ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে ফজলুর রহমান বাবুর! যাচ্ছেন এক বছরের কর্মবিরতিতে…

ফারহান তানভীর:

বাংলাদেশের অভিনয় জগতের পরিচিত ও শক্তিশালী এক নাম ফজলুর রহমান বাবু। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র, নাটক ও সংগীত-তিন অঙ্গনেই নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই গুণী শিল্পী। বাস্তবধর্মী অভিনয়, সহজাত সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের গভীরে ঢুকে কাজ করার ক্ষমতার জন্য তিনি বরাবরই আলাদা সম্মান পেয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করেই তার ভক্তদের জন্য এসেছে উদ্বেগজনক একটি খবর।

অভিনেতা ফজলুর রহমান বাবু – আইএমডিবি

সম্প্রতি তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের কড়া নির্দেশনা অনুযায়ী তাকে অন্তত এক বছর সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ের মধ্যে কোনো ধরনের শুটিং, ভ্রমণ কিংবা শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আগামী সময়টাতে তাকে নতুন কোনো নাটক বা সিনেমার শুটিং সেটে দেখা যাবে না। বিষয়টি সামনে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আবেগ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে যাকে নিয়মিত পর্দায় দেখা গেছে-হঠাৎ করে সেই পরিচিত মুখটি এক বছরের জন্য হারিয়ে যেতে যাচ্ছে আলো-ঝলমলে এই অঙ্গন থেকে।

জানা গেছে, কিছুদিন ধরেই হৃদযন্ত্রজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন এবং সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে চিকিৎসকদের মতে, এই ধরনের অস্ত্রোপচারের পর শরীরকে পুরোপুরি সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। বিশেষ করে মানসিক চাপ, দীর্ঘ সময় কাজ করা এবং শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই অন্তত এক বছরের জন্য তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিনেতা ফজলুর রহমান বাবু – আইএমডিবি

বাংলাদেশের বিনোদন অঙ্গনে ফজলুর রহমান বাবু এমন একজন শিল্পী, যিনি শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন গায়ক হিসেবেও দর্শক-শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন। তার কণ্ঠে গাওয়া বেশ কয়েকটি গান আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে – বাশরি,আমার যমুনার জল,ইন্দুবালা এবং নিথুয়া পাথারে সহ অনেক। তার গলায় এক ধরনের সহজাত আবেগ রয়েছে, যা গানগুলোকে আরও গভীর করে তোলে। ফলে অভিনয়ের পাশাপাশি সংগীতেও তিনি নিজের আলাদা একটি জায়গা তৈরি করতে পেরেছেন।সাম্প্রতিক সময়ের কাজের দিকে তাকালে দেখা যায় সেদিক থেকেও পিছিয়ে নেই তিনি। গত ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে তিনটিতেই দেখা গিয়েছিল তাকে। তান্ডব,ইনসাফ কিংবা নীলচক্র,তিনটিতেই তিনি ছিলেন অনবদ্য চরিত্রের ভূমিকায়।

অভিনেতা ফজলুর রহমান বাবু – আইএমডিবি

এই দীর্ঘ বিরতির মাঝেও অবশ্য একটি আশার জায়গা রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা রায়হান রাফই পরিচালিত “প্রেশার কুকার” সিনেমায় দেখা যাবে ফজলুর রহমান বাবুকে। এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ এখানে তাকে তার পরিচিত বা স্বভাবগত চরিত্রের বাইরে এক ভিন্ন ধরনের ভূমিকায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ যে ধরনের চরিত্রে দর্শকরা তাকে প্রায়ই দেখেছেন, তার বাইরে গিয়ে আরও তীব্র ও ভিন্ন এক উপস্থিতিতে হাজির হবেন তিনি।

অভিনেতা ফজলুর রহমান বাবু – আইএমডিবি

তবুও নিষ্ঠুর বাস্তবতা হলো, এই সিনেমার পর অন্তত এক বছরের জন্য তাকে আর নতুন কোনো কাজে দেখা যাবে না। সামনে আসা কিংবা তার পরবর্তী সময়ের কোনো প্রকল্পেই তিনি অংশ নিতে পারবেন না। চিকিৎসকদের নির্দেশ মেনে তাকে পুরো সময়টুকু বিশ্রামেই থাকতে হবে।এই কারণেই অনেক দর্শক মনে করছেন, ‘প্রেশার কুকার’ হয়তো আগামী এক বছরের জন্য তার ভক্তদের মনে বিশেষভাবে জায়গা করে নেবে। কারণ একজন শক্তিশালী অভিনেতাকে যখন দীর্ঘ সময় পর্দায় দেখা যাবে না, তখন তার শেষ দেখা কাজটিই দর্শকদের মনে দীর্ঘদিন ধরে থেকে যায়।

সবমিলিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সুস্থ হয়ে ওঠা। অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থেকে নিজের শরীরের যত্ন নেওয়াটাই এই মুহূর্তে তার প্রধান দায়িত্ব। ভক্তদের প্রত্যাশা, এই বিরতির পর তিনি আবারও সুস্থ শরীরে অভিনয়ের জগতে ফিরে আসবেন। তবে ততদিন পর্যন্ত হয়তো দর্শকদের মনে তাকে মনে করিয়ে দেবে তার অভিনয়, তার কণ্ঠে গাওয়া গান-আর আসন্ন ঈদের সেই কাজ,প্রেশার কুকার।