রুপালি ডেস্ক: ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’ ১৯ সেপ্টেম্বর নিজের বিয়ের খবর জানিয়ে এমন মন্তব্য করেন অভিনেত্রী শবনম ফারিয়া।
তিনি জানিয়েছেন, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

স্বামীর সাথে শবনম ফারিয়া
শবনম ফারিয়া জানান, একেবারেই হঠাৎ সিদ্ধান্তে সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে বাদাম ও খেজুর খাইয়েছেন।
কি করেন ফারিয়ার স্বামী? তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। বাড়ী রাজশাহী। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে শবনম ফারিয়ার স্বামী বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
শবনম ফারিয়া জানান, বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তাঁর একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, তিনি দেশের বাইরে আছেন। ফারিয়া বলেন, ‘ ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে–পরবর্তী একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’
শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর অভিনয়জগতে পা রাখেন। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে দারুন দর্শকপ্রিয়তা পান। ‘দেবী’ সিনেমা দিয়ে শবনম ফারিয়ার অভিষেক হয় বড় পর্দায়ও। সিনেমাটি পরিচালনা করেন অনম বিশ্বাস।
উল্লেখ্য, ২০১৮ সালে ভালোবেসে শবনম ফারিয়া বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। কিন্তু সেই বিয়ে টেকসই হয়নি। সেই বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হন ফারিয়া ও অপু। এবার পরিবারের সিদ্ধান্তে বিয়ে করলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি সক্রিয় থাকা শবনম ফারিয়া অনেকটাই স্পষ্টভাষী। যেটা ভালো মনে করেন সেটা বলতে দ্বিধা করেন না!