ফারহান তানভীর :
বলিউডের “গ্রিক গড” খ্যাত অভিনেতা হৃতিক রোশান ফের আলোচনায়। সম্প্রতি মুম্বাইয়ে এক জমজমাট উৎসবে হাজির হয়েছিলেন তিনি। হাতে ছিল পরিচিত সেই আত্মবিশ্বাস, মুখে মৃদু হাসি, আর গলায় ঝুলছিল এক পেনডেন্ট-যার ডিজাইন যেন হুবহু কৃষের মুখোশের মতো! মুহূর্তেই শুরু হয় গুঞ্জন-এ কি তবে ‘কৃষ ৪’-এর প্রথম ইঙ্গিত?

হৃতিক রোশানের নাম শুনলেই ভেসে ওঠে অ্যাকশন, স্টাইল আর নিখুঁত পারফরম্যান্সের প্রতীক। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কৃষ’ শুধু ভারতীয় সুপারহিরো ধারার মানচিত্রই বদলে দেয়নি, এটি বলিউডে সাই-ফাই ঘরানার সম্ভাবনাকেও উন্মুক্ত করেছিল। এরপর ২০১৩ সালে ‘কৃষ ৩’ দিয়ে হৃতিক রোশান নিজেকে প্রমাণ করেন এমন একজন অভিনেতা হিসেবে, যিনি ভিএফএক্স, ইমোশন ও হিরোইজমকে একসঙ্গে মিশিয়ে দিতে পারেন। সেই চরিত্রেই এবার যেন ফিরছেন তিনি!গলায় পেনডেন্ট ঝুলিয়ে যেন নীরবে জানিয়ে দিলেন, কৃষ এখনো বেঁচে আছে!
উৎসবের আয়োজক ছিলেন প্রযোজক রমেশ তুরানি। তার দেওয়া দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের অর্ধেক তারকাই। সবার মাঝেও হৃতিকের উপস্থিতি ছিল আলাদা। কালো পোশাকে তিনি যখন ক্যামেরার সামনে দাঁড়ান, তাঁর গলায় চকচক করা সেই পেনডেন্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই ছবিটা জুম করে দেখতে থাকেন-এটা কি সত্যিই কৃষের মাস্ক নয়? নেটিজেনদের কেউ লিখেছেন, “কৃষ আবার আসছে” আবার কেউ বলেছেন, “হৃতিক এই মাত্র এই বছরের সবচেয়ে বড় টিজার প্রকাশ করলেন।” ঘটনাটি ভাইরাল হতেই বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয়।রিপাব্লিক ওয়ার্ল্ড,ইটাইমস, এমনকি কয়েকটি আন্তর্জাতিক ফ্যান পেজেও বিষয়টি আলোচনায় আসে। সবাই একবাক্যে বলছে-হৃতিকের এই পেনডেন্ট হয়তো কোনো ফ্যাশন অ্যাকসেসরি নয়, বরং এক সূক্ষ্ম মার্কেটিং মুভ। কারণ, এর আগেও বলিউডে বড় বড় প্রজেক্টের টিজার শুরু হয়েছে এমন ইঙ্গিতের মাধ্যমেই-যেমন ‘পাঠান’ ও ‘টাইগার ৩’-এর ক্ষেত্রে দেখা গেছে।

তবে হৃতিক বা তাঁর বাবা, পরিচালক রাকেশ রোশান-দু’জনের কেউই এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। রাকেশ রোশান শুধু জানিয়েছেন, “কৃষ ৪ আমাদের পরিকল্পনায় আছে, আমরা প্রি-প্রোডাকশনে কাজ করছি। এটি বড় বাজেটের প্রকল্প, সময় লাগবে ঠিকঠাকভাবে তৈরি করতে।” তাঁর এই বক্তব্যে ফ্যানদের আশায় আরও আগুন লেগেছে।তবে অনেকেই বলছেন, হৃতিকের পেনডেন্টটিকে ‘প্রমোশন’ হিসেবে ধরে নেওয়া হয়তো একটু তাড়াহুড়ো হয়ে যাবে। হতে পারে, এটি শুধুই নস্টালজিয়ার বহিঃপ্রকাশ-নিজের সবচেয়ে প্রিয় চরিত্রের প্রতি এক আত্মিক ভালোবাসা। কারণ, হৃতিক একাধিকবার বলেছেন, কৃষ তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন চরিত্র, যা তাঁকে শুধু জনপ্রিয়তাই দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস ও পরিচয়।

তবুও প্রশ্ন থেকেই যায়-এই মুহূর্তে যখন ওয়ার টু এবং ফাইটার-এর পর বলিউডে হৃতিকের আবারও অ্যাকশন ঘরানায় ফেরা নিয়ে উত্তেজনা তুঙ্গে, তখন এমন পেনডেন্ট পরার তাৎপর্য কি নিছক কাকতালীয়? নাকি সত্যিই ‘কৃষ ৪’-এর চাকা গোপনে ঘুরতে শুরু করেছে?সিনেমা বিশ্লেষকদের মতে, বলিউডের এই সময়টায় সুপারহিরো ঘরানা নতুন করে জনপ্রিয় হচ্ছে।ব্রাক্ষ্মাস্ত্র সিরিজ কিংবা হনুমান-সবই দেখিয়েছে দর্শক এখন দেশীয় সুপারহিরোর জন্য প্রস্তুত। এই প্রেক্ষাপটে হৃতিকের ‘কৃষ’-এর পুনরাবির্ভাব কেবল নস্টালজিক আনন্দই দেবে না, বরং ব্যবসায়িকভাবে বলিউডকে আবারও বিশ্বমঞ্চে দাঁড় করাতে পারে।

তাই পেনডেন্ট হোক বা প্রমোশন, একটাই বিষয় এখন নিশ্চিত-হৃতিক রোশান জানেন কীভাবে নিজের উপস্থিতিকে গল্পে রূপ দিতে হয়। একটিমাত্র অ্যাকসেসরিই যেন এখন কোটি ভক্তের মনে জাগিয়েছে পুরনো উত্তেজনা। তারা আবারও অপেক্ষায়-কখন পর্দায় দেখা যাবে সেই কালো মাস্কের নায়ক!