ফারহান তানভীর :
ভারতীয় সিনেমা বলতেই যেন এখন দক্ষিণী সিনেমা।প্রভাস,বিজয়,আল্লু অর্জুন,মহেশ বাবুসহ দক্ষিণের প্রায় সবাই সিনেমাপ্রেমীদের মনে এমন জায়গা করে নিয়েছে যেন তাদের সিনেমা মুক্তি পাওয়া মানেই এক উৎসব। সেই দক্ষিণ সিনেমার জগতেই আবারও বড়সড় আলোড়ন তুলতে যাচ্ছেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন এবং ব্লকবাস্টার নির্মাতা অ্যাটলি কুমার।

দীর্ঘদিন ধরে বেনামি থাকা তাদের সেই বহুল প্রতীক্ষিত সিনেমার নাম অবশেষে নির্ধারণ করা হয়েছে ‘RAAKA’। গত ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমেই জানানো হয়েছে সিনেমাটির নাম। পোস্টারে আল্লু অর্জুনের যে ভঙ্গি দেখা গেছে, তা তার অন্যান্য সিনেমাগুলো থেকে একেবারেই আলাদা।সিনেমাটির সবচেয়ে বড় চমক, সেখানে আল্লু অর্জুনকে মূল ভিলেন চরিত্রে দেখা যেতে পারে। এতদিন যিনি হিরো হিসেবেই দর্শকদের হৃদয় জয় করেছেন, সেই তিনিই এবার ভিলেন হিসেবে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন-সেটাই সবার কৌতূহল। প্রথম পোস্টার রিলিজের পরেই জানানো হয়েছে তার হিরো লুকটাও খুব দ্রুত প্রকাশ করা হবে।

অন্যদিকে, সিনিয়র অভিনেত্রী রাম্যা কৃষ্ণণ RAAKA তে যুক্ত হওয়ায় সিনেমাটির উপর দর্শকদের আকর্ষন আরো বেড়েছে। বাহুবলিতে অভিনয়ের পর থেকেই যেকোনো সিনেমায় তার উপস্থিতি মানেই যেন গল্পের গুরুত্ব বেড়ে যাওয়া।এছাড়াও, RAAKA সিনেমার প্রথম থিম সং “Make the Way for The King” ইতিমধ্যেই রিলিজ পেয়েছে, যার মিউজিক দিয়েছেন সাই অভ্যাঙ্কর। তিনি নিজেই জানিয়েছেন, এত বড় মাপের একটি সিনেমার জন্য কাজ করা তার কাছে স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতা এবং পুরো টিমের প্রতি তার কৃতজ্ঞতার কথাও তিনি জানিয়েছেন।

পরিচালক অ্যাটলিকে নিয়েও হচ্ছে বেশ আলোচনা। তার ক্যারিয়ারের মাত্র ৬ নম্বর সিনেমা হতে যাচ্ছে এটি। এর মাঝে একটিও ফ্লপ হয়নি,সর্বশেষ শাহরুখ খানকে নিয়ে বানিয়েছিলেন জওয়ান।সেই জওয়ানও হয়েছিল ইন্ডাস্ট্রি হিট। এসব মিলিয়ে এতদিন তিনি মূলত কমার্শিয়াল ‘মাস এন্টারটেইনার’ বানানোর জন্য পরিচিত ছিলেন, যেখানে গল্পের চেয়ে বড় ছিল স্টাইল, আবেগ এবং ভিজ্যুয়াল স্কেল। কিন্তু ‘RAAKA’-তে তিনি নিজের আরামদায়ক অবস্থান থেকে বেরিয়ে এসে কিছু পরিক্ষামূলক করার চেষ্টা করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে, সিনেমাটিতে হলিউডের টেকনিশিয়ানদের যুক্ত করার বিষয়টি এই সিনেমার স্কেল এবং ভিজ্যুয়াল কোয়ালিটি কতটা বড় হতে যাচ্ছে, তার ইঙ্গিত অবশ্য ইতিমধ্যে দিয়েই দিয়েছে।
সিনেমাটির নাম নিয়েও রয়েছে নাকি আলাদা এক রহস্য। গুঞ্জন অনুযায়ী -‘RAAKA’ নামটি আসলে চারজন মানুষের নামের সংমিশ্রণ।যেখানে R মানে রামালিঙ্গাইয়া গারু, যিনি আল্লু অর্জুনের দাদা; AA মানে আল্লু অর্জুন নিজে; K মানে কালানিধি মারান, যিনি এই সিনেমার প্রযোজক এবং A মানে সিনেমাটির পরিচালক অ্যাটলি। যদিও এটি অফিসিয়ালি নিশ্চিত নয়, তবে এই ধরনের গুঞ্জন সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

পোস্টার রিলিজের পর বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেও তার এক্স(টুইটার) একাউন্টে লিখেছেন, “পোস্টারটা যেমন রহস্যময় এবং দুর্দান্ত, তেমনই তুমি(অর্জুন) নিজেও। তোমরা দুজন মিলে কী তৈরি করেছ, সেটা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। অ্যাটলির ভাষায় বললে-এটা হবে একেবারে ‘ম্যাস ম্যাস ম্যাস’ অভিজ্ঞতা! Raaka দারুণ উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে, তোমাদের জন্য অনেক শুভকামনা।” শাহরুখের এই মন্তব্য শুধু ভক্তদেরই নয়, পুরো ইন্ডাস্ট্রির দৃষ্টিই যেন এই সিনেমার দিকে টেনে এনেছে।এখন দেখার বিষয় এতো এতো আশা কতটা মেটাতে পারে RAAKA!