ফারহান তানভীর :
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান-সব মিলিয়ে তার জীবন যেন রূপালি পর্দার বাইরেও এক চলমান নাটক। সেই নাটকের নতুন অধ্যায় যুক্ত হয়েছে শবনম ইয়াসমিন বুবলীর দ্বিতীয়বারের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা দিয়ে। বিষয়টি নিয়ে সরাসরি কেউ নিশ্চিত না করলেও, একাধিক ঘনিষ্ঠ সূত্র দাবি করছে-চলতি বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন এই অভিনেত্রী আর অনাগত সন্তানের বাবা হিসেবে উঠে আসছে শাকিব খানের নাম।

বুবলী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা – বর্তমানে এমন তথ্য বিভিন্ন সূত্রে ঘুরছে। এদিকে হাতে থাকা নির্মাণাধীন সিনেমার কাজ শেষ করার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হলো, শাকিব খান নাকি শর্তসাপেক্ষেই বুবলীর দ্বিতীয়বার মাতৃত্বে সম্মতি দিয়েছেন। শর্ত ছিল-হাতে থাকা কাজ শেষ করে চলচ্চিত্র ছেড়ে সংসার ও সন্তান নিয়ে স্থায়ীভাবে মন দেওয়া। ঘনিষ্ঠ সূত্র বলছে, বুবলী সেই শর্তে রাজি হয়েছেন এবং অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন।

তবে এতোসব গুঞ্জনের সবচেয়ে বড় বিষয় হলো-নীরবতা। শাকিব খান এবং বুবলী কেউই বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। বুবলী এক সাক্ষাৎকারে বলেছেন, এই বিষয়টি খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। তিনি চান, এ ধরনের বিষয়ে শান্ত পরিবেশে এবং সম্মানের সঙ্গে কথা বলতে। একই সঙ্গে তিনি উলটে প্রশ্ন তুলেছেন, শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ কেন?কিন্তু ঢালিউডের বাস্তবতায় ব্যক্তিগত জীবনই তো পাবলিক ব্র্যান্ডিংয়ের অংশ হয়ে ওঠে আর যখন বিষয়টি দেশের সবচেয়ে বড় তারকাকে ঘিরে ওঠে তখন তো তা নিয়ে আগ্রহ থাকে তুঙ্গে।

অপু বিশ্বাস ও শবনম বুবলী-দুজনেই শাকিব খানের সাবেক স্ত্রী, দুজনেরই সন্তানের বাবা শাকিব। অথচ শাকিব একাধিকবার স্পষ্ট করেছেন, বর্তমানে তিনি কারও সঙ্গে দাম্পত্য সম্পর্কে নেই এবং ভবিষ্যতেও তাদের কারও সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নেই। তিনি দুজনকেই ‘অতীত’ বলে উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবে দেখা গেছে, অপু ও বুবলীর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। সন্তান নিয়ে সময় কাটানো, বিদেশ সফর, পারিবারিক উপস্থিতি-সব মিলিয়ে সম্পর্কের একটি জটিল বাস্তবতা সামনে আসে, যা আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে পুরোপুরি মেলে না।

বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর যদি সত্য হয়, তবে শাকিব খানই যে তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন-এমন গুঞ্জনই ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে। অনুষ্ঠানে বুবলীর বেবিবাম্প দৃশ্যমান হওয়া, শুটিং থেকে বিরতি, যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি-সব মিলিয়ে সেই গুঞ্জন আরও শক্ত হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যায়-শাকিব কি সত্যিই এই সন্তানের বাবা? নাকি এটি মিডিয়ার তৈরি আরেকটি ন্যারেটিভ, যেখানে সত্য ও গুজব একে অন্যের সঙ্গে মিশে যায়?

তবে শাকিবিয়ানদের আরেকটি কৌতুহল হলো – শেষমেশ শাকিব থাকবেন কার সঙ্গে? অপু বিশ্বাস ও বুবলী-দুজনেই এখন তার জীবনের অতীত বলে দাবি করা হলেও, বাস্তবে সম্পর্কের সম্পূর্ণ বিচ্ছেদ হয়নি। শাকিব নিজেই বলেছেন, ভবিষ্যতে তাদের কারও সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নেই। তাহলে কি তিনি আদৌ কোনো স্থায়ী সংসারে থাকবেন? নাকি তার জীবনে পরিবার, সন্তান এবং সম্পর্ক সবই আলাদা আলাদা অধ্যায়, যেগুলো কখনো একসঙ্গে মিলে যাবেনা। এই গল্পের শেষ এখনও লেখা হয়নি আর ঢালিউড কিং-এর জীবনের পরবর্তী অধ্যায় কী হবে, তা জানতে অপেক্ষায় পুরো দেশ।