রুপালি ডেস্ক:
উপমহাদেশের সুপারস্টার গায়িকা অলকা ইয়াগনিক। গানে গানে মুগ্ধতার রেশ ছড়িয়ে দিয়েছেন দেশে দেশে। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের প্রচুর আগ্রহ থাকে। কান পাতলেই ছোটখাটো বিষয়ের জেরে বলিউডে ডিভোর্স হয়ে যাওয়াটা এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইগোর লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সেই জায়গায় অলকা ইয়াগনিক ব্যতিক্রম। স্বামী নিরজ কাপুরের সঙ্গে দিনের পর দিন আলাদা থাকার পরেও অলকার সংসার ভাঙেনি। বরং তারা ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তবে অলকা ইয়াগনিকের জীবনেও যে ঝড় উঠেনি তা বলা যাচ্ছে না। স্বামীর সঙ্গে দুরত্বের জেরে ডিভোর্সের কথা চিন্তা করেছিলেন। এক সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক নিজেই জানিয়েছেন, একটা পর্যায়ে স্বামী নীরজের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। ফলে অন্য মানুষের প্রতি দূর্বল হতে শুরু করেছিলেন তিনি। কিন্তু, ‘লাইন ক্রস’ করার আগেই নিজেকে সামলে নিয়েছিলেন অলকা।

কার প্রতি অলকা দুর্বল ছিলেন, সাক্ষাৎকারে সেই কথা জানাননি তিনি। অনেকেই মনে করেন, উদিত নারায়ণ এবং অলকার মধ্যে এক ধরণের সম্পর্ক তৈরি হয়েছিল। এই জুটির কেমিষ্ট্রি ছিল এককথায় দুর্দান্ত। উদিত নারায়ন এবং অলকা একসঙ্গে অগণিত গান গেয়েছেন। দুজনের বন্ধুত্বের শুরু আশির দশক থেকে।
এত রটনার মাঝেও অলকা ইয়াগনিক এবং নীরজ কাপুরের ভালোবাসা কমেনি। বরং তাঁদের বন্ডিং দিনদিন মজবুত হয়েছে। অলকা এবং নীরজ বিয়ে করেছিলেন ১৯৮৯ সালে । বিয়ের পর থেকেই আলাদা থাকেন অলকা-নিরজ। নীরজ শিলংয়ে থাকেন। আর অলকা মুম্বাইয়ে। কাজের জন্য নীরজ মুম্বাইয়ে শিফট করতে পারেননি। স্ত্রীকেও কখনও কাজ ছাড়তে বলেননি। ছুটির দিনে হয় অলকা শিলংয়ে যান। নয়তো নীরজ আসেন মুম্বাইয়ে। এভাবেই চলছে দুজনের সংসার।

মূলত হিন্দি মেলোডি গানের জন্য পরিচিতি হলেও অনেক জনপ্রিয় বাংলা গানও গেয়েছেন অলকা। অনেককেই জানেন না, অলকার জন্ম কলকাতায়। ১৯৬৬ সালের ২০ মার্চ কলকাতার এক গুজরাটি পরিবারে জন্ম অলকার।
মাত্র ছয় বছর বয়সে কলকাতায় আকাশবাণী রেডিওতে গান করেন অলকা। ১০ বছর বয়সে চলে যান মুম্বাই। ইচ্ছে ছিল গানের ক্যারিয়ার গড়ার। তবে অলকাকে পরামর্শ দেওয়া হয়, কণ্ঠ আরও একটু পরিণত হলে চেষ্টা করতে।
১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন অলকা। তবে তিনি ব্যাপক পরিচিতি পান আরও পরে, ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে। এরপর তো একে একে গত তিন দশকের বেশি সময়ে অসংখ্য শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক এবং এখনো গেয়ে যাচ্ছেন।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১ হাজারের বেশি সিনেমায় গান গেয়েছেন অলকা ইয়াগনিক। ২৫টি আলাদা আলাদা ভাষায় তাঁর মোট গানের সংখ্যা ২১ হাজারের বেশি। বিবিসির করা সেরা ৪০ হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই আছে ২০টি। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইউটিউব মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটস লিস্টের শীর্ষ গায়িকা হন অলকা।
২০২২ সালে ইউটিউবে ১৫.৩ বিলিয়ন ভিউ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন অলকা ইয়াগনিক। ইদানীং আর আগের মতো প্লেব্যাকে পাওয়া যায় না অলকা ইয়াগনিককে। এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অলকা বলেছিলেন, ‘বর্তমান পরিস্থিতি আমি একদমই পছন্দ করি না, এখানে বেশির ভাগ গানেই সুর এবং প্রাণ নেই। এখনকার গানে অনেক শোরগোল, শোনার মতো খুব কম গানই আমি খুঁজে পাই। এ ছাড়া আমি রিমিক্স গান পছন্দ করি না। আমার সঙ্গে এসব গান যায় না, আমি তো সবকিছু গাইতে পারি না। তাই এই ব্যাপারে আমি খুঁতখুঁতে।’