচকদের। আইএমডিবি-তে রেটিং ৬.৫-খারাপ নয়, আবার খুব ভালোও নয়। দর্শকের একাংশ বলছেন, রাশমিকা-আয়ুষ্মানের মিষ্টি সম্পর্কটিই ছবির আসল টান, আবার কেউ কেউ মনে করছেন, আগের ছবিগুলোর মতো সেই “স্ত্রী-ধাঁচের ম্যাজিক” এবার কিছুটা ম্লান।

তবুও একটা ব্যাপার পরিষ্কার-‘থামা’ ব্যর্থ হোক বা সফল, ম্যাড্ডকের হরর-কমেডি ইউনিভার্স এখন বলিউডের সবচেয়ে আলাদা ঘরানাগুলোর একটি। ভয় দেখিয়েও হাসানোর এই খেলায় দর্শক এখনো মজা পাচ্ছে। আর আয়ুষ্মানের মতো অভিনেতা যখন এই দলে, তখন শেষ পর্যন্ত ছবিটি ঘুরে দাঁড়াবে কি না-সেটাই এখন বলিউডপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।