ভক্তদের অশ্রুতে ভেসে গেল জুবিন গার্গের শেষ যাত্রা!

ফারহান তানভীর :

আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার পর তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি। মাত্র ৫২ বছর বয়সে জীবনাবসান হলো এই বহুলপ্রিয় শিল্পীর।

জুবিন গার্গ- দ্যা টাইমস অফ ইন্ডিয়া

২০ সেপ্টেম্বর মধ্যরাতে সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে ২১ সেপ্টেম্বর সকালে তাঁর মরদেহ পৌঁছায় গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে। স্ত্রী গরিমা গার্গ, আসাম সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মরদেহ গ্রহণ করেন। এরপর ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যাওয়া হয়। সামনে ছিল জুবিনের প্রিয় খোলা জিপ গাড়ি, যা দিয়ে তিনি প্রায়ই কনসার্টে যেতেন।

জুবিনের প্রতি ভক্তদের শ্রদ্ধাঞ্জলি – ইকোনোমিক্স টাইম

ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল-“জয় জুবিনদা।” অশ্রুসিক্ত চোখে অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন, “এত তাড়াতাড়ি কেন চলে গেলে?”গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া কমপ্লেক্সে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে তাঁর মরদেহ। এর আগে মরদেহ নিয়ে যাওয়া হয় কাহিলিপাড়ার বাড়িতে, যেখানে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। ৮৫ বছর বয়সী বাবার কান্না ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে।

জুবিন গার্গ-দ্যা টাইমস অফ ইন্ডিয়া

শিল্পীর শেষকৃত্যের স্থান নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নির্ধারণ করা হবে। আসামজুড়ে লাখো মানুষ তাঁদের প্রিয় শিল্পীর শেষ যাত্রায় শামিল হয়েছেন।সংগীতের মাধ্যমে আসামের গর্ব হয়ে ওঠা জুবিন গার্গ চলে গেলেন হঠাৎই, রেখে গেলেন অগণিত ভক্ত আর স্মৃতিমাখা গান।

Leave a Comment