স্টারডম একটা বোঝা – হৃতিক রোশন

ফারহান তানভীর :

হৃতিক রোশন-বলিউডের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে কঠোর পরিশ্রমী, এবং সবচেয়ে “পারফেকশন”-ভিত্তিক সুপারস্টারদের একজন। দর্শকদের চোখে তিনি যেন জন্মগতভাবেই নির্মিত এক আদর্শ নায়ক-চেহারা, অ্যাকশন, নাচ, শৃঙ্খলা, সব মিলিয়ে এমন একটা অবস্থান যেখানে ভুল করার সুযোগ নেই। কিন্তু এই মানুষটিই সম্প্রতি এক কথায় ভেঙে দিয়েছেন সেই ঝকমকে মুখোশের ভেতরের সত্য। তিনি বলেছেন, “আমি অভিনেতা হিসেবে পাখির মতো উড়তে পারতাম, ইচ্ছেমতো এক্সপেরিমেন্ট করতে পারতাম, নিজেকে ভাঙতে আর গড়তে পারতাম; যদি আমার ঘাড়ে স্টারডম ক্যারি করার বোঝাটা না থাকতো।”

এই স্বীকারোক্তি শুধু একটা বাক্য না-এটা একজন শিল্পীর গভীরতম যন্ত্রণার দরজা খুলে দেয়। কারণ হৃতিক জানেন, আজ মানুষ তাকে যে চোখে দেখে, সেই চোখই তার স্বাধীনতা কেড়ে নিয়েছে। তার অভিনয়ের জগতটা যেন দুই ভাগে বিভক্ত-একদিকে রয়েছে ভেতরের শিল্পী, আর অন্যদিকে বাইরের মানুষের তৈরি ব্র্যান্ড।তার দর্শকরা দেখতে চায় একডাম সাজানো-গোছানো এক নায়ক-যার শরীর নিখুঁত, যার নাচ অতুলনীয়, যে সবসময় সফল, সবসময় শক্তিশালী। কিন্তু শিল্পী হিসেবে হৃতিকের মনের ভিতরে আছে এক চিরচেনা তাড়না-নিজেকে ভাঙা, বারবার নতুন করে তৈরি হওয়া, অচেনা পথে হাঁটা। তিনি চান চরিত্রে অগোছালো হতে, ভুল করতে, অপ্রস্তুত হতে। কিন্তু স্টারডম তাকে তা হতে দেয় না। কারণ তার চারপাশে তৈরি হয়ে গেছে এমন এক দেয়াল, যেখান থেকে বের হওয়া মানেই ঝুঁকি।

হৃতিক খুব ভালোভাবে জানেন-একটা ব্যর্থতা, একটা পরীক্ষামূলক চরিত্র, একটা নতুন চেষ্টা-মুহূর্তেই বদলে দিতে পারে মানুষের চোখের দৃষ্টি। এই ভয়টা সেই ভয় যা সাধারণ অভিনেতাদের থাকে না। যারা এখনও উঠছে, তারা নিজেকে ভাঙতে পারে। কিন্তু হৃতিকের মতো কেউ? তার একটা ভুল যেন পুরো ইন্ডাস্ট্রির হতাশা হয়ে যায়।“স্টারডম”-শব্দটা যতটা উজ্জ্বল, বাস্তবে ততটাই ভারী। হৃতিক সেই ভারের কথা বলেছে খুব সোজা ভাবে। পাখির মতো উড়তে পারা মানে ভুল করার স্বাধীনতা, ব্যর্থ হওয়ার স্বাধীনতা, ঝুঁকি নেওয়ার স্বাধীনতা। কিন্তু সুপারস্টাররা এই স্বাধীনতা পায় না। তারা পায় শুধু পরিপূর্ণতার চাপ, সফল থাকার চাপ, মানুষের প্রত্যাশা টেনে নিয়ে চলার এক অবিরাম বোঝা।

তবে এর মাঝেও হৃতিক প্রমাণ করেছে-তার ভেতরের শিল্পী এখনও বেঁচে আছে। গুজারিশ,সুপার থার্টি,কৃষ-এসব চরিত্র সেই স্বাধীন শিল্পীর ক্ষুদ্র মুক্তির মুহূর্ত। তবুও তাকে সবসময় ফিরতে হয়েছে সেই পুরনো ইমেজে-কারণ বাজার, দর্শক, ইন্ডাস্ট্রি তাকে সেটা করতেই বাধ্য করেছে।

হৃতিকের এই কথায় উঠে এসেছে এক নির্মম সত্য-স্টারডম যত বড় হয়, শিল্পীর স্বাধীনতা তত ছোট হয়ে যায়।তার ভেতরের মানুষটা চায় উড়তে, কিন্তু চারপাশের বাস্তবতা তাকে টেনে নামিয়ে রাখে।তার এই স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত নয়-এটা এক সুপারস্টারের নীরব আর্তনাদ।আর হয়তো এই কথাটাই আমাদের শেখায়-ঝলমলে আলোর পিছনে যে অন্ধকার থাকে, সেটাই সবচেয়ে গভীর।