২৬০ কোটি বার দেখা হয়েছে নাটকটি! কি এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে”এটা আমাদেরই গল্প?”

মেহেদী হাসান :

একসময় টিভি পর্দার ধারাবাহিক নাটক ছিল বাংলাদেশের পারিবারিক বিনোদনের প্রধান অনুষঙ্গ। সন্ধ্যা হলেই পরিবার একসঙ্গে বসে নাটক দেখতেন দর্শকেরা। তবে সময়ের সঙ্গে সেই অভ্যাসে ভাটা পড়ে। বিদেশি সিরিয়াল, ওয়েব কনটেন্ট আর ওটিটি প্ল্যাটফর্মের দাপটে দেশের ধারাবাহিক নাটক হারাতে থাকে দর্শকপ্রিয়তা। কিন্তু সেই চিত্র বদলাতে শুরু করেছে আবার। তারই সবচেয়ে উজ্জ্বল উদাহরণ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’।

খায়রুল বাসার,ইরফান সাজ্জাদ,কেয়া পায়েল ও সুনেরাহ – গুড্ডি নিউজ

সম্প্রতি নাটকটি নিয়ে এক বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন নির্মাতা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে এখন পর্যন্ত ধারাবাহিক নাটকটি দেখা হয়েছে প্রায় ২৬০ কোটি বার। বাংলাদেশের কোনো ধারাবাহিক নাটকের ক্ষেত্রে এত বিপুল সংখ্যক ভিউ আগে কখনো দেখা যায়নি। ফলে এটি শুধু একটি জনপ্রিয় নাটক নয়, বরং দেশের টেলিভিশন নাটকের ইতিহাসে একটি বিরল রেকর্ড হিসেবেই বিবেচিত হচ্ছে।নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘এটা আমাদেরই গল্প’-এর প্রতিটি পর্বই ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। ধারাবাহিক নাটকের ক্ষেত্রে এমন ধারাবাহিক সাফল্য দেশের বিনোদন অঙ্গনে একেবারেই নতুন ঘটনা। সাধারণত যেকোনো ধারাবাহিক নাটকের কয়েকটি পর্ব আলোচনায় আসে কিন্তু এই নাটকের প্রায় প্রতিটি পর্বই দর্শকের বিপুল সাড়া পেয়েছে, যা প্রমাণ করে কনটেন্টের গভীরতা ও দর্শকের আবেগী সংযোগ।

নাটকের অংশে সুনেরাহ ও পায়েল – ইউটিউব

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই নাটকটি বর্তমানে নিয়মিত সম্প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়টায় টিভি পর্দায় এবং পরদিন দুপুরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নতুন পর্ব। টিভি সম্প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে এত বড় সাফল্য দেখাচ্ছে যে, এটি স্পষ্ট করে দিচ্ছে-বাংলাদেশি ধারাবাহিক নাটক এখন আবার পরিবারকেন্দ্রিক দর্শকের কাছে ফিরে আসছে।‘এটা আমাদেরই গল্প’-এর গল্প আবর্তিত হয়েছে পারিবারিক বন্ধন, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধকে ঘিরে। এটিই নাটকটির সবচেয়ে বড় শক্তি। গল্প ও চরিত্রগুলোর মধ্যে দর্শকেরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন। ফলে নাটকটি কেবল বিনোদন নয়, বরং দৈনন্দিন জীবনের অনুভূতির সঙ্গে এক ধরনের আত্মিক যোগাযোগ তৈরি করেছে।

নাটকের অংশে খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদ – ইউটিউব

নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ প্রমুখ। নির্মাতা মোস্তফা কামাল রাজ নিজেই এই ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেছেন। তাঁর মতে, সমাজের মূল শক্তি হলো পরিবার, আর পরিবারকে কেন্দ্র করে বলা গল্প সব সময়ই দর্শকের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সেই বিশ্বাস থেকেই সিরিজটির ট্যাগলাইন রাখা হয়েছে- ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।

খায়রুল বাসার ও কেয়া পায়েল – ফেসবুক

এছাড়া ধারাবাহিকটির জন্য তৈরি করা হয়েছে তিনটি ভিন্ন স্বাদের গান, যা গল্পের আবেগকে আরও গভীর করেছে। টাইটেল গান থেকে শুরু করে অন্যান্য গান-সবকিছু মিলিয়ে নাটকটির উপস্থাপনা পেয়েছে আলাদা মাত্রা।২৬০ কোটির এই ভিউ শুধু একটি সংখ্যামাত্র নয়। এটি প্রমাণ করে, সঠিক গল্প, শক্তিশালী চরিত্র আর পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দিলে বাংলাদেশি ধারাবাহিক নাটক এখনও দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে। ‘এটা আমাদেরই গল্প’ সেই বিশ্বাসকেই নতুন করে প্রতিষ্ঠা করল।