নিষিদ্ধের গুঞ্জনে অবশেষে মুখ খুললেন রাশ্মিকা..

ফারহান তানভীর :

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধের গুঞ্জন নতুন কিছু নয়। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি ঘুরে ফিরে আসে। কেউ বলেন, রাশমিকা নাকি কন্নড় ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, আবার কেউ বলেন, তাঁকে নাকি সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু আসল সত্যিটা কী? এবার সে ব্যাপারেই মুখ খুললেন এই তারকা অভিনেত্রী।

রাশ্মিকা মান্দানা। ছবি – আইএমডিবি

রাশমিকা মান্দানার অভিনয় জীবন শুরু হয়েছিল কন্নড় চলচ্চিত্র দিয়েই। ২০১৬ সালে ঋষভ শেঠির পরিচালনায় মুক্তি পাওয়া ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে তিনি প্রথম বড় পর্দায় পা রাখেন। ছবিটি ছিল কন্নড় ইন্ডাস্ট্রির বিশাল হিট, আর সেই ছবিই তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর ধীরে ধীরে তিনি তেলেগু ও তামিল ইন্ডাস্ট্রিতেও নিজের অবস্থান তৈরি করেন, একের পর এক হিট ছবি উপহার দেন দর্শকদের। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা: দ্য রাইজ’-প্রতিটি সিনেমাই তাঁকে জনপ্রিয়তার আরও উচ্চতায় পৌঁছে দিয়েছে।

রাশ্মিকা মান্দানা। ছবি – ইন্ডিয়া টুডে

বর্তমানে রাশমিকা দক্ষিণের পাশাপাশি বলিউডেও নিয়মিত কাজ করছেন।তবে দীর্ঘদিন ধরে তাঁকে কন্নড় ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। সেই অনুপস্থিতিই নানা জল্পনা তৈরি করেছে। বিশেষ করে ঋষভ শেঠির পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কান্তারা: চ্যাপটার ১’-এর সময় রাশমিকার নীরবতা আরও প্রশ্নের জন্ম দেয়। অনেকে বলেছিলেন, ‘কিরিক পার্টি’ ছবির সাফল্যের পরেও রাশমিকা নিজের মাতৃভাষার ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ হারিয়েছেন। কেউ কেউ আবার দাবি করেন, কন্নড় ইন্ডাস্ট্রির প্রযোজক ও নির্মাতারা তাঁকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছেন।এই সব গুঞ্জনের প্রতিক্রিয়ায় সম্প্রতি ‘গুড নিউজ কন্নড়’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি হাসতে হাসতেই বলেন, “এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেনি।” অভিনেত্রীর কথায়, “আমি কন্নড় ইন্ডাস্ট্রির অংশ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। কখনো কখনো ভুল বোঝাবুঝি থেকেই এমন কথা ছড়িয়ে পড়ে।”

রাশ্মিকার আগত মুভি ‘থামা’-র পোস্টার

কান্তারা: চ্যাপটার ১’ নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেন, “ছবিটা মুক্তির প্রথম দুই-তিন দিনে আমি দেখিনি। পরে দেখেছি, এবং ছবির টিমকে মেসেজও পাঠিয়েছিলাম। ওরাও ধন্যবাদ জানিয়েছে।” তিনি আরও বলেন, “মানুষ যা ভাবেন বা বলেন, তার ওপর নির্ভর করে জীবন যাপন করা সম্ভব নয়। অনেক সময় সমালোচনার পেছনে অসম্পূর্ণ তথ্য থাকে। আমি জানি আমি কী করছি, আর সেটা নিয়েই আমি সুখী।”বর্তমানে রাশমিকা ব্যস্ত বলিউডের একাধিক প্রজেক্ট নিয়ে। সামনে মুক্তি পেতে যাচ্ছে আদিত্য সারপোতদার পরিচালিত ‘থামা’ সিনেমা, যেখানে তাঁর সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা। পাশাপাশি তিনি ‘পুষ্পা: দ্য র‍্যাম্পেজ’ সিনেমাতেও অভিনয় করছেন, যেখানে আল্লু অর্জুনের বিপরীতে তাঁর চরিত্র ‘শ্রীভল্লি’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

রাশ্মিকা মান্দানা। ছবি – রোটেন টম্যাটোজ

ব্যক্তিজীবন নিয়েও রাশমিকা এখন আলোচনায়। দীর্ঘদিন ধরে তাঁর এবং বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, দুজন সম্প্রতি বাগ্‌দান সেরেছেন এবং আগামী ফেব্রুয়ারিতেই বিয়ে করবেন। যদিও এই বিষয়ে কেউই এখনো মুখ খোলেননি।রাশমিকা বলেন, “আমি চাই মানুষ আমাকে আমার কাজের জন্য মনে রাখুক, গুঞ্জনের জন্য নয়। আমি ভালো সিনেমা করতে চাই, মানুষকে আনন্দ দিতে চাই।” তাঁর এই বক্তব্য যেন স্পষ্ট ইঙ্গিত দেয়-গুঞ্জনের তোয়াক্কা না করে তিনি নিজের পথে চলতে চান।সব মিলিয়ে দেখা যাচ্ছে, ‘নিষিদ্ধ’ শব্দটি রাশমিকাকে ঘিরে যতই ভেসে বেড়াক, বাস্তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এখন তিনি ভারতের অন্যতম ব্যস্ত ও চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন। নিজের প্রতিভা, পরিশ্রম আর ইতিবাচক মনোভাব দিয়েই তিনি বারবার প্রমাণ করছেন-রাশমিকা মান্দানা কোনো বিতর্কে নয়, বরং কাজের মধ্য দিয়েই নিজের জায়গা তৈরি করে নিতে জানেন।