বহু প্রতীক্ষার পর আজ রিলিজ পেল যশ অভিনীত “TOXIC” সিনেমার ট্রেলার! কেমন বিষ ছড়ালো দর্শক মহলে?

ফারহান তানভীর :

রকিং স্টার যশ নিজের জন্মদিনেই দর্শকদের জন্য ছুড়ে দিলেন একেবারে বিস্ফোরক সারপ্রাইজ। আজ মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’-এর ট্রেলার, আর রিলিজের পর থেকেই নেটদুনিয়ায় তোলপাড়। দুই মিনিট বায়ান্ন সেকেন্ডের এই ট্রেলার যেন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে-যশ আর নিরাপদ গণ্ডিতে নেই, তিনি এবার ঢুকে পড়েছেন ভয়ংকর, বোল্ড আর পরিণত এক জগতে।

TOXIC এর ট্রেলার থেকে নেয়া স্ক্রিনশটের কোলাজ – ফেসবুক

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিনেমাটি সরাসরি পরিচালনা করেছেন গীতু মোহানদাস। অথচ টিজার দেখেই সাধারণ দর্শকের বড় একটি অংশের মনে হয়েছে-এটা বুঝি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত কোনো ছবি। কারণ ট্রেলারের ভিজ্যুয়াল স্টাইল, অ্যাটিটিউড, ক্যাওস আর কাঁচা আবেগ এতটাই ভাঙ্গা-ঘরানার যে তুলনা না করে থাকা মুশকিল। বিষয়টা এতদূর গড়ায় যে স্বয়ং ভাঙ্গাও টুইট করে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন-“TOXIC teaser just knocked me out. Style. Attitude. Chaos. Happy Birthday Yash.”এই একটি পোস্টই ট্রেলার ঘিরে আগুনে ঘি ঢেলে দেয়।

TOXIC এর ট্রেলার থেকে নেয়া স্ক্রিনশটের কোলাজ – ফেসবুক

ট্রেলার শুরুই হয় অস্বস্তিকর নীরবতায়। একটি অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য, ধোঁয়া আর ছায়ায় ঢাকা পরিবেশ-তারপর মুহূর্তের মধ্যেই সবকিছু রূপ নেয় বিস্ফোরণ আর সহিংসতায়। ঠিক তখনই আবির্ভাব ঘটে যশ-এর চরিত্র ‘Raya’-এর। চোখে-মুখে নির্লিপ্ত ঠাণ্ডা ভাব, হাতে অস্ত্র, ঠোঁটে সিগারেট-চারপাশে মৃত্যু হলেও সে অচল পাথরের মতো স্থির। এই উপস্থিতিই বুঝিয়ে দেয়, ‘Raya’ কোনো প্রচলিত নায়ক নয়; সে ভয়, ক্ষমতা আর নৈতিকতার ধূসর জগতে দাঁড়িয়ে থাকা এক চরিত্র।ট্রেলারের ভিজ্যুয়াল টোন স্পষ্টতই ডার্ক ও আন্তর্জাতিক মানের। স্টাইলাইজড অ্যাকশন, স্লো-মোশন শট, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোর-সব মিলিয়ে একটা হলিউড-অনুপ্রাণিত ক্রাইম-ড্রামার আবহ তৈরি করে। অনেকেই বলছেন, এটা যশ-এর ‘KGF’ পরবর্তী সবচেয়ে সাহসী রূপান্তর।

TOXIC এর ট্রেলার থেকে নেয়া স্ক্রিনশটের কোলাজ – ফেসবুক

ট্রেলারের একটি বোল্ড ও ম্যাচিউর দৃশ্য আলাদা করে আলোচনায় এসেছে। দৃশ্যটি সরাসরি কিছু দেখায় না, কিন্তু ইঙ্গিতপূর্ণ উপস্থাপনায় স্পষ্ট-এটি প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য নির্মিত সিনেমা। এই অংশ ঘিরেই নেটিজেনদের রসিকতা, “নিজের জন্মদিনে ইয়াশ নাকি তার স্ত্রী রাধিকা পণ্ডিতকে এমন গিফট দিয়েছেন, যা তিনি কোনোদিন ভুলবেন না!”-এমনকি কেউ কেউ মজা করে বলছেন, এই দৃশ্য দেখে নাকি আজ ইয়াশের বাড়িতে ‘যুদ্ধ’ শুরু হয়ে যাবে। যদিও এসবই দর্শকের কৌতুক, কিন্তু এতে বোঝা যায় ট্রেলার কতটা প্রভাব ফেলেছে।

TOXIC এর ট্রেলার থেকে নেয়া স্ক্রিনশটের কোলাজ – ফেসবুক

‘Toxic’ যে শুধু যশ-নির্ভর সিনেমা,তা কিন্তু নয়। এতে রয়েছেন একাধিক স্টার কাস্টিং। কিয়ারা আদভানি, হুমা কুরেশী, তারা শুতারিয়া, নয়নতারা, রুক্মিনী ভাসান্ত সহ একটি শক্তিশালী প্যান-ইন্ডিয়া কাস্ট, যা ছবির স্কেল ও প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

TOXIC এর অফিশিয়াল পোস্টার – ইউটিউব

সবচেয়ে বড় যুদ্ধটা অবশ্য অপেক্ষা করছে মুক্তির সময়। ঘোষণা অনুযায়ী, ‘Toxic’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬, ঠিক ঈদের সময়। আর তখনই সিনেমাটি সরাসরি ক্ল্যাশে জড়াবে বহুল জনপ্রিয় সিক্যুয়াল ‘Dhurandhar 2’-এর সঙ্গে। যেহেতু ‘Dhurandhar’-এর প্রথম পর্ব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তার ক্রেজ দর্শকমহলে এখনো চলমান, তাই স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে-ঈদের ছুটিতে দুই সিনেমার লড়াই হবে রীতিমতো জমজমাট।

অনেক দর্শক ভাবছেন সিক্যুয়ালের দাপটে শুরুতে হয়তো Dhurandhar 2 কিছুটা সুবিধা পাবে, কিন্তু ‘Toxic’-এর টিজার দেখে আবার অনেকেই মনে করছেন-শেষ অব্দি লড়াইটা একপেশে নাও হতে পারে। বরং এই দ্বন্দ্ব রূপ নিতে পারে বছরের সবচেয়ে আলোচিত বক্স অফিস যুদ্ধে।এখন দর্শক মনে প্রশ্ন একটাই-TOXIC বনাম DHURANDHAR যুদ্ধে জিতবে কে? Toxic এর বিষে কি দিশেহারা হবে Dhurandhar এর সিক্যুয়াল?