ফারহান তানভীর :
সারা দেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার দৃশ্য। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রে হাজির হন চলচ্চিত্র তারকা, নির্মাতা, সংগীতশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্বরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি শেয়ার করে ভক্তদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

নগর বাউল জেমসও এবারের নির্বাচনে ভোট দিয়েছেন। রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ঢাকা-১৭ আসনের এই কেন্দ্র থেকে ভোট দেওয়ার পর জনপ্রিয় এই সংগীতশিল্পী গণতান্ত্রিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন।চলচ্চিত্র পরিচালক আশফাক নিপুণ ভোট দিতে ঢাকা থেকে চট্টগ্রামে ভ্রমণ করেন। ভোট দেওয়ার পর একটি ভিডিও বার্তায় তিনি সচেতন নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানান। তরুণদের প্রথম ভোট প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাংলাদেশের পক্ষে তরুণদের প্রথম ভোট হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ক্যাপশনে তিনি উল্লেখ করেন, সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে পৌঁছে লাইনে দাঁড়িয়ে আটটা দশ মিনিটে ভোট দিতে পেরেছেন।

ঢাকা-১৫ আসনের ভোটার হিসেবে অভিনেতা নিরব হোসেন রাজধানীর সেন্ট লরেন্স স্কুল কেন্দ্রে দুপুর একটার দিকে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্ট তিনি। জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা স্বামীসহ সকালে রাজধানীর একটি কেন্দ্রে ভোট দেন এবং পরে সামাজিক মাধ্যমে ভোট দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন।অভিনেত্রী তমা মির্জা ঢাকা-১১ আসনের বাড্ডা মহানগর কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি লেখেন, ভোট দেওয়া নাগরিক অধিকার এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

অভিনেত্রী সামিরা খান মাহি যশোরের আলী হোসেন গার্লস হাই স্কুল কেন্দ্রে জীবনের প্রথম ভোট দেন। ভোট দিতে যাওয়ার আগে একটি ভিডিও বার্তায় তিনি জানান, প্রথমবার ভোট দিতে যাচ্ছেন বলে তিনি খুবই উচ্ছ্বসিত।সংগীতশিল্পী পরাশা মাহজাবিন বগুড়া জেলা স্কুল কেন্দ্রে ভোট দেন। তিনি জানান, দীর্ঘ যানজট পেরিয়ে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে ভোট দিয়েছেন। অভিনেত্রী কেয়া পায়েলও ভোট দিয়ে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।
এদিকে দেশের বাইরে শুটিংয়ের কাজে অবস্থান করায় কয়েকজন জনপ্রিয় তারকা ভোট দিতে পারেননি। শাকিব খান, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিন ভোটের সময় বিদেশে থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে।

ভোটের পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অনন্ত জলিলও। তিনি বলেন, আগে ভোটকেন্দ্রে গেলে বিভিন্ন প্রার্থীর লোকজন ভোট চাইতে আসত, পোলিং অফিসারের কাছাকাছি বিভিন্ন দলের লোকদের অবস্থান দেখা যেত। কিন্তু এবার কেন্দ্রের পরিবেশ একেবারেই ভিন্ন ছিল। তাঁর ভাষায়, এবারের ভোটকেন্দ্রের পরিবেশ খুব সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ ছিল এবং তিনি স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পেরেছেন।

তারকাদের ভোটদান কেবল ব্যক্তিগত নাগরিক দায়িত্ব পালন নয়, বরং এটি সামাজিক বার্তারও বহিঃপ্রকাশ। জনপ্রিয় তারকাদের ভোট কেন্দ্রে উপস্থিতি তরুণ ভোটারদের অংশগ্রহণে অনুপ্রেরণা জোগায় এবং গণতান্ত্রিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামাজিক মাধ্যমে তাদের ভোট দেওয়ার ছবি ও বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা সাধারণ নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করে।গণতন্ত্রের এই প্রক্রিয়ায় শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি প্রতীকী গুরুত্ব বহন করে। ভোটের দিনে তারকাদের উপস্থিতি, বক্তব্য এবং অভিজ্ঞতা কেবল বিনোদন অঙ্গনের খবর নয়, বরং নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার এক প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।